আবার আসিব ফিরে
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের ‘আবার আসিব ফিরে’ কবিতা থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
এই পদ্মা, এই মেঘনা,
এই যমুনা, সুরমা নদী তটে
আমার রাখাল মন গান গেয়ে যায়।
এ আমার দেশ এ আমার প্রেম,
কত আনন্দ বেদনা মিলন বিরহ সংকটে।
এই মধুমতী ধানসিঁড়ি নদীর তীরে
নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে।
ক. শিমুলের ডালে কী ডাকছে? ১
খ. ‘রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে দেখিবে ধবল বক’ চরণটি বুঝিয়ে দাও। ২
গ. উদ্দীপকের বর্ণনা যেন ‘আবার আসিব ফিরে’ কবিতার জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলারই চিত্র—ব্যাখ্যা করো। ৩
ঘ. ‘এ আমার দেশ এ আমার প্রেম’—এ প্রেমই কবি জীবনানন্দকে আবার বাংলায় ফিরে আসতে অনুপ্রাণিত করেছে। মন্তব্যটির যথার্থতা লেখো। ৪
উত্তর-ক. শিমুলের ডালে লক্ষ্মীপেঁচা ডাকছে।
উত্তর-খ. ‘রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে দেখিবে ধবল বক’ চরণটিতে কবির দেশের বুকে ফিরে আসার আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছে।
ধবল বক দিন শেষে গোধূলিবেলায় রাঙা মেঘ সাঁতরায়ে নীড়ে ফিরে আসে। কবিও সেভাবে দেশের বুকে ফিরে আসতে চান। মৃত্যুর পরেও তিনি প্রকৃতির মধ্যেই ফিরে আসার ইচ্ছা পোষণ করেন। বক হয়ে তিনিও যেন রাঙা মেঘ সাঁতরায়ে নীড়ে ফিরে আসবেন।
উত্তর-গ. উদ্দীপকে নদীমাতৃক বাংলাদেশের বর্ণনায় ‘আবার আফিস ফিরে’ কবিতার জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার চিত্র অত্যন্ত নিখুঁতভাবে উপস্থাপিত হয়েছে।
উদ্দীপকে বাংলার একটি চমত্কার ছবি ফুটে উঠেছে। যেখানে পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, মধুমতী, ধানসিঁড়ি নদীর উল্লেখ করা হয়েছে। নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করে কবির রাখালমন গান গেয়ে ওঠে। ‘আবার আসিব ফিরে’ কবিতায়ও বাংলার নদী-মাঠ-খেত ভালোবেসে কবি মৃত্যুর পরে আবার এই বাংলায় ফিরে আসতে চেয়েছেন। কবি ধানসিঁড়ি নদীর তীরে, কিশোর হয়ে রূপসার ঘোলা জলে ডিঙা বাইতেও চেয়েছেন। কবি জলাঙ্গীর ঢেউয়ে ভেজা, অর্থাত্ নদীমাতৃক এই বাংলার সবুজ ডাঙায় ফিরে আসতে চেয়েছেন। উদ্দীপকের বর্ণনায়ও যেন জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার রূপটিই ফুটে উঠেছে।
উত্তর-ঘ. উদ্দীপকে দেশের প্রতি গভীর মমত্ববোধ ফুটিয়ে তোলা হয়েছে। এই প্রেমের জন্য অর্থাত্ দেশের প্রকৃতি, মানুষ, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির প্রতি গভীর মমত্ববোধের কারণেই কবি জীবনানন্দ দাশ আবার বাংলায় ফিরে আসতে চেয়েছেন।
উদ্দীপকের কবি বাংলার পদ্মা, মেঘনা, যমুনা, সুরমার তীরে কবির রাখালমন গান গেয়ে দেশপ্রেমের কথা প্রকাশ করেছে। আনন্দ-বেদনা, মিলন-বিরহের সংকটেও কবি দেশের প্রতি ভালোবাসা অনুভব করেন। ‘আবার আসিব ফিরে’ কবিতার জীবনানন্দ দাশও এ দেশকে গভীরভাবে ভালোবাসেন।
‘আবার আসিব ফিরে’ কবিতায় কবি জীবনানন্দ দাশ দেশকে গভীরভাবে ভালোবেসে এ দেশের বুকে ফিরে আসতে চেয়েছেন। উদ্দীপকে বাংলাদেশের নদীর তীরে মন হারিয়ে কবি বুঝতে পেরেছেন, এ দেশই তাঁর প্রেম। মৃত্যুর পরেও যেন দেশের সঙ্গে মমতার বন্ধন অটুট থাকে, এ জন্য কবি আবার জন্মগ্রহণ করতে চেয়েছেন। যদি মানুষ হয়ে না ফিরতে পারেন প্রকৃতির যেকোনো তুচ্ছ উপাদানের মধ্যেই নিজের অস্তিত্ব খুঁজে পেতে চেয়েছেন। মৃত্যুর পরও তিনি এই দেশে ফিরে আসতে চেয়েছেন, যা উদ্দীপকে যে দেশপ্রেমের কথা বলা হয়েছে তারই প্রতিফলন।
স্বদেশপ্রেম প্রত্যেক মানুষের কাছেই একটি মহত্ গুণ। স্বদেশের প্রেমের মাধ্যমে একজন মানুষের মুল বৈশিষ্ট্য ফুটে ওঠে। ‘আবার আসিব ফিরে’ কবিতায় কবি বাংলার নদী, মাঠ, খেত ভালোবেসে, শঙ্খচিল শালিকের বেশে, ভোরের কাক হয়ে ফিরে আসতে চান। দেশের প্রকৃতির সঙ্গে মিশে যেতে চান। তিনি এই বাংলায় যে সুখ পেয়েছেন, তা আর কোথাও পাবেন না। দেশের প্রতি এই গভীর প্রেমই কবি জীবনানন্দ দাশকে আবার বাংলায় ফিরে আসতে অনুপ্রাণিত করেছে। উদ্দীপকেও এই দেশপ্রেম নিবিড়ভাবে ফুটে উঠেছে। তাই বলা যায়, উদ্দীপক ও ‘আবার আসিব ফিরে’ কবিতার মূল আদর্শই এই দেশের প্রকৃতিকে ভালোবাসার মধ্য দিয়ে দেশের প্রতি গভীর অনুরাগ বা দেশপ্রেম ফুটিয়ে তোলা।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা