বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে একটি সৃজনশীল নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
নিমগাছ
নারী জাতি মানবসমাজের অপরিহার্য অংশ, কিন্তু পুরুষশাসিত সমাজব্যবস্থায় নারীকে শুধু ব্যথা-বেদনার নির্মম অভিশাপ বহন করতে হয়। পুরুষের পক্ষপাতদুষ্টতার জন্য নারীসমাজ মুক্তির পথ দেখেনি; বরং নির্যাতনের শিকার হয়ে দুর্ভাগ্যকে মেনে নিয়েছে। অতীতের আঁধার এখন অনেকটা কেটে গেছে। এখন নবযুগের আলোকোজ্জ্বল প্রভাবে দিকে দিকে নারী প্রগতির জয়গান ঘোষিত হচ্ছে। নারীরা গলগ্রহ—এমন দিনের অবসান ঘটছে। এখন তার স্বকীয় পরিচয় স্পষ্ট হয়ে উঠছে।
ক. ‘নিমগাছ’ গল্পটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত?
খ. ‘শিকড় অনেক দূর চলে গেছে’ বলতে কী বোঝো?
গ. উদ্দীপকের সঙ্গে ‘নিমগাছ’ গল্পের সাদৃশ্য কোথায়? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের দ্বিতীয় অংশে রয়েছে ‘নিমগাছ’ গল্পের বিপরীত ভাব—মন্তব্যটি বিশ্লেষণ করো।

উত্তর-ক.
নিমগাছ গল্পটি ‘অদৃশ্যলোক’ (১৯৪৭ সাল) গ্রন্থের অন্তর্ভুক্ত।
উত্তর-খ.
‘শিকড় অনেক দূর চলে গেছে’ বলতে বোঝায় গৃহবধূ সংসারের মায়াজালে এবং পারিবারিক বন্ধনে দৃঢ়ভাবে আবদ্ধ হয়ে গেছে। কবির প্রশংসায় নিমগাছের তাঁর সঙ্গে চলে যেতে ইচ্ছা করলেও যেতে পারছে না, কারণ গাছের শিকড় মাটির গভীরে চলে গেছে। ঠিক তেমনি গৃহবধূ সংসার নামক পারিবারিক বন্ধনে দৃঢ়ভাবে আবদ্ধ হয়ে গেছে। প্রচণ্ড ইচ্ছা থাকা সত্ত্বেও সে আর সংসার ত্যাগ করতে পারে না।
উত্তর-গ.
উদ্দীপকের প্রথম অংশটি বনফুল রচিত ‘নিমগাছ’ গল্পের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
প্রতিটি যুগে নারীরা হয়েছে অবহেলিত, অত্যাচারিত, নিপীড়িত। কখনোই তাদের সঠিক মর্যাদা দেওয়া হয়নি। তাদের অবদানের কোনো সময়ই স্বীকৃতি ছিল না। তাদের সহযোগিতা ছাড়া জাতি অচল। অবলীলায় পুরুষশাসিত সমাজ এটি ভুলে যায়। তারা তাদের অধিকার ও কর্তৃত্ব প্রতিষ্ঠা নিয়ে ব্যস্ত থাকে। মূলত ‘নিমগাছ’ গল্পেও উদ্দীপকের প্রথম অংশের নারীর প্রতি অবহেলা, সহিংসতা ব্যাখ্যা করা হয়েছে। নারীরা তাদের সংসারের জন্য নিজেরা প্রাণপণ চেষ্টা করে। কিন্তু তারা তাদের সঠিক মর্যাদা পায় না। তারা সংসার নামক বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। ‘নিমগাছ’ গল্পে লেখক নিমগাছকে প্রতীকীরূপে ব্যবহার করেছেন। উদ্দীপকের প্রথম অংশে পুরুষশাসিত সমাজে নারীদের প্রতি অবমাননার দৃশ্য কল্পিত হয়েছে। তাই উদ্দীপকের প্রথম অংশের সঙ্গে ‘নিমগাছ’ গল্পের সাদৃশ্য বিদ্যমান।
উত্তর-ঘ.
উদ্দীপকের দ্বিতীয় অংশে নবযুগে নারী জাগরণের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। অপরদিকে বনফুল রচিত ‘নিমগাছ’ গল্পে নারীর প্রতি অবমাননা ফুটে উঠেছে নিমগাছকে প্রতীকরূপে চিহ্নিত করে।
‘নিমগাছ’ গল্পে বলা হয়েছে, এই পৃথিবীতে নারীরা অত্যাচারিত, নিপীড়িত। তারা সর্বক্ষণ সংসারের জন্য সর্বস্ব বিলিয়ে দেয়। সংসারের সব কাজ নিখুঁতভাবে করে। তবুও তাদের প্রতি কোনো মর্যাদা প্রদর্শন করা হয় না। তারা সব সময় গঞ্জনার মধ্যে অবস্থান করে। সংসারে তারা সর্বাপেক্ষা অবহেলিত। তারা এ অবস্থা থেকে মুক্তি পেতে চাইলেও মুক্তি পায় না।
অপরদিকে উদ্দীপকের প্রথম অংশে নিমগাছের স্বরূপ ভাব প্রকাশিত হলেও দ্বিতীয় অংশে নারী জাগরণের দিনের কথা ব্যক্ত হয়েছে।
এখানে বলা হয়েছে, আগের কষ্টের যুগ পেছনে ফেলে নারীরা এখন নবযুগে নতুন উদ্দামে পা দিয়েছে। দিকে দিকে নারীর জয়গান ঘোষিত হচ্ছে, নারীদের দৃঢ় অবস্থান সর্বত্র পরিলক্ষিত হচ্ছে। তারা এখন আর পরনির্ভরশীল নয়।
তাই উদ্দীপকের দ্বিতীয় অংশ ‘নিমগাছ’ গল্পের বিপরীত ভাব পোষণ করছে।
সহকারী অধ্যাপক