
সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে একটি সৃজনশীল নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
নিমগাছ
মানবজাতির অর্ধেক অংশ হয়েও নারীরা আজ বৈষম্যের শিকার। আমাদের দেশে প্রচলিত সামাজিক, সাংস্কৃতিক অনুশাসনের জালে আবদ্ধ নারীসমাজ। শিক্ষা, কর্মসংস্থান—সর্বোপরি সামগ্রিক উন্নয়ন-প্রক্রিয়ায় অংশগ্রহণ ইত্যাদি সুযোগ-সুবিধা থেকে নারীরা বঞ্চিত। নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার ব্যাপারটি নারী-পুরুষ সবার, অর্থাত্ পুরো সমাজের।
প্রশ্ন:
ক. নিমের কচি পাতা অনেকে কী করে?
খ. ‘নিমগাছ কাটে না আবার যত্নও করে না’ বাক্যটি দ্বারা কী বোঝায়?
গ. উদ্দীপকের সঙ্গে ‘নিমগাছ’ গল্পের সাদৃশ্য কোথায়? ব্যাখ্যা করো।
ঘ. ‘পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় নারীরা বৈষম্যের শিকার’ উদ্দীপক ও ‘নিমগাছ’ গল্পের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর-ক.
নিমের কচি পাতা অনেকে খায়।
উত্তর-খ.
নিমগাছের প্রতি অযত্ন ও অবহেলার দিকটিই বিশেষভাবে ফুটে উঠেছে।
নিমগাছ অত্যন্ত উপকারী বৃক্ষ। নিমগাছের প্রতিটি অংশই আমাদের বিভিন্ন কাজে ব্যবহূত হয়। এর ছাল, পাতা, ডাল—সবাই নিয়ে যায়। কবিরাজরা গাছটির প্রশংসা করে। কেননা, তার মনুষ্যরোগের চিকিত্সায় কাজে লাগে। বাড়ির আশপাশে নিমগাছ জন্মালে জ্ঞানী ব্যক্তিরা খুশি হন। কারণ, নিম একটি পরিবেশবান্ধব গাছ। এতে পরিবেশ নির্মল থাকে। এ ছাড়া জ্ঞানী ব্যক্তিরা গাছটি না কাটারও পরামর্শ দেন। ফলে গাছটি কেউ কাটে না, তবে নিমগাছটি কারও যত্ন ও মনোযোগও পায় না। সবার চোখের সামনেই এর গোড়ায় ময়লা-আবর্জনার স্তূপ জমলেও তাতে কারও মাথাব্যথা নেই। সবার অবহেলার পাত্র হয়ে বেঁচে থেকে নিমগাছটি নীরবে উপকার করে যায়। তাই বলা হয়েছে, ‘নিমগাছ কাটে না আবার যত্নও করে না।’
উত্তর-গ.
উদ্দীপকের সঙ্গে ‘নিমগাছ’ গল্পের নারীসমাজের প্রতি অবহেলার দিক দিয়ে সাদৃশ্য রয়েছে। নারীরা সমাজের কত নিচে অবস্থান করছে, সেই দিকটিও ফুটে উঠেছে।
কোনো দেশ বা জাতির উন্নয়ন তখনই সম্ভব, যখন সেই সমাজের মানুষ সম্পদে পরিণত হয়। তাই মানুষকে সম্পদে পরিণত করতে হলে নারীকেও সুযোগ দিতে হবে। নারীকে গৃহবন্দী করে তাদের গৃহস্থকাজের প্রশংসা করলে চলবে না, তাদের দিতে হবে উপযুক্ত শিক্ষা। তাদেরও সমান সম্মান দিতে হবে। তাদের কাজের গুরুত্ব দিতে হবে। উদ্দীপকে বর্ণিত হয়েছে যেমন নারীসমাজের বঞ্চনার কথা, তেমনি ‘নিমগাছ’ গল্পেও লেখক নিমগাছকে প্রতীকরূপে ব্যবহার করে বাড়ির লক্ষ্মী বউটির বঞ্চনার কথা উল্লেখ করেছেন। উদ্দীপকে বলা হয়েছে, নারীরা তাদের মর্যাদা ও অধিকার থেকে বঞ্চিত। তারা তাদের প্রাপ্য সম্মান পায় না। তারা সর্বদাই সবক্ষেত্রে পিছিয়ে থাকে। তেমনি ‘নিমগাছ’ গল্পের নিমগাছ সবার উপকার করে। সবার সব ধরনের প্রয়োজন মেটায়। তবুও কেউ তার যত্ন করে না। যেমন বাড়ির গৃহবধূর দ্বারা সবাই উপকৃত হলেও তাকে সবাই কোণঠাসা করে রাখে। তার সংসারে কোনো মূল্য নেই।
‘নিমগাছ’ গল্পে দেখা যায়, নিমগাছ নিজেকে দান করে যায় অকাতরে। কিন্তু তার অবদানের মূল্যায়ন করা তো দূরে থাক, কেউ তার যত্নও করে না। তেমনই উদ্দীপকে নারীরা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। এভাবে বাড়ির গৃহবধূটিও বঞ্চিত তার প্রাপ্য অধিকার ও সুযোগ-সুবিধা থেকে। অর্থাত্ যার ওপর আমরা প্রতিনিয়তই নির্ভর করি, তাকে অবমূল্যায়ন ও অবহেলার দিকটি গল্পের মূলভাব, যা উদ্দীপকেও প্রতিফলিত হয়ে গল্প ও উদ্দীপককে সাদৃশ্যপূর্ণ করেছে।
উত্তর-ঘ.
‘পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় নারীরা বৈষম্যের শিকার’ উক্তিটির দ্বারা নারীর প্রতি অমর্যাদার দিকটিকে প্রাধান্য দেওয়া হয়েছে।
নারীরাই জাতি গঠনের মূল কারিগর। তাদের মাধ্যমেই আমরা বর্তমান সভ্যতায় উপনীত হতে সক্ষম হয়েছি। তাদের সাহায্য-সহযোগিতা ছাড়া আমরা কখনো সফলতা অর্জন করতে সক্ষম হতাম না। তারা সর্বদাই অন্যের কল্যাণে কাজ করে গেছে। কিন্তু আমাদের পুরুষসমাজ নারীর এই অবদানের স্বীকৃতি দেয় না। তারা সর্বদাই পুরুষতান্ত্রিক সমাজের দ্বারা অত্যাচারিত-নিপীড়িত হয়ে আসছে। তারা সব সময় পুরুষের দ্বারা দমনের শিকার হয়। নারীদের তারা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে। তারা সর্বদাই পুরুষের চেয়ে একধাপ পিছিয়ে থাকে।
‘নিমগাছ’ গল্পটি একটি প্রতীকী গল্প। এই গল্পে লেখক সংক্ষিপ্ত অবয়বের মধ্যে বিপুল কিছু বর্ণনা করেছেন। এই গল্পের ‘নিমগাছ’ সবার উপকারে আসে। কিন্তু কেউ তার যত্নে এগিয়ে আসে না। তার উপকারের কোনো মূল্যায়ন করে না। সবাই তাকে অবজ্ঞা ও অবহেলা করে।
সহকারী অধ্যাপক