বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নোত্তর: নিমগাছ
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের ‘নিমগাছ’ গল্প থেকে একটি নমুনা সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।

প্রশ্ন: মাত্র পনেরো বছর বয়সে বিয়ে হয়েছিল মিতার। এখন সে তিন সন্তানের জননী। সাংসারিক সব কাজই সে সুনিপুণভাবে করে। তারপরও প্রতিনিয়ত তাকে গঞ্জনা ও লাঞ্ছনা সহ্য করতে হয় শ্বশুর-শাশুড়ির এমনকি তার স্বামীরও। মাঝেমধ্যে তার ইচ্ছা হয় অনেক দূরে কোথাও চলে যায়, কিন্তু পরক্ষণেই কিসের মোহে যেন সংসারকে ত্যাগ করতে পারে না।
ক. বনফুলের প্রকৃত নাম কী?
খ. নিমগাছটার কেন লোকটার সঙ্গে চলে যেতে ইচ্ছা করল?
গ. উদ্দীপকের সঙ্গে ‘নিমগাছ’ গল্পের সাদৃশ্য কোথায়? ব্যাখ্যা করো।
ঘ. ‘মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে’—উক্তিটি উদ্দীপক ও ‘নিমগাছ’ গল্পের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর-ক
বনফুলের প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়।
উত্তর-খ
একদিন একজন নতুন ধরনের লোক এসে নিমগাছের সৌন্দর্যের প্রশংসা করে। তাই সেই লোকটিকে নিমগাছের ভালো লাগে এবং সে লোকটার সঙ্গে চলে যেতে চায়।
বাড়ির পাশে বেড়ে ওঠা নিমগাছটির কেউ যত্ন নেয় না। মানুষের প্রয়োজন মিটিয়ে সে হাঁপিয়ে ওঠে। কেউ তার বাকল তুলে নেয়, কেউবা পাতা ছিঁড়ে নেয়। ডাল ভেঙে নিয়ে চিবোয় কেউ কেউ। সবাই তার দ্বারা নিজের প্রয়োজন পূরণ করে। কিন্তু একদিন এক নতুন ধরনের লোক আসে। সে একজন কবি। সে নিমগাছের পাতা ও ফুলের প্রশংসা করে। নিমগাছের সৌন্দর্যে সে মুগ্ধ হয়। লোকটিকে ভালো লেগে যায় নিমগাছের। তাই সে লোকটির সঙ্গে দূরে কোথাও চলে যেতে চায়। তার মধ্যেও মুক্তির আকাঙ্ক্ষা জেগে ওঠে। সেও স্বাধীন হতে চায়।
উত্তর-গ
উদ্দীপকের সঙ্গে ‘নিমগাছ’ গল্পের গৃহবধূর প্রতি সর্বদা অত্যাচার ও নিপীড়নের দিক দিয়ে সাদৃশ্য রয়েছে।
আমাদের দেশের মা, নারীরা সব সময় অবহেলিত হচ্ছে। তারা তাদের প্রাপ্য অধিকার বা মর্যাদা থেকে বঞ্চিত হচ্ছে। কেউ তাদের সম্মান প্রদর্শন করে না। ‘নিমগাছ’ গল্পে নিমগাছকে প্রতীকরূপে বাড়ির গৃহবধূটির চরিত্র হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে। সে অকাতরে সংসারের জন্য বিভিন্ন ধরনের কাজ করে। সংসারের সবার প্রতি দায়িত্বশীল, সবার খেয়াল রাখে। সর্বদাই সংসারের মঙ্গল কামনা করে। তা সত্ত্বেও তাকে সর্বদা অসম্মানিত হতে হয়। সবার কাছ থেকে সে পেয়ে থাকে অপমান ও লাঞ্ছনা। তেমনি উদ্দীপকের মিতাও সন্তানের মা। সংসারের সব কাজই সে সুন্দরভাবে করে। তবু তাকে সর্বদা অপমানই সহ্য করতে হয় পরিবারের সদস্যদের কাছ থেকে। অবমাননা ও অসম্মানই তার সর্বদা প্রাপ্তি হয়।
নারীরাই তো জাতির উজ্জীবনী শক্তি। নারীদের দ্বারা অনুপ্রাণিত হয়ে আমরা সামনের দিকে অগ্রসর হতে সক্ষম হয়েছি। তাদেরও মানুষ হিসেবে সবকিছুতেই সমান অধিকার রয়েছে। ‘নিমগাছ’ গল্পে গৃহবধূটি নিজের দ্বারা অন্যকে উপকৃত করে। তবু তার উপকারে কেউ কৃতজ্ঞতা প্রকাশ করে না। সবাই তাকে অযত্ন ও অবহেলা করে। যেমনটি উদ্দীপকটিতেও ফুটে উঠেছে গৃহবধূর সর্বদা লাঞ্ছিত হওয়ার কথা। সর্বদা অপমানিত হওয়ার কথা। অভ্যর্থনাকারীদের প্রতি বৈষম্য ও তাদের অত্যাচার ও অবহেলার দিকটি উদ্দীপক ও ‘নিমগাছ’ গল্পকে সাদৃশ্যপূর্ণ করেছে। এ ছাড়া নারীরা সব ক্ষেত্রে তাদের সমান অধিকার থেকে বঞ্চিত—এ দিকটি ‘নিমগাছ’ গল্পে ফুটে উঠেছে। অর্থাত্ নারীরা সর্বদাই সুবিধাবঞ্চিত। কিন্তু নারীদেরও প্রাপ্য সম্মান ও অধিকার দিতে হবে।
উত্তর-ঘ
‘মাটির ভিতরে শিকড় অনেক দূর চলে গেছে’—উক্তিটির দ্বারা নিমগাছটির শিকড় মাটির ভেতর অনেক দূর পর্যন্ত ছড়ানো বোঝানো হয়েছে। ফলে সে কোথাও যেতে পারে না।
‘নিমগাছ’ গল্পের নিমগাছটির কেউ যত্ন নেয় না। বরং মানুষের অত্যাচারে সে অস্থির। কেউ বাকল তুলে নেয়, কেউবা পাতা ছিঁড়ে নেয়। একদিন তার ইচ্ছা হলো কবির সঙ্গে অনেক দূর চলে যেতে। কিন্তু মাটিতে তার শিকড় ছড়ানো, এই বন্ধন থেকে তার মুক্তি নেই। চাইলেই শিকড়ের বন্ধন অস্বীকার করে সে কোথাও চলে যেতে পারে না। চরণটির দ্বারা লেখক পাশের বাড়ির গৃহবধূটির কথা উল্লেখ করেছেন, যে সংসারের জালে আবদ্ধ হয়ে স্থবির জীবন কাটাতে বাধ্য হচ্ছে প্রতিনিয়ত। তেমনি উদ্দীপকের মিতাও অল্প বয়সে বিয়ে করে সন্তানের মা হয়েছে। সংসারের সব কাজই সে করে, তবু তাকে অপমান সহ্য করতে হয়। তাই সে সংসার ত্যাগ করে চলে যেতে চায়। কিন্তু সংসারের প্রতি তার মায়া-মমতার বাঁধনের জন্য সে সংসার ছেড়ে চলে যেতে পারে না। তারও নিমগাছের মতো সংসারেই শিকড় গজিয়ে গেছে চিরদিনের জন্য।
বাঙালি নারীরা গৃহকোণেই গড়েছে তাদের আবাস। ধর্মীয় নীতিবোধ বলতে ঘরের বাইরে না আসাকে বুঝত তারা। পুরুষের পক্ষপাতদুষ্টতার জন্য তারা কখনো মুক্তির পথ দেখেনি। কখনো স্বাধীনতার স্বাদ উপলব্ধি করতে পারেনি। শাসন ও নির্যাতনের শিকার হয়ে দুর্ভাগ্যকেই বরণ করতে হয়েছিল তাদের। নারীরাও গৃহবাসকেই তাদের একমাত্র আবাসস্থল মনে করেছিল। তারা সর্বদা সংসারের জন্য আত্মত্যাগ স্বীকার করেছে।
‘নিমগাছ’ গল্পে লেখক বলাইচাঁদ মুখোপাধ্যায় খুব সুন্দরভাবে নারীর অবস্থা তুলে ধরেছেন নিমগাছকে প্রতীক ধরে। নারীরা সর্বদাই সংসারের জালে জড়িত। তার সেই জাল থেকে মুক্তির কোনো উপায় নেই। উদ্দীপকের মিতাও সেই একই সংসারের জালে জড়িয়ে থাকার কারণে সংসার থেকে চলে যেতে পারে না। নারীদের মধ্যেও স্বাধীনভাবে বেঁচে থাকার আকাঙ্ক্ষা দেখা দেয়। তবু সে স্বাধীন হতে পারে না। সহজ-সরল জীবন যাপন করতে পারে না। আমাদের উচিত নারীদের প্রাপ্য সম্মান ও অধিকার ফিরিয়ে দেওয়া। তাদের সংসারের জাল থেকে মুক্তি দেওয়া। তাহলে পৃথিবীতে সর্বদাই শান্তি বিরাজিত থাকবে। নারীরাও মানুষের মতো বাঁচতে পারবে, খাঁচায় বন্দী থাকা পাখির মতো নয়। তারাও পাবে জীবনের স্বাদ।
সহকারী অধ্যাপক