নদীর স্বপ্ন
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের ‘নদীর স্বপ্ন’ কবিতা থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রকৃতি নানা রং, নানারূপে বর্ণিল। সোনালি সকালের ঔজ্জ্বল্য, দুপুরের উদাসীনতা, সন্ধ্যার আবেগ ঘন আবিরের রাগে প্রকৃতির বৈচিত্র্যময়তায় মানুষের মনও রঙিন হয়ে ওঠে। রঙিন মনের অনুভবে মানুষ স্বপ্ন দেখে, কল্পনায় পাড়ি দেয় প্রকৃতির ভুবনে।
প্রশ্ন:
ক. ‘নদীর স্বপ্ন’ কবিতার মাঝি গান ধরলে কে তাল দেবে? ১
খ. ‘আমার জন্য কিচ্ছু ভেবো না’—কেন বুঝিয়ে দাও। ২
গ. উদ্দীপকে প্রকৃতির রং রূপের যে আবহ প্রকাশ পেয়েছে, তা ‘নদীর স্বপ্ন’ কবিতায় কীভাবে উপস্থাপিত বলে তুমি মনে করো? ৩
ঘ. রঙিন মনের অনুভবে স্বপ্ন দেখার সাধ যেন ‘নদীর স্বপ্ন’ কবিতায় কানাইয়ের কল্পচিন্তারই এক অভিনব প্রয়াস— বিশ্লেষণ করো। ৪
উত্তর: ক. ‘নদীর স্বপ্ন’ কবিতার মাঝি গান ধরলে জলের ঝুপ ঝুপ শব্দ তাল দেবে।
উত্তর: খ. ছোট বোন ছোকানুর প্রতি অনেক দায়িত্বশীলতার জন্যই কানাই এমন উক্তিটি করেছে।
ছোট বোন ছোকানুকে নিয়ে নৌকাভ্রমণে গিয়ে কানাই বোনকে সব সময় দেখে রেখেছে। একসময় ছোকানু ঘুমিয়ে পড়ল। মাঝির কাছে গান শুনে, গল্প শুনে কানাই ঘুমোতে যায়। সে মাঝিকে বলে, তার বোনকে দেখে রাখতে। বোনের প্রতি দায়িত্ববোধ থেকেই সে কথাটি বলেছে।
উত্তর: গ. উদ্দীপকে প্রকৃতির রং-রূপের যে আবহ প্রকাশ পেয়েছে, তা ‘নদীর স্বপ্ন’ কবিতায় কানাইয়ের কল্পনার সঙ্গে ফুটে উঠেছে।
উদ্দীপকে প্রকাশ পেয়েছে নানা রঙে বর্ণিল প্রকৃতির রূপ। সকাল, দুপুর, সন্ধ্যার মধ্যে যেমন সময়ের ব্যবধান থাকে, তেমনি প্রকৃতির সৌন্দর্যেরও ব্যবধান লক্ষ করা যায়। উদ্দীপকের প্রকৃতির রং-রূপের পালাবদল ‘নদীর স্বপ্ন’ কবিতায় কিশোরের মন রাঙানো ও দৃষ্টি রাঙানো কল্পনায় ভেসে উঠতে দেখা যায়। ‘নদীর স্বপ্ন’ কবিতায় সকালে দিদির স্কুলে যাওয়া ও মায়ের ঘুমিয়ে থাকার সুযোগে কানাই তার বোন ছোকানুকে নিয়ে পাড়ি দিতে চায় নদীপথ। তার কল্পনায় ভেসে ওঠে দুপুরের রোদে ঝলমল নদীর জল। সেখানে রুপালি জলে রুপালি ইলিশ চোখ ঝলসায়। আকাশের নীল রং মুগ্ধ করে কানাইকে। সারা দিন আলোর মেলায় দিন কাটালেও এক সময় সূর্যটা জলের অতলে লুকায়। নদীজুড়ে তখন সোনালি আলোর ঝিকিমিকি। উদ্দীপকে এই সব প্রকৃতির রূপ-রস-গন্ধের আবহের সঙ্গেই ‘নদীর স্বপ্ন’ কবিতার মূল সুর নিহিত।
উত্তর: ঘ. কানাইয়ের কৈশোরিক যে প্রবল কল্পনা, তা যেন উদ্দীপকে রঙিন মনের অনুভবে মানুষ স্বপ্ন দেখে। উদ্দীপকে বর্ণিত হয়েছে প্রকৃতির নানা রূপের অনাবিল সৌন্দর্যের কথা। এই অনুুভব দুরন্ত কিশোর কানাইয়ের কল্পচিন্তার মধ্যে প্রকাশ পেয়েছে। ‘নদীর স্বপ্ন’ কবিতায় কবি তা অপূর্ব ভঙ্গিমায় প্রকাশ করেছেন। কানাই তার ছোট বোনকে নিয়ে নৌকায় উঠে নদী পার হয়ে তাদের মনের আকাঙ্ক্ষা পূরণ করতে চায়। নৌকার নানা রঙের পাল, নীল আকাশ, ঝাঁকে ঝাঁকে পাখির উড়ে চলা, রুপালি ইলিশ, সন্ধ্যায় গান গাওয়া, গল্প করা এত কিছু কিশোর মনে গভীর স্বপ্ন নিয়ে আসে। প্রকৃতির রং ও রূপের আবহে দুরন্ত কিশোর কানাই স্বপ্ন দেখে, পাড়ি দিতে চায় ছোট বোনটা নিয়ে একটার পর একটা নদী। মানুষ কল্পনাবিলাসী। স্বপ্নের আরেক নাম জীবন। মানুষ স্বপ্ন নিয়েই বাঁচে। স্বপ্নের রঙেই সুখী হতে চায়। চারপাশের প্রকৃতির রূপময়তা মানুষের দৃষ্টিতে স্বপ্ন ছড়ায়। যদিও স্বপ্ন বাস্তবতা থেকে ভিন্ন, তবুও মানুষ স্বপ্ন দেখে, স্বপ্ন দেখতে ভালোবাসে এবং স্বপ্নের মধ্যে নিজেকে নিজের মনের মতো করে দেখতে চায়।
উদ্দীপক ও কবিতায় আমরা এই সমস্ত গল্পের পরিপূর্ণতা খুঁজে পাই। তাই বলা যায়, রঙিন মনের অনুভবে স্বপ্ন দেখার সাধ যেন ‘নদীর স্বপ্ন’ কবিতায় কানাইয়ের কল্পচিন্তারই এক অভিনব প্রয়াস।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা