সৃজনশীল প্রশ্নোত্তর: লাল গরুটা
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা প্রথম পত্রের ‘লাল গরুটা’ গল্প থেকে একটি সৃজনশীল পদ্ধতির প্রশ্নোত্তরের নমুনা নিয়ে আলোচনা করব।
# নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও
দরিদ্র কৃষক গফুর একটি বুড়ো গরু পালন করেন। তিনি তার নাম রেখেছেন মহেশ। মহেশকে তিনি সন্তানের মতো ভালোবাসেন, স্নেহ করেন। কোনো কারণে মহেশের কোনো সমস্যা হলে তাঁর আর দুঃখের শেষ থাকে না। কিন্তু গফুর মহেশকে ঠিকমতো খেতে দিতে পারেন না। এ জন্য তাঁর দুঃখের সীমা নেই।
ক. লাল গরুটার মন কেমন ছিল?
খ. নিধিরামের গরু বিক্রি করার কারণ ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের মহেশের সঙ্গে ‘লাল গরুটা’ গল্পের লাল গরুর কী মিল রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের গফুর ও ‘লাল গরুটা’ গল্পের নিধিরামের মধ্যে চারিত্রিক বৈশিষ্ট্যের যে মিল রয়েছে, তা ব্যাখ্যা করো।
উত্তর-ক
লাল গরুটা অত্যন্ত সাদা সরল মনের ছিল।
উত্তর-খ
অভাবের সংসারে বুড়ো ও অকেজো গরুটাকে লালন-পালন করা নিধিরামের পক্ষে অত্যন্ত কষ্টসাধ্য ছিল। এই অভাবের সংসারে কীভাবে দুই টাকা আয় হবে, সেটাই ছিল তার নিত্যচিন্তা। লাল গরুটা তার সংসারে অনেক দিন ধরে আছে। কিন্তু বয়স বেশি হয়ে যাওয়ায় এখন সে দুধ দেয় না এবং কাজ করার ক্ষমতাও হারিয়ে ফেলেছে। এ কারণেই নিধিরাম গরুটা বিক্রি করে দিয়েছিল, যাতে সেই টাকা দিয়ে আরেকটি দুধালো গাভি কিনতে পারে।
উত্তর-গ
সত্যেন সেন তাঁর ‘লাল গরুটা’ গল্পে মানুষের প্রতি গৃহপালিত প্রাণীর আকর্ষণ এবং প্রাণীর প্রতি মানুষের ভালোবাসা ও মমতার একটি চিরন্তন চিত্র তুলে ধরেছেন। ‘লাল গরুটা’ গল্পের গরুটা তার যৌবনের সময়গুলো নিধিরামের কৃষিকাজে ব্যয় করেছে। কিন্তু সময়ের পরিক্রমায় গরুটা তার দুধ দেওয়ার এবং কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে। নিধিরামের অভাবের সংসারে এই অকেজো গরুটার ভরণপোষণের খরচ একটি বাড়তি চিন্তার ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। তাই নিধিরাম চিন্তা করল, এই বুড়ো গরুটাকে বিক্রি করে সেই টাকা দিয়ে একটি দুধালো গাভি কিনে আনবে। ২০ টাকায় সে গরুটাকে বিক্রি করে দেয়। কিন্তু গরুটা তার নতুন মালিকের কাছে গিয়ে থাকেনি। নিধিরাম ও তার পরিবারের প্রতি ভালোবাসার টানে অবুঝ এই প্রাণীটি সবার চোখ এড়িয়ে চলে আসে নিধিরামের বাড়িতে। পরবর্তী সময়ে নিধিরামের ভুল ভাঙে। গরুটার প্রতি তারও একটা অব্যক্ত ভালোবাসা ছিল। তাই সে ১০ টাকা অতিরিক্ত খরচ করে গরুটাকে পুনরায় কিনে নেয়।
উদ্দীপকের গফুর মিয়াও তাঁর মহেশ নামের বুড়ো গরুটাকে অত্যন্ত ভালোবাসেন। মহেশ দীর্ঘদিন থেকে গফুরের কাছে রয়েছে। বুড়ো এই গরুটা এখন অকেজো, তবু গফুর মিয়া এটিকে বিক্রি করে দেননি। উপরন্তু গফুর মহেশকে ঠিকমতো খাবার দিতে পারেন না, সেই কষ্টে জর্জরিত। তাই তাঁর দুঃখের সীমা নেই।
সুতরাং বলা যায়, উদ্দীপকের ‘মহেশ’ ও ‘লাল গরুটা’ গল্পের লাল গরুটার মধ্যে যথেষ্ট মিল রয়েছে।
উত্তর-ঘ
পশুর প্রতি ভালোবাসার দিক দিয়ে উদ্দীপকের গফুর মিয়ার সঙ্গে ‘লাল গরুটা’ গল্পের নিধিরামের চারিত্রিক বৈশিষ্ট্যগত সাদৃশ্য রয়েছে।
উদ্দীপকে বুড়ো গরুটার প্রতি দরিদ্র কৃষক গফুর মিয়ার অকৃত্রিম ভালোবাসা প্রকাশ পেয়েছে। অকেজো হয়ে পড়লেও গফুর মিয়া মহেশকে বিক্রি করে দেননি। মহেশকে নিজের সন্তানের মতো আগলে রেখেছেন। মহেশকে তিনি চাহিদা অনুযায়ী খাবার দিতে না পেরে মনঃকষ্টে ভোগেন। মহেশের এই অর্ধাহারী-অনাহারী অবস্থায় তিনি বিচলিত হয়ে পড়েন, এটাকে তিনি নিজের ব্যর্থতা মনে করেন। তাই তিনি মনে মনে চরম ব্যথিত হন।
অন্যদিকে ‘লাল গরুটা’ গল্পে নিধিরাম লাল গরুটাকে ভালোবাসে। অকেজো হওয়া সত্ত্বেও নিধিরাম গরুটাকে বাড়িতে রাখে। কিন্তু একসময় বুঝতে পারে, গরিব মানুষ হয়ে এই অকেজো গরুটার ভরণপোষণের খরচ বহন করা কষ্টসাধ্য। তাই ভালোবাসাকে উপেক্ষা করে সে গরুটাকে বিক্রি করে দেয়। ক্রেতা গরুটাকে টানতে টানতে নিয়ে যায়। ফলে তার পরিবারে নেমে আসে বিষণ্নতা। পরবর্তী সময়ে গরুটা নতুন মালিকের চোখ ফাঁকি দিয়ে নিধিরামের বাড়িতে ফিরে এলে সবাই অত্যন্ত আনন্দিত হয়। নিধিরাম ১০ টাকা গচ্চা দিয়ে গরুটাকে ফিরিয়ে আনে। এর মাধ্যমে গরুটার প্রতি নিধিরামের গভীর ভালোবাসা প্রকাশ পায়।
পরিশেষে বলা যায়, উদ্দীপকের গফুর ও ‘লাল গরুটা’ গল্পের নিধিরামের মধ্যে চারিত্রিক বৈশিষ্ট্যের দিক দিয়ে যথেষ্ট মিল রয়েছে।
সহকারী শিক্ষক, ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা