জাগো তবে অরণ্য কন্যারা
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতা থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।

প্রশ্ন:
ক. ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? ১
খ. কবি বৃক্ষ-কন্যাদের জেগে উঠতে বলেছেন কেন? ২
গ. উদ্দীপকের রেখাচিত্রে প্রকৃতির ধ্বংস রূপ ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতায় কীভাবে ফুটে উঠেছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. ‘প্রকৃতির জাগরণে বিপন্নতার হাত থেকে রক্ষা পাবে মানুষ’ রেখাচিত্রের এই অনুভব ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতার কবি সুফিয়া কামালের প্রত্যাশাকেই ব্যক্ত করে—বিশ্লেষণ করো। ৪
উত্তর: ক.
‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতাটি সুফিয়া কামালের উদাত্ত পৃথিবী কাব্যগ্রন্থ থেকে সংকলিত।
উত্তর: খ.
প্রকৃতিকে আবার শ্যামল-সবুজে, ফলে-ফুলে ভরিয়ে তুলতে কবি বৃক্ষ-কন্যাদের জেগে উঠতে বলেছেন।
বৃক্ষ-কন্যারা জেগে উঠলেই এ প্রকৃতি আবার সবুজে ভরে উঠবে। মানুষের অস্তিত্ব রক্ষা পাবে বিপন্নতার হাতে থেকে।
উত্তর: গ.
উদ্দীপকের রেখাচিত্রের প্রকৃতির ধ্বংসরূপ আর ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতার প্রকৃতি বিলীন হওয়ার দিকটি একই ভাব প্রকাশ করে।
উদ্দীপকের রেখাচিত্রে দেখানো হয়েছে প্রকৃতি ধ্বংসের মুখে পতিত। ফুল ফসলের সম্ভারে সজীব—প্রাণবন্ত প্রকৃতির রং রূপ তাই দেখা যায় না। ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতায় প্রকৃতির রূপসচেতন কবি চারপাশের অরণ্যনিধন লক্ষ করে ব্যথিত। প্রকৃতিতে ফুল ও ফসলের সম্ভার কমে যাওয়ায় মানুষের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। চারপাশের সবুজ প্রকৃতির বিলীন রূপ দেখে কবির মন হাহাকার করে ওঠে। উদ্দীপকেও আমরা প্রকৃতি এই রূপ অনুসন্ধান আমরা ফুটে উঠতে দেখি। মূলত, গাছপালা বিলীন হওয়ার ফলে পৃথিবী যে সংকটের দিকে এগিয়ে যাচ্ছে সেদিক থেকে উদ্দীপক ও ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতার সম্পর্ক রয়েছে।
উত্তর: ঘ.
‘প্রকৃতির জাগরণে বিপন্নতার হাত থেকে রক্ষা পাবে মানুষ’ রেখাচিত্রের এই অনুভব ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতার কবি সুফিয়া কামালের প্রত্যাশাকেই ব্যক্ত করে, কারণ উভয় পাঠেই বৃক্ষের সমগুরুত্ব প্রকাশ পেয়েছে।
উদ্দীপকের রেখাচিত্রে প্রকৃতির জাগরণের প্রত্যাশা লক্ষ করা যায়। কেননা, প্রকৃতি থেকে সবুজ হারিয়ে যাচ্ছে। ফুল-ফসলহীন প্রকৃতির কারণে মানুষের অস্তিত্ব আজ বিপন্ন। তাই রেখাচিত্রে এই ধ্বংস থেকে রক্ষা পেতে প্রকৃতিকেই আহ্বান জানানো হয়েছে তার জাগরণ ঘটাতে। রেখাচিত্রের এই সুস্পষ্ট বিষয় আর সুফিয়া কামালের প্রত্যাশার গভীরতা এক। কবি ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতায় বৃক্ষ-কন্যাদের জেগে ওঠার আহ্বান জানিয়েছেন। মানুষ প্রকৃতির ওপর হস্তক্ষেপ করায় বন উজাড় হচ্ছে। বৃক্ষনিধন বাড়ছে, বৃক্ষের বুকে তাই যন্ত্রণার আগুন। চারপাশের সবুজ প্রকৃতির বিলীন হওয়া দেখে কবির মন হাহাকার করে ওঠে। কবি তরু-কন্যাকে তাই আহ্বান জানাচ্ছেন তার শাখায় শাখায় আগুনরঙা ফুল ফুটিয়ে আকাশে শাখা বিস্তার করতে। মৃতপ্রায় পৃথিবীর জীবন হয়ে তাকে সজীব করতে। প্রকৃতির রূপসচেতন কবি চারপাশের অরণ্যনিধন লক্ষ করে ব্যথিত। সবুজের বিবর্ণ রূপ তার মনকে হাহাকারে ভরিয়ে দেয়। কবি তাই অরণ্য-কন্যাদের জাগরণ প্রতাশা করেন। তিনি চান দিকে দিকে আবার সবুজ বৃক্ষের সমারোহ সৃষ্টি হোক, ফুলে ও ফসলে ভরে উঠুক পৃথিবী, মানুষের অস্তিত্ব রক্ষা পাক বিপন্নতার হাত থেকে। তাই বলা যায়, ‘প্রকৃতির জাগরণে বিপন্নতার হাত থেকে রক্ষা পাবে মানুষ’ রেখাচিত্রের এই অনুভব ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতার কবি সুফিয়া কামালের প্রত্যাশাকেই ব্যক্ত করে।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা