সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের একটি সৃজনশীল প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘পোস্টমাস্টার’। এই গল্পে পোস্টমাস্টারের গৃহপরিচারিকা বালিকা রতন। আত্মীয়-পরিজনহীন দূর প্রবাসে পোস্টমাস্টারের কাজ করে দেয়। প্রবাসে জ্বরে পীড়িত যুবকের পাশে থেকে সেবা দিয়ে সুস্থ করে তোলে। একধরনের আত্মার বন্ধন সৃষ্টি হয় পোস্টমাস্টার ও রতনের মধ্যে।
ক. আবেদালির ছেলের নাম কী? ১
খ. ‘কেউ নেই বাবা, কেউ নেই’—বৃদ্ধার এ কথায় কী বোঝা যায়? ২
গ. উদ্দীপকের পোস্টমাস্টার ও রতনের সম্পর্ক এবং ‘আহ্বান’ গল্পের কথক ও বৃদ্ধার সম্পর্কের সাদৃশ্য দেখাও। ৩
ঘ. ‘মানুষে মানুষে আত্মিক সম্পর্কই উদ্দীপক ও “আহ্বান” গল্পের মৌল উপজীব্য।’ মন্তব্যটির যৌক্তিকতা যাচাই করো। ৪
উত্তর-ক:
‘আহ্বান’ গল্পে আবেদালির ছেলের নাম গনি।
উত্তর-খ:
‘কেউ নেই বাবা, কেউ নেই’ বলতে বোঝা যায় বৃদ্ধার এই জগতে দেখাশোনা করার মতো কেউ নেই।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ‘আহ্বান’ গল্পে মূলত গোপালের ‘তোমার ছেলে আছে?’ প্রশ্নের উত্তরে ওই বক্তব্য যেন গোপালের কাছে বৃদ্ধার সরল মনে প্রকাশিত ভাব যে তাঁর পাশে কেউ নেই। বৃদ্ধার স্বামী জমির করাতির মৃত্যুর পর বৃদ্ধা একা হয়ে পড়েন। তাঁর নাতজামাইও তাঁকে ভাত দেয় না। গোপালের কাছে এ যেন বৃদ্ধার এক রকম অভিযোগ। বৃদ্ধার জন্য এ কারণেই পরে গোপালের মধ্যে এক অজানা মানবীয় টানের উদ্ভব হয়।
উত্তর-গ:
সংকীর্ণতা ও কুসংস্কারমুক্ত মনোভাব ও ইতিবাচক চিন্তাধারায় গড়ে ওঠা উদ্দীপকের পোস্টমাস্টার ও রতনের সম্পর্ক ‘আহ্বান’ গল্পের কথক ‘গোপাল’ ও বৃদ্ধার সম্পর্কের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ‘আহ্বান’ গল্পের কথক চরিত্র গোপালের সঙ্গে অজান্তেই এক বৃদ্ধার আত্মিক সম্পর্ক গড়ে ওঠে। মূলত উভয়েরই অপূর্ণতা, দৃষ্টিভঙ্গির ব্যতিক্রমতায় তা পায় ভিন্ন এক রূপ।
ভিন্নধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও গোপাল আপন করে নিয়েছিল ওই বৃদ্ধাকে। বৃদ্ধাও তেমনি গোপালকে স্নেহ করতেন। ঠিক তেমনি উদ্দীপকের পোস্টমাস্টার ও রতনের মধ্যে আত্মার বন্ধন সৃষ্টি হয় উদার দৃষ্টিভঙ্গির মাধ্যমে।
মনের সঙ্গে মনের মিলনই হতে পারে মানবাত্মার জন্য আদর্শ ও কল্যাণের পথ। উদ্দীপকের বর্ণিত আত্মিক সম্পর্ক এই চিন্তাধারারই সুদূরপ্রসারী ফল। সামাজিক, আর্থিক অবস্থাকে বড় করে না দেখে তারা আপন করে নিয়েছিল নিজেদের।
‘আহ্বান’ গল্পেও উদার মানবীয় গুণসম্পন্ন কথক ‘গোপাল’ কুসংস্কার, গোঁড়ামিকে তুচ্ছ করে বৃদ্ধার সেবায় ব্রতী হয়েছিল। আর বৃদ্ধার মাঝে খুঁজে নিয়েছিল নিজের মা, পিসিমাকে। হূদয়ের নিবিড় আন্তরিকতায় গড়ে উঠেছিল এই স্নেহ, মমতা ও প্রীতির সম্পর্ক।
এভাবেই উদ্দীপকের পোস্টমাস্টার ও রতনের মতো উদার মানবিকতার ভিত্তিতে গড়ে উঠেছিল কথক গোপাল ও বৃদ্ধার সম্পর্ক।
উত্তর-ঘ:
‘মানুষে মানুষে আত্মিক সম্পর্কই “আহ্বান” ও উদ্দীপকের মূল উপজীব্য।’ আমি এ মন্তব্যটির সঙ্গে সম্পূর্ণভাবে একমত।
মানবাত্মার মিলনের মাধ্যমেই জগতের প্রভূত কল্যাণ সম্ভব। সামাজিক, ধর্মীয় ভেদাভেদ ভুলে আত্মার সঙ্গে আত্মার মিলনই মানবপ্রেমের উদ্ভব ঘটায়। উদ্দীপকের রতন ও পোস্টমাস্টার এবং ‘আহ্বান’ গল্পের গোপাল ও বৃদ্ধার মধ্যে বিদ্যমান সম্পর্ক তারই প্রতীক।
‘আহ্বান’ গল্পে গোপাল ও বৃদ্ধার মধ্যে গড়ে উঠেছিল এক অজানা মানবীয় সম্পর্ক। বৃদ্ধার মৃত্যুর পরই গোপাল উপলব্ধি করতে পেরেছিল যে তা ছিল মানবাত্মার টান। গোপালকে বৃদ্ধা আপন সন্তানের মতো স্নেহ করতেন। গোপাল অবাক হলেও পরমুহূর্তেই মনে হয় ভালোই তো, এ যেন ঠিক তার মা, পিসিমার মতো।
সামাজিক শ্রেণি, ধর্মীয় গোঁড়ামি তাদের পৃথক করতে পারেনি। তারা দূরে থেকেও যেন একে অপরের আহ্বান শুনতে পায়। যেমনটি গোপাল বৃদ্ধার মাটি দেওয়ার দিনে ছুটে এসেছিল। উদ্দীপকেও ঠিক অনুরূপ চিত্রই চোখে পড়ে।
মানুষের দুর্বল সময়ে তার প্রতি অপরের সহানুভূতি অন্যকে আরও আপন করে তোলে। উদার দৃষ্টিভঙ্গির উদ্ভব ঘটে তার প্রতি। উদ্দীপকের রতন ও পোস্টমাস্টার তার ব্যতিক্রম নয়। অজানা টান থেকেই রচিত হয় আত্মিক সম্পর্ক।
উদ্দীপকের মাধ্যমে প্রকাশিত হয় মানবাত্মার সম্পর্কের কাছে নিষ্ক্রিয় সামাজিক বিভেদ। ধর্মীয় বিধিনিষেধ তুচ্ছ, তার প্রয়োগ ‘আহ্বান’ গল্পে লক্ষণীয়। আর এর মাধ্যমেই সম্প্রসারিত হয় মানবসম্প্রীতির ক্ষেত্র। এটাই উদ্দীপক ও ‘আহ্বান’ গল্পের মূল উপজীব্য।
সহকারী অধ্যাপক