বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশের গান
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের ‘একুশের গান’ কবিতা থেকে সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।

ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়
ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে-পায়।
কইছে যাহা আমার বাবায়,
কইত যাহা আমার দাদায়।
এখন কও দেখি ভাই মোর মুখে কী
অন্য ভাষা শোভা পায়।
প্রশ্ন: ক. ‘অশ্রু-গড়া’ অর্থ কী? ১
খ. ‘দিনবদলের ক্রান্তি লগনে তবু তোরা পার পাবি?’ চরণটিতে কী বোঝানো হয়েছে? ২
গ. উদ্দীপকের ‘ওরা’ সম্পর্কে ‘একুশের গান’ কবিতায় যা বলা হয়েছে তা ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপক ও ‘একুশের গান’ চেতনার ধারা একই উত্স থেকে উত্সারিত’— উক্তিটির যথার্থতা লেখ। ৪
উত্তর: ক. ‘অশ্রু-গড়া’ অর্থ হলো যা চোখের পানিতে নির্মিত।
উত্তর: খ. ‘দিন বদলের ক্রান্তি লগনে তবু তোরা পার পাবি?’ চরণটিতে পরিবর্তিত সময়ের ইঙ্গিত প্রকাশের মাধ্যমে পাকিস্তানি শাসকচক্রকে হুমকি প্রদর্শন করা হয়েছে। সময়ের পরিবর্তন আসবেই। তখন সেই দিন বদলের পালায় পাকিস্তানি শাসকচক্ররা পার পাবে না।
উত্তর: গ. উদ্দীপকের ‘ওরা’ হলো পাকিস্তানি শাসকচক্র। ভাষা আন্দোলনে তাদের বর্বর নিষ্ঠুরতার কথাই ‘একুশের গান’ কবিতায় ব্যক্ত হয়েছে।
উদ্দীপকের মূলভাবে ‘একুশের গান’ কবিতার ভিন্নমাত্রা ও অভিব্যক্তি প্রতিফলিত হয়েছে। উদ্দীপকটিতে বাঙালির চিরকালের ভাষা বাংলার কথা উঠে এসেছে।
‘একুশের গান’ কবিতায় কবি ভাষা-শহীদদের স্মরণ করেছেন। পাকিস্তানিরা এ দেশের ছেলেদের হত্যা করে দেশের মানুষের দাবি রুখতে চায়। কিন্তু কবি বলেন, তা তারা পারবে না। কবি এখানে সেসব পাাকিস্তানি শোষকদের বিরুদ্ধে বাঙালি জাতিকে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। এই অত্যাচারী ও গুলিবর্ষণকারী পাাকিস্তানি শোষকদেরকেই উদ্দীপকে ‘ওরা’ বোঝানো হয়েছে।
উত্তর: ঘ. উদ্দীপক ও ‘একুশের গান’ কবিতার চেতনার ধারা একই উত্স থেকে উত্সারিত। কারণ উভয় স্থানেই ভাষা আন্দোলনের প্রেক্ষাপট ফুটিয়ে তোলা হয়েছে।
উদ্দীপকের গানটি ভাষা আন্দোলনের প্রেক্ষাপট ফুটিয়ে তোলা। অন্য ভাষা বাঙালিদের জন্য যে অশোভন, তা উদ্দীপকে ফুটিয়ে তোলার মধ্য দিয়ে কবি তাঁর ভাষার প্রতি মমত্ববোধের দিকটি প্রকাশ করেছেন। ‘একুশের গান’ ও কবিতা উভয় ক্ষেত্রে অভিন্ন এবং একই রূপ পরিগ্রহ করেছে।
‘একুশের গান’ কবিতাটি মূলত আবদুল গাফ্ফার চৌধুরীর বিখ্যাত একটি গান। ভাষা-শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য প্রতিবছর প্রভাতফেরিতে এ গানটি গাওয়া হয়। এ গানের সঙ্গে জড়িয়ে আছে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপট। পশ্চিম পাকিস্তানিরা বাঙালির সেই মুখের ভাষা কেড়ে নিতে চায়। কিন্তু বাংলার আমজনতা তা মেনে নেয়নি। তারা দৃঢ় মনোবলের সঙ্গে তা প্রতিহত করেছে এক প্রতিবাদী আন্দোলনের মধ্য দিয়ে। উদ্দীপকেও দেখানো হয়েছে, বাংলা বাঙালির মায়ের ভাষা, প্রাণের ভাষা। এ ভাষায় যুগ যুগ ধরে বাংলার মানুষ তথা তাদের বাপ, দাদা পূর্বপুরুষেরা কথা বলে আসছে। এ ভাষা অন্যেও ভাষার সঙ্গে এক হতে পারে না। উদ্দীপকের কবি একুশের চেতনায় উজ্জীবিত। ভাষার প্রতি কবির প্রেম প্রকাশিত হয়েছে।
পাকিস্তানি হানাদাররা বাঙালির রক্ত ঝরিয়ে, বাঙালি হূদয়ের ভালোবাসা ধ্বংস করে মাতৃভাষাকেও ধ্বংস করতে চেয়েছে। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। কবিদ্বয় সুনিপুণ ভাষায় ভাষা আন্দোলন ও বাঙালির করণীয় সম্পর্কে মত প্রকাশ করেছেন। উপরিউক্ত আলোচনা শেষে বলা যায়, একুশের চেতনায় উদ্দীপক ও ‘একুশের গান’ কবিতার প্রেক্ষাপট এক ও অভিন্ন।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা