বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রার্থী
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের ‘প্রার্থী’ কবিতা থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।

দেখিনু সেদিন রেলে / কুলি বলে এক বাবুসাব তারে ঠেলে দিল নিচে ফেলে।
চোখ ফেটে এল জল / এমনি করিয়া কী জগত্ জুড়িয়া মার খাবে দুর্বল?
প্রশ্ন:
ক. সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস কোথায়? ১
খ. ‘আমরা প্রত্যেকেই এক একটা জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হব’—এ কথা কবি কেন উচ্চারণ করেছেন? ২
গ. উদ্দীপকের সঙ্গে ‘প্রার্থী’ কবিতার কী বৈসাদৃশ্য পরিলক্ষিত হয়, ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকের সামগ্রিক বক্তব্য কি ‘প্রার্থী’ কবিতার বক্তব্যের অনুরূপ? যুক্তিসহ আলোচনা করো। ৪
উত্তর: ক. সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস গোপালগঞ্জের কোটালীপাড়ায়।
উত্তর: খ. চরণটি দ্বারা কবি বোঝাতে চেয়েছেন সূর্যের কাছে উত্তাপ পেয়ে পেয়ে একদিন আমরাও জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হব।
যাদের গরম কাপড়ের অভাব, তারা সারা রাত অপেক্ষা করে থাকে সূর্যের উত্তাপ আর আলোর জন্য। তাদের প্রতি আমরা যেন সহানুভূতিশীল হই এই জন্য কবি সূর্যের কাছে উত্তাপ প্রার্থনা করেছেন। সূর্যের উত্তাপ পেয়ে পেয়ে একদিন আমাদের মনের জড়তা পুড়বে। কবি মূলত, দরিদ্রের পাশে সমাজের বিত্তবানদের দাঁড়িয়ে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার কথা বুঝিয়েছেন।
উত্তর: গ. উদ্দীপকে বর্ণিত হয়েছে সমাজের নিচুতলার মানুষের প্রতি নির্যাতনের চিত্র আর ‘প্রার্থী’ কবিতায় বর্ণিত হয়েছে অবহেলিত ও বঞ্চিত মানুষের প্রতি কবির গভীর মমতা, যা ওই দুই প্রেক্ষাপটের মধ্যে বৈসাদৃশ্য সূচিত করে।
উদ্দীপকে উপস্থাপিত হয়েছে অবহেলিত, অসহায় মানুষের প্রতি নির্যাতনের চিত্র। গরিব বলে এক কুলি বাবুসাবের নির্যাতনের শিকার হচ্ছে। নিষ্ঠুর এ পৃথিবীতে সবলেরা সব সময় দুর্বলকে অত্যাচার করে। আর এ কষ্টের চিত্র দেখে উদ্দীপকের কবির চোখে পানি চলে এসেছে। তাঁর মনে প্রশ্ন জেগেছে এমন করে দুর্বলরা সব সময় মার খাবে নাকি। অন্যদিকে ‘প্রার্থী’ কবিতায় দেখা যায়, অসহায় মানুষের জন্য কবির সুগভীর মমত্ববোধ।
‘প্রার্থী’ কবিতায় কবি সূর্যের কাছে উত্তাপ প্রার্থনা করেছেন সমাজের নিচুতলার মানুষের প্রতি গভীর মমতা থেকে। কবি অবহেলিত ও বঞ্চিত শিশুদের কল্যাণে সূর্যের অবদান থেকে প্রেরণা নিতে চান। তিনি এমন সমাজ গড়তে চান যাতে বস্ত্রহীন শীতার্ত মানুষের জীবন থেকে সব দুঃখ চিরতরে ঘুচে যায়। অর্থাত্ উদ্দীপকে এবং ‘প্রার্থী’ কবিতায় গরিব মানুষের প্রতি মমতা প্রকাশ পেয়েছে। তবে তা উপস্থাপনের মাত্রা ভিন্ন। এখানেই উদ্দীপক এবং ‘প্রার্থী’ কবিতার মধ্যে বৈসাদৃশ্য বিদ্যমান।
উত্তর: ঘ. উদ্দীপকের সামগ্রিক বক্তব্য ‘প্রার্থী’ কবিতার বক্তব্যের অনুরূপ নয় কারণ উদ্দীপকে যে অত্যাচারের চিত্র ফুটে উঠেছে, ঠিক তার বিপরীত চিত্র ‘প্রার্থী’ কবিতায় প্রকাশ পেয়েছে।
উদ্দীপকের কবি সমাজের নিচুতলার মানুষের দুর্দশার চিত্র অঙ্কন করেছেন। সেখানে অবহেলিত মানুষের প্রতি সবলদের অত্যাচারের দিকটি প্রকাশ পেয়েছে। ফলে আমরা কবির মনে অনুশোচনাবোধ দেখেতে পাই। অন্যদিকে ‘প্রার্থী’ কবিতায় কবি অসহায় শীতার্ত মানুষের প্রতি দরদ দেখিয়েছেন।
‘প্রার্থী’ কবিতায় দেখানো হয়েছে, প্রচণ্ড শীতে সূর্যের এই উত্তাপের জন্য সারা রাত অপেক্ষা করে বস্ত্রহীন, আশ্রয়হীন শীতার্ত মানুষ। তাই কবি সূর্যের অবদান থেকে প্রেরণা নিয়ে এমন সমাজ গড়তে চান, যেখানে বস্ত্রহীন শীতার্ত মানুষের জীবনের দুঃখ দূর হয়ে যাবে। অর্থাত্ তিনি বৈষম্যহীন সমাজ গড়তে চান। কেননা, অন্নহীন, বস্ত্রহীন, আশ্রয়হীন মানুষের দুর্দশা কবিকে ব্যথিত করে তোলে। এ কবিতা সহজেই পাঠক হূদয়ে অবহেলিত, বঞ্চিত ও দীন-দরিদ্র মানুষের প্রতি মমত্ববোধ সৃষ্টি করে। উদ্দীপকে অসহায় মানুষের ওপর যে অত্যাচারের দিকটি প্রকাশ পেয়েছে, তা কবিতায় অনুপস্থিত।
আমাদের এই পৃথিবীতে শক্তির মূল উত্স সূর্য। সূর্য যে তাপ বিকিরণ করে, তার সাহায্যেই ভূপৃষ্ঠে উদ্ভিদ, জীবজন্তু ও মানুষ জীবনধারণ করে। কবি তাই সূর্যের কাছে উত্তাপ প্রার্থনা করেছেন, যাতে করে শীতার্ত মানুষের শীতের কষ্ট লাঘব হয়। ‘প্রার্থী’ কবিতায় কবি অসহায় মানুষের প্রতি মমতা প্রকাশ করেছেন। অসহায় মানুষের দুঃখ চিরতরে যেন ঘুচে যায়, তিনি তা-ই চান। উদ্দীপকের কবির এই মমত্ববোধ থাকলেও চিত্র ভিন্নভাবে পরিলক্ষিত হয়। তাই বলা যায়, উদ্দীপকে এবং আলোচ্য কবিতায় গরিব মানুষের প্রতি মমত্ববোধ ফুটে উঠেছে। তবে উদ্দীপকের সামগ্রিক বক্তব্য ‘প্রার্থী’ কবিতার বক্তব্যের অনুরূপ নয়।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা