বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের ‘লখার একুশে’ নামক গল্প থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
লখার একুশে
বাবার সঙ্গে নেহাল এসেছে শহিদ মিনারে ফুল দিতে। সে বাবার পাশাপাশি মিছিলে হাঁটছে। হঠাত্ প্রবল ধাক্কায় নেহালের হাতের ফুলের তোড়াটি পড়ে গেল এবং মানুষের পায়ের নিচে পিষ্ট হয়ে নষ্ট হয়ে গেল। বাবা নেহালকে বাসায় নিয়ে আসতে চাইলে সে রাজি হলো না। কারণ, সে শহিদ মিনারে ফুল দেবেই। বাবা তার জেদ দেখে আবার ফুল কিনে তাকে শহিদ মিনারে নিয়ে গেলেন।
ক. লখা কাকে কাছে পেলে খিদের কষ্ট ভুলে যায়?
খ. লখার বুক গর্বে ফুলে ওঠে কেন?
গ. লখার বৈশিষ্ট্য কীভাবে নেহালের মধ্যে প্রতিফলিত হয়েছিল?
ঘ. ‘উদ্দীপক’ ও ‘লখার একুশে’ গল্প এ দুটোই মাতৃভাষার প্রতি উজ্জ্বল নিদর্শন।—ব্যাখ্যা করো।
উত্তর-ক
লখা তার মাকে কাছে পেলে খিদের কষ্ট ভুলে যায়।
উত্তর-খ
একুশে ফেব্রুয়ারিতে শহিদ মিনারে ফুল দেওয়ার জন্য লখা একটি কাঁটাযুক্ত ফুলের গাছের মগডালে ওঠে। গাছে ছিল অনেক কাঁটা। ফুল নিতে গিয়ে তার সারা শরীর, কনুই কাঁটার আঘাতে রক্তাক্ত হয়ে যায়। তার সারা শরীর জ্বলতে থাকে। কিন্তু ফুল সংগ্রহের সফলতায় সে এই যন্ত্রণাকে ভুলে যায় এবং তার বুক গর্বে ফুলে ওঠে।
উত্তর-গ
উদ্দীপকের নেহালের মধ্যে লখার বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। লখার প্রচণ্ড ইচ্ছা ও মনের জোরের কাছে সব ভয়ভীতি উপেক্ষিত হয়েছে। প্রতিকূল পরিবেশকে তুচ্ছ করে সে লক্ষ্যে পৌঁছেছে এবং বিজয়ের হাসি হেসেছে। অর্থাত্ তার মনের জোরের কাছে প্রতিকূলতা, প্রতিবন্ধকতা হার মেনেছে। সে শহিদ মিনারে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পেরেছে।
উদ্দীপকের নেহালের মধ্যেও সে রকম মনের জোর প্রকাশ পেয়েছে। মানুষের ধাক্কাধাক্কিতে তার হাত থেকে ফুলের তোড়াটি পড়ে গিয়ে পদপিষ্ট হয়ে নষ্ট হয়ে গেলে তার বাবা তাকে বাসায় ফিরিয়ে নিতে চাইলে সে তাতে রাজি হয়নি। সে শহিদ মিনারের বেদিতে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি তার শ্রদ্ধা নিবেদন করতে চায়। এত ভিড় ও মানুষের ধাক্কাধাক্কিতে তার বাবা বিচলিত হলেও সে বিন্দুমাত্র বিচলিত হয়নি। শেষ পর্যন্ত তার প্রবল ইচ্ছার কাছে বাবা হার মেনে নতুন ফুল কিনে দিতে বাধ্য হলেন এবং শহিদ মিনারে নিয়ে গেলেন। সে-ও তার মনের ইচ্ছা পূরণ করল।
সুতরাং দেখা যাচ্ছে, উদ্দীপকের নেহালও লখার মতোই
প্রতিকূলতাকে জয় করেছে। তাই বলা যায় নেহালের মধ্যে লখার বৈশিষ্ট্য পুরোপুরি প্রতিফলিত হয়েছে।
উত্তর-ঘ
‘উদ্দীপক’ ও ‘লখার একুশে’ গল্প এ দুটোই মাতৃভাষাপ্রীতির উজ্জ্বল নিদর্শন। মাতৃভাষার জন্য যাঁরা প্রাণ উত্সর্গ করেছিলেন, তাঁদের শ্রদ্ধায় লখা প্রভাতফেরিতে অংশগ্রহণ করে। একজন প্রতিবন্ধী শিশু হয়েও সে সব প্রতিবন্ধকতা দূর করে ভাষাশহীদদের ফুল দেয়। প্রচণ্ড শীত, কুয়াশাচ্ছন্ন অন্ধকার কোনো কিছুই তার পথ রুদ্ধ করতে পারেনি। মুখে কথা না ফুটলেও সে মাতৃভাষার বর্ণমালা উচ্চারণ করে আ আ ধ্বনির মধ্য দিয়ে।
অপরদিকে প্রচণ্ড ভিড় ও হুড়োহুড়িতে নেহালের হাতের ফুলের তোড়াটি পড়ে গিয়ে মানুষের পায়ের নিচে পড়ে নষ্ট হয়ে গেলে তার বাবা তাকে নিয়ে চিন্তিত হয়ে পড়েন। তিনি নেহালকে নিয়ে নিরাপদে বাসায় চলে যেতে চাইলেন। কিন্তু নেহাল তাতে রাজি হয়নি। সে প্রচণ্ড জেদ করতে থাকে শহিদ মিনারে ফুল দেবে বলে। তাই বাবা শেষ পর্যন্ত আবারও ফুল কিনে আনেন এবং তার মনের ইচ্ছা পূরণ করেন। শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাবোধ রয়েছে বলেই সে তার বাবাকে বাধ্য করেছে পুনরায় ফুল কিনে শহিদ মিনারে নিয়ে যেতে।
ওপরের আলোচনা থেকে স্পষ্ট হয় যে লখা ও নেহাল দুই ভিন্ন পরিবেশের হলেও তাদের মধ্যে চেতনাগতভাবে মিল রয়েছে। উভয়েরই উদ্দেশ্য এক ও অভিন্ন, তা হলো ভাষাশহীদদের প্রতি তাদের গভীর শ্রদ্ধাবোধ। তাই বলা যায় ‘উদ্দীপক’ ও ‘লখার একুশে’ গল্প এ দুটোরই মূলসুর মাতৃভাষাপ্রীতি।
সহকারী শিক্ষক
ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা