বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাছে লোকে কিছু বলে
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের ‘পাছে লোকে কিছু বলে’ কবিতা থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।

গ্রামের ছেলে মেহেদী গ্রামের বাজারে অনলাইন সেবা প্রদানের জন্য একটি কম্পিউটারের দোকান দিয়েছে। সেবা পেতে দোকানে মানুষের ভিড় বাড়তে থাকে। ইউনিয়ন পরিষদের মেম্বার দবির এ অবস্থা দেখে বলল, মেহেদীর কি রাজনৈতিক খায়েশ আছে? এ কথা শুনে মেহেদী পিছু হটে যায়।
প্রশ্ন:

ক. কামিনী রায়কে কোন স্বর্ণপদকে ভূষিত করা হয়? ১
খ. একটি স্নেহের কথা প্রশমিতে পারে ব্যথা— বলতে কী বোঝানো হয়েছে? ২
গ. মেহেদীর উদ্যেগ বাধা পাওয়ার কারণ ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার আলোকে ব্যখ্যা করো। ৩
ঘ. মেহেদীর মানসিক দৃঢ়তা থাকলেই সে সফল হতো—‘পাছে লোকে কিছু বলে’ কবিতার আলোকে মূল্যায়ন করো। ৪
উত্তর: ক.

কামিনী রায়কে ‘জগত্তারিণী স্বর্ণপদকে’ ভূষিত করা হয়।
উত্তর: খ.

স্নেহের কথা দিয়ে ব্যথা প্রশমিত করা যায়। কেউ চরম দুঃখে থাকলে কিংবা কোনো অসুবিধায় পড়লে তাকে স্নেহ-মায়া দিয়ে সান্ত্বনা দেওয়া যায়। এতে তার দুঃখ-যন্ত্রণা প্রশমিত হয়। তাই কবি বলেছেন, একটি স্নেহের কথা, প্রশমিতে পারে ব্যথা।
উত্তর: গ.

উদ্দীপকের মেহেদীর উদ্যোগ বাধাগ্রস্ত হয় সমালোচনার কারণে। মেহেদী গ্রামের ছেলে। সে মানুষের কল্যাণের উদ্দেশ্যে গ্রামের বাজারে অনলাইন সেবা প্রদানের জন্য একটি কম্পিউটারের দোকান দিয়েছে। দোকানে সেবা পেতে ধীরে ধীরে মানুষের ভিড় বাড়তে থাকে। এ অবস্থা দেখে ইউনিয়ন পরিষদের মেম্বার দবির বলল, ‘মেহেদীর কি রাজনৈতিক খায়েশ আছে?’ দবির মেম্বারের এ ধরনের সমালোচনা কারণে মেহেদী তার কাজ থেকে পিছু হটে যায়। ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় কবি কামিনী রায় বলেছেন, আমরা বিভিন্ন সময় ভালো কাজের উদ্যোগ নিই, কিন্তু মানুষের সমালোচনার সম্মুখীন হলেই তা বন্ধ করে দিই।
‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় কবি কামিনী রায় কাজ করার ক্ষেত্রে আমাদের দ্বিধাগ্রস্ত মনোভাব, সংশয়, লোকলজ্জা, অন্যের সমালোচনা প্রভৃতির কথা তুলে ধরেছেন। আমরা কোনো কাজ করতে গেলেই মনের মধ্যে সংশয় জাগে। আর এই সংশয়ের ফলে আমাদের মনের ইচ্ছা টলতে থাকে; এক জায়গায় স্থির থাকে না। কোনো সমালোচনার মুখে পড়লেই আমরা মহত্ উদ্দেশ্য সাধনের কাজ থেকে পিছিয়ে পড়ি। কাজ করার শক্তি থাকলেও ভয়ের কবলে সেই শক্তি দমে যায়। উদ্দীপকের মেহেদীর ক্ষেত্রেও ঠিক এমনটিই লক্ষ করা যায়, যা আমরা ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় কবির ভাষায় সুন্দরভাবে ফুটে উঠতে দেখি।
উত্তর: ঘ.

উদ্দীপকের মেহেদী সংশয় ও জড়তার জন্য তার উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারেনি। মানসিক দৃঢ়তা থাকলেই সে সফল হতো—কথাটি বাস্তব সত্য।
উদ্দীপকের মেহেদী গ্রামের মানুষের কল্যাণের জন্যে গ্রামের বাজারে অনলাইন সেবা প্রদানের জন্য একটি কম্পিউটারের দোকান চালু করে। দোকানে সেবা পেতে মানুষের ভিড় বাড়তে থাকে। এ অবস্থা দেখে ইউনিয়ন পরিষদের মেম্বার দবির মেহেদীর সমালোচনা করতে লাগল। এতে মেহেদী তার কাজ থেকে পিছু হটে যায়। মেহেদীর মানসিক দৃঢ়তা থাকলে সে এ কাজ ছাড়ত না, বরং সফল হতো। কিন্তু তার মাঝে দৃঢ় মানসিকতা না থাকার ফলেই সে ব্যর্থ হয়েছে। ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় কবি বলেছেন, যেকোনো মহত্ কাজে সাফল্য অর্জন করতে হলে অবশ্যই মানসিক দৃঢ়তা থাকতে হবে। তা না হলে সামান্য সমালোচনার মুখে পড়লেই সে ব্যর্থতায় পর্যবসিত হতে বাধ্য। কবিতায় আমরা দেখি, লোকলজ্জার ভয়ে অনেকেই মহত্ কাজ করার ক্ষমতা থাকা সত্ত্বেও তা করার প্রতি এগিয়ে যেতে চায় না। এ ক্ষেত্রে দৃঢ় মানসিকতা থাকলে কাজটি করা যায় এবং সাফল্য আসে। সমাজে কিছু লোক আছে, যারা অন্য কেই ভালো কোনো কাজ করতে এগিয়ে এলে তাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। নানাভাবে ওই মহত্ কাজকে থামাতে উঠেপড়ে লাগে। আর এই হীনম্মন্য লোকদের সমালোচনার কারণে কিছু উদ্যোক্তা আছে যারা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। কিন্তু এসব সমালোচনাকে উপেক্ষা করে দৃঢ় মনোবল নিয়ে সামনে অগ্রসর হলে সাফল্য ছিনিয়ে আনা অবশ্যম্ভাবী হয়ে পড়ে। কবি কামিনী রায়ের মতে, মহত্ কাজে সফল হতে হলে নিঃসংকোচ চিত্তে জীবনপথে নিজেকে পরিচালিত করতে হবে। কবিতার এই চেতনার বিকাশ ঘটলে মেহেদীর মাঝে দৃঢ় মনোবল সৃষ্টি হতো তাহলেই সে সফল হতো।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা