বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের হিমছড়িতে পাহাড়ের গা বেয়ে গড়িয়ে পড়ছে ঝর্ণা ষ ছবি: প্রথম আলো
কক্সবাজারের হিমছড়িতে পাহাড়ের গা বেয়ে গড়িয়ে পড়ছে ঝর্ণা ষ ছবি: প্রথম আলো

সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে একটি সৃজনশীল নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
ঝর্ণার গান
গ্রীষ্মের ছুটিতে অহনা কক্সবাজারের হিমছড়িতে ঝর্ণার সৌন্দর্য দেখতে গেল। তার বাবা তাকে একেবারে ঝর্ণার কাছে নিয়ে গেলেন। অহনা অবাক হয়ে দেখল ঝর্ণার গড়িয়ে পড়ার দৃশ্য। পাহাড়ের গা বেয়ে অবিরাম গড়িয়ে চলেছে ঝর্ণা, ছুটে চলেছে দূরে কোথাও নদীতে, বসে বসে অহনা মুগ্ধ দৃষ্টিতে চেয়ে দেখে ঝর্ণার সৌন্দর্য ও তার ছুটে চলার গতি। ঝর্ণা তার মনে আনন্দের শিহরণ তোলে, সে কৌতূহলী হয়ে ওঠে।
ক. ‘ঝর্ণার গান’ কবিতায় শিথিল বলা হয়েছে কোনটিকে?
খ. ‘ঝর্ণার গান’ কবিতাটিতে ‘ঝিমায় পথ, ঘুমায় বন’ কেন? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের ভাববস্তু ‘ঝর্ণার গান’ কবিতার সঙ্গে কীভাবে সংগতিপূর্ণ? আলোচনা করো।
ঘ. ঝর্ণা দেখে অহনার আনন্দিত ও কৌতূহলী হয়ে ওঠার কারণ ‘ঝর্ণার গান’ কবিতার আলোকে বিশ্লেষণ করো।

উত্তর-ক.
‘ঝর্ণার গান’ কবিতায় শিলাগুলোকে শিথিল বলা হয়েছে।

উত্তর-খ.
‘ঝর্ণার গান’ কবিতায় ‘ঝিমায় পথ, ঘুমায় বন’ বলতে ঝর্ণার প্রবহমানতাকেই ইঙ্গিত করা হয়েছে।
যখন পথ ঝিমায়, অর্থাত্ পথ কলরবহীন নির্জন হয়ে যায়, যখন বন ঘুমায়, অর্থাত্ বনের পশু-পাখিরাও কলরব করে না, তখনো ঝর্ণা তার আপন গতিতে বয়ে চলে। ঝর্ণার এই বয়ে চলার কথাই ‘ঝিমায় পথ, ঘুমায় বন’ চরণের মাধ্যমে প্রকাশ করা হয়েছে।
উত্তর-গ.
‘ঝর্ণার গান’ কবিতাটি ও উদ্দীপকের সংগতিপূর্ণ দিকটি হলো ঝর্ণার অপরূপ দৃশ্যের বর্ণনা।
উদ্দীপকে অহনা তার বাবার সঙ্গে গ্রীষ্মের ছুটিতে হিমছড়িতে ঝর্ণা দেখতে যায়। অহনা অবাক হয়ে দেখল ঝর্ণার গড়িয়ে পড়ার অপরূপ দৃশ্য।
পাহাড়ের গা বেয়ে অবিরাম গতিতে বয়ে চলা ঝর্ণা। ঝর্ণার আছে অপরূপ ছন্দ। লম্বা জলরাশির মতো সেই ঝর্ণা ছুটে চলেছে দূরে নদীতে ও সাগরে।
সত্যেন্দ্রনাথ দত্ত রচিত ‘ঝর্ণার গান’ কবিতায়ও ঝর্ণার অপরূপ চিত্র বর্ণনা করা হয়েছে। ঝর্ণার চমত্কার ধ্বনি ও সৌন্দর্য আলোচনা করা হয়েছে। তা ছাড়া ঝর্ণার প্রবহমানতার কথাও ইঙ্গিত করা হয়েছে। সব বাধা পেরিয়ে ঝর্ণার বয়ে চলার কথা বলা হয়েছে ‘ঝর্ণার গান’ কবিতায়।
অতএব, ঝর্ণার রূপবৈচিত্র্য বর্ণনায় উদ্দীপক ও কবিতা সংগতিপূর্ণ।

উত্তর-ঘ.
ঝর্ণার অপরূপ সৌন্দর্য ও তার প্রবহমানতা দেখেই মূলত অহনা কৌতূহলী হয়ে ওঠে।
ঝর্ণার অপরূপ দৃশ্য একজন মানুষকে মুগ্ধ করে দিতে পারে। পাহাড়ের গা বেয়ে অবিরাম গতিতে সাদা জলরাশির ধারা বয়ে চলে। চমত্কার এর ধ্বনির মাধুর্য ও বর্ণের বৈভব।
এই জলধারার যে সৌন্দর্য তা অতুলনীয়। পাহাড় থেকে পতিত পাথরের বুকে আঘাত হেনে চারদিকে ছড়িয়ে পড়ে যে অপূর্ব সৌন্দর্যের সৃষ্টি করে তা সত্যিই মনোহর।
ঝর্ণার বয়ে চলা, অর্থাত্ তার প্রবহমানতাও একজন মানুষকে কৌতূহলী করে তুলতে পারে। নির্জন দুপুরে যখন পথ কলরবহীন হয়ে যায়, যখন বনে পশু-পাখির ডাকও শোনা যায় না। পাহাড় যেন দৈত্যের মতো ঘাড় ঘুরিয়ে ভয় দেখায়, তখনো ঝর্ণা তার আপন গতিতে তার তুলনারহিত সৌন্দর্য ও লাবণ্য দেখিয়ে বয়ে চলে। ঝর্ণার এই অভেদ্য গতি, অর্থাত্ এর প্রবহমানতা থেকে মানুষ শিক্ষা নিতে পারে।
ওপরের আলোচনা থেকে আমরা বলতে পারি যে ঝর্ণার অপরূপ সৌন্দর্যবৈচিত্র্য ও তার প্রবহমানতা দেখেই মূলত অহনা কৌতূহলী হয়ে ওঠে।
সহকারী অধ্যাপক