বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাগো তবে অরণ্য কন্যারা
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতা থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।

# নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও:
দাও ফিরে সে অরণ্য, লও এ নগর,
লও যত লৌহ লোষ্ট্র কাষ্ঠ ও প্রস্তর
হে নবসভ্যতা! হে নিষ্ঠুর সর্বগ্রাসী,
দাও সেই তপোবন পুণ্যচ্ছায়ারাশি,
গ্লানিহীন দিনগুলি, সেই সন্ধ্যাস্নান,
সেই গোচারণ, সেই শান্ত সামগান,

প্রশ্ন:
ক. মাটি কার পানে চায়? ১
খ. ‘ক্ষুধার্ত ভয়ার্ত দৃষ্টি’ বলতে কবি কী বুঝিয়েছেন? ২
গ. উদ্দীপকের প্রথম চরণে কবি সুফিয়া কামালের চাওয়ার প্রতিফলন ঘটেছে কতটুকু? ব্যাখ্যা করো। ৩
ঘ. নিষ্ঠুর সর্বগ্রাসী নব সভ্যতাই যেন মানুষের জীবনকে ঠেলে দিচ্ছে হুমকির মুখে উদ্দীপকের বিষয়টি ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতার আলোকে বিশ্লেষণ করো। ৪

উত্তর: ক.
মাটি অরণ্যের পানে চায়।

উত্তর: খ.
‘ক্ষুধার্ত ভয়ার্ত দৃষ্টি’ বলতে মানুষের ভীত-সন্ত্রস্ত অবস্থাকে বোঝানো হয়েছে।
মানুষ নিজের প্রয়োজনে গাছ কেটে বন উজাড় করেছে। এতে প্রকৃতিতে ফুল-ফসলের সম্ভার কমে যাচ্ছে। মানুষের অস্তিত্ব আজ হুমকির মুখে। বিলীন হওয়ার আশঙ্কায় মানুষ ভীত। মানুষের এই ভীত-সন্ত্রস্ত অবস্থা বোঝাতেই কবি কথাটি বলেছেন ‘ক্ষুধার্ত ভয়ার্ত দৃষ্টি’।

উত্তর: গ.
উদ্দীপকের প্রথম চরণে কবি সুফিয়া কামালের চাওয়ার সম্পূর্ণ প্রতিফলন ঘটেছে।
উদ্দীপকে অরণ্যকে ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। নগরসভ্যতায় মানুষ ক্লান্ত হয়ে ফিরে পেতে চাচ্ছে অরণ্যকে। ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতায় কবি চেয়েছেন সবুজে, ফুলে, ফসলে এ পৃথিবী ভরে উঠুক। ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতায় কবি বৃৃক্ষের এই গুরুত্বের কথা তুলে ধরেছেন।
‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতায় দেখা যায় বর্তমান পৃথিবীতে নগরায়ণের ফলে বৃৃক্ষহীন পৃথিবী কেমন ভারসাম্যহীন হয়ে পড়ছে। ইট-কাঠ-পাথরের নাগরিক সভ্যতায় বৃক্ষের ঠাঁই নেই। বৃক্ষহীন প্রকৃতি তার ভারসাম্য যেমন করে হারায়, তেমনি মানুষের অস্তিত্বকে করে বিপন্ন। বিপন্ন প্রকৃতি ও মানুষকে রক্ষা করতে হলে আমাদের ফিরে যেতে হবে অরণ্যময় পরিবেশে। উদ্দীপকে কবিও এই ইট-কাঠের নগর বাদ দিয়ে কবি সুফিয়া কামালের চাওয়ার প্রতিফলন ঘটিয়েছেন।

উত্তর: ঘ.
নবসভ্যতা গড়তে গিয়ে মানুষ নির্বিচারে বৃক্ষ নিধন করে চলছে। ফলে মানুষের জীবন আজ হুমকির সম্মুখীন।
উদ্দীপকে নগরসভ্যতায় হাঁপিয়ে উঠে আবার অরণ্যের কাছে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছে। মানুষ তার চারপাশের প্রকৃতি নষ্ট করে যে নগরসভ্যতার সূচনা করেছে আজ তাই মানুষের অস্তিত্বের সংকট সৃষ্টি করেছে। প্রকৃতি ও মানুষের রয়েছে নিবিড় সম্পর্ক। প্রকৃতির ওপর নির্ভর করেই মানুষ জীবনধারণ করে। সেই প্রকৃতিকে নষ্ট করছে মানুষ নতুন সভ্যতার হাতছানিতে। ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতাতেও একই সুর প্রাধান্য পেয়েছে।
‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতায় ফুটে উঠেছে, সবুজে ভরা এ পৃথিবী হয়ে যাচ্ছে বিবর্ণ। ফুলের ফসল নেই। মানুষের খাদ্যঘাটতি দেখা দিয়েছে। কারও মনে আনন্দ নেই, কারও কণ্ঠে গান নেই। বিলীন হওয়ার আশঙ্কায় মানুষ ভীত-সন্ত্রস্ত। বিপন্ন প্রকৃতি ও মানুষের জন্য পৃথিবীও যেন প্রাণ হারাচ্ছে। ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতায় কবি অরণ্য-কন্যাদের জাগরণ প্রত্যাশা করেছেন পৃথিবীর প্রাণ বাঁচাতে। অরণ্য-কন্যারা সবুজে, ফুলে, ফসলে ভরিয়ে দেবে এ পৃথিবী। বিপন্নতার হাত থেকে রক্ষা পাবে মানুষের অস্তিত্ব। গাছপালা মানুষের পরম বন্ধু। কিন্তু মানুষ এই সত্যটি ভুলে গিয়ে নির্বিচারে বৃক্ষ নিধন করছে। সবুজশূন্য বিবর্ণ প্রকৃতির মতো মানুষের অস্তিত্বও আজ হুমকির মুখে। বৃক্ষনিধন এখনই বন্ধ না হলে মানুষের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তাই বলা যায়, নিষ্ঠুর সর্বগ্রাসী নবসভ্যতাই যেন মানুষের জীবনকে ঠেলে দিচ্ছে হুমকির মুখে—উদ্দীপকের বিষয়টি ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতায় সার্থকভাবে ফুটে উঠেছে।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা