বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পরীক্ষার্থী, এ বছর থেকেই বাংলা প্রথম পত্রে ৭টি সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে হচ্ছে। ‘ক’ বিভাগে (গদ্য) ৪টি সৃজনশীল প্রশ্ন থেকে ২টি, ‘খ’ বিভাগে (কবিতা) ৩টি থেকে ২টি, ‘গ’ বিভাগে (সহপাঠ) উপন্যাস ২টি থেকে ১টি এবং নাটক ২টি থেকে ১টি সৃজনশীল প্রশ্নের উত্তর অবশ্যই করতে হবে। এ ছাড়া অন্য আরেকটি প্রশ্নের উত্তর তুমি যেকোনো বিভাগ থেকে করতে পারবে। মোট ৭টি সৃজনশীল উত্তর করার জন্য সময় পাবে ২ ঘণ্টা ৩০ মিনিট। সে হিসাবে প্রতিটি প্রশ্নের জন্য সময় পাবে ২১ দশমিক ৪২ মিনিট। এর মধ্যে আবার ১১টি উদ্দীপক পড়তে হবে, ভাবতে হবে, কল্পনা করতে হবে, পাঠ্যবইয়ের সঙ্গে মেলাতে হবে। আসলে ১টি প্রশ্নের উত্তর লেখার জন্য কোনোভাবেই ১৭-১৮ মিনিটের বেশি সময় পাবে না। সুনির্দিষ্ট ও পরিমিত উত্তর লেখা ছাড়া সব প্রশ্নের উত্তর করার কোনো বিকল্প নেই। এত অল্প সময়ের মধ্যে কীভাবে ৭টি প্রশ্নের উত্তর লিখবে? এর সমাধান একটি সৃজনশীল প্রশ্ন ও তার নমুনা উত্তরের মাধ্যমে দেব। ধরো, ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতা থেকে একটি উদ্দীপক—

# ইস্ট ইন্ডিয়া কোম্পানি এ দেশে ব্যবসা করার নামে ভারী অস্ত্রশস্ত্র এনে জমা করতে থাকে। উদ্দেশ্য নবাব সিরাজউদ্দৌলাকে উত্খাত করে বাংলার মসনদ দখল করা। তাদের এই হীন চক্রান্তে রসদ জোগায় এ দেশেরই সন্তান, নবাবের বিশ্বস্ত সেনাপতি মীর জাফর আলী খান। নবাব বিষয়টি জানতে পেরেও রাজসভার প্রবীণ সেনাধ্যক্ষ বলে তাঁকে সম্মান করেন এবং এ দেশ আমাদের, ইংরেজরা আমাদের শত্রু—এই বিষয়গুলো বুঝিয়ে তাঁকে এই পথ থেকে সরে আসার জন্য ওয়াদা করান। কিন্তু ১৭৫৭ সালে পলাশীর প্রান্তরে সেই মীর জাফর ও তাঁর দোসরেরা নিষ্ক্রিয় থেকে বাংলার মসনদ ইংরেজদের হাতে তুলে দেন। মুর্শিদাবাদ থেকে পালানোর সময় সৈন্যদের হাতে নবাব ধরা পড়েন এবং মোহাম্মদী বেগের ছুরিকাঘাতে মৃত্যুবরণ করেন। পলাশীর আম্রকাননে অস্তমিত যায় স্বাধীনতার লাল সূর্য।
ক. মধুসূদন-পূর্ব হাজার বছরের বাংলা কবিতার যে ছন্দ ছিল, তার নাম কী? ১
খ. ‘প্রফুল্ল কমলে কীটবাস?’ বলতে কী বোঝানো হয়েছে? ২
গ. উদ্দীপকের মীর জাফর এবং ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতার বিভীষণ যেদিক থেকে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকের নবাবকে কি ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতার মেঘনাদের প্রতিরূপ বলা যায়? তোমার মতের পক্ষে যুক্তি দাও। ৪
সৃজনশীল প্রশ্নপদ্ধতি যেহেতু একটি বিশেষ ধরনের পরীক্ষাপদ্ধতি, তাই এর উত্তর লিখনকৌশলও বিশেষ ধরনের। পুরোনো পদ্ধতির উত্তর লিখনকৌশল থেকে সৃজনশীল পদ্ধতির উত্তর লেখার ধরন সম্পূর্ণ আলাদা। পুরোনো পদ্ধতিতে বড় প্রশ্নের উত্তরের শুরুতে ভাষার কারুকাজ দিয়ে চমত্কার একটা ভূমিকা লিখতাম। যেখানে কবি/সাহিত্যিককেই কেবল নানা বিশেষণে বিশেষায়িত করা হতো। গল্প/কবিতাটির কবির নাম, জন্ম-মৃত্যুর সালসহ কোথা থেকে সংকলিত, সেসব তথ্যও উল্লেখ করা হতো। বর্তমানে সৃজনশীল পদ্ধতিতে এ-জাতীয় অপ্রাসঙ্গিক লেখা সম্পূর্ণ নিষিদ্ধ। এখন পরিমিত প্রশ্ন, পরিমিত উত্তর। অর্থাত্ প্রশ্নও থাকবে সুনির্দিষ্ট এবং উত্তরও হবে সুনির্দিষ্ট। যেমন আলোচ্য উদ্দীপকের—

ক. জ্ঞানমূলক প্রশ্ন ছিল: ‘মধুসূদন-পূর্ব হাজার বছরের বাংলা কবিতার যে ছন্দ ছিল তার নাম কী?’ এর উত্তর একটিমাত্র শব্দে দিতে পারি ‘পয়ার ছন্দ’। একটি পূর্ণবাক্য লেখারও দরকার নেই। তাহলে এই প্রশ্নের উত্তরেই প্রায় ১০টি শব্দ লেখার সময় বাঁচাতে পারি। এভাবে ৭টি সৃজনশীলের জ্ঞানমূলক প্রশ্নের উত্তরেই অনেক শব্দ লেখার সময় বাঁচানো যায়। পূর্ণবাক্য না লিখলেও তুমি এখানে পূর্ণ ১ নম্বরই পাবে। মনে রাখতে হবে, জ্ঞানমূলক প্রশ্নে যে তথ্যটা জানতে চাওয়া হয়েছে, তার বানান ভুল করলে উত্তর কাটা যাবে এবং শূন্য পাবে।
খ. অনুধাবনমূলক প্রশ্ন ছিল: ‘প্রফুল্ল কমলে কীটবাস?’ বলতে কী বোঝানো হয়েছে? এর মধ্যে একটি নম্বর জ্ঞানের জন্য, আরেকটি নম্বর অনুধাবনের জন্য। তাই আমরা জ্ঞান অংশের জন্য লিখতে পারি, ‘প্রফুল্ল কমলে কীটবাস?’ বলতে স্বর্ণলঙ্কায় লক্ষ্মণের প্রবেশকে বোঝানো হয়েছে। এরপর অনুধাবন অংশে ব্যাখ্যা করব যে বিভীষণের বিশ্বাসঘাতকতায় রাম-লক্ষ্মণ রাক্ষসরাজ রাবণের রাজ্য লঙ্কায় প্রবেশ করে এবং লক্ষ্মণ নিকুম্ভিলা যজ্ঞাগারে গিয়ে নিরস্ত্র মেঘনাদকে আঘাত করে। রাবণপুত্র মেঘনাদের কাছে তার স্বদেশ লঙ্কা যেন প্রফুল্ল কমল বা অপরূপ সুন্দর নন্দন কানন। সেই কাননে লক্ষ্মণ যেন কীট বা ক্ষতিকারক প্রজাতি। মেঘনাদ এ কথাগুলো বলে তার পিতৃব্য বিভীষণের মধ্যে অনুতাপ জাগাতে চাইছে। তুমি ইচ্ছা করলে জ্ঞান অংশের উত্তর আগে ও অনুধাবনমূলক উত্তর পরে অথবা অনুধাবনমূলকের উত্তর আগে ও জ্ঞানমূলকের উত্তর পরে লিখতে পারো। তবে জ্ঞানমূলকের উত্তর আগে লিখে অনুধাবনের উত্তর পরে লেখাই ভালো। অনুধাবনমূলক প্রশ্নের শুরুতে অযথা কবি/সাহিত্যিককে নানা বিশেষণে বিশেষায়িত করার দরকার নেই। মনে রাখতে হবে, সৃজনশীল প্রশ্নের উত্তর হবে ‘জিরো ফ্যাট’ অর্থাত্ চর্বিশূন্য। শুধু অনুধাবনেই নয়, কোনোক্রমে কোনো প্রশ্নের উত্তরেই অপ্রাসঙ্গিক কথা, অপ্রয়োজনীয় তথ্য বা বাহুল্যদোষ করা যাবে না। এ জন্যই ‘খ’ অংশ অর্থাত্ অনুধাবনমূলক প্রশ্নের উত্তর সম্পর্কে শিক্ষা বোর্ড বলছে, সর্বোচ্চ পাঁচ বাক্যে উত্তর লিখতে হবে।

গ. প্রয়োগমূলক প্রশ্ন ছিল: উদ্দীপকের মীর জাফর এবং ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতার বিভীষণ যেদিক থেকে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা করো। মোট নম্বর ৩। ১ নম্বর জ্ঞানে, ১ নম্বর অনুধাবনে এবং ১ নম্বর প্রয়োগে। প্রয়োগ মানে আমরা জানি শিক্ষার্থী তার পাঠ্যবই থেকে যা জেনেছে ও যা বুঝেছে তা নতুন ক্ষেত্রে, অর্থাত্ উদ্দীপকে প্রয়োগ করবে। কাজেই উদ্দীপকের সঙ্গে সংশ্লিষ্ট গল্প/কবিতার যে দিকটির সাদৃশ্য/বৈসাদৃশ্য থাকে, সেটাই জ্ঞান। ওই দিকটি একটি শব্দে বা বাক্যে লিখতে পারলেই ১ নম্বর। যেমন: আলোচ্য প্রশ্নের জ্ঞান হলো ‘বিশ্বাসঘাতকতার দিক থেকে সাদৃশ্যপূর্ণ’। তারপর ওই দিকটি পাঠ্যবইয়ের আলোকে বর্ণনা করাই হলো অনুধাবন। অনুধাবন অংশে বিভীষণ কীভাবে তার ভাই রাবণ, ভ্রাতুষ্পুত্র মেঘনাদ, স্বদেশ এবং স্বজাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে রাম-লক্ষ্মণকে সহায়তা করেছে, সেই কথাগুলো লিখব। আর সবশেষে ওই দিকটি উদ্দীপকে কীভাবে ফুটে উঠেছে, তা বর্ণনা করাই প্রয়োগ। অর্থাত্ উদ্দীপকের মীর জাফর কীভাবে নবাব সিরাজের সঙ্গে তথা তাঁর স্বদেশ-স্বজাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, সেই কথাগুলো লিখব। তাহলে পূর্ণ ৩ নম্বরই পাওয়া যাবে। ‘গ’ অংশ বা প্রয়োগমূলক সম্পর্কে শিক্ষা বোর্ড বলছে, এর উত্তর হবে সর্বোচ্চ ১২ বাক্যে।

ঘ. উচ্চতর দক্ষতার প্রশ্ন ছিল: উদ্দীপকের নবাবকে কি ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতার মেঘনাদের প্রতিরূপ বলা যায়? তোমার মতের পক্ষে যুক্তি দাও।
মোট নম্বর ৪। ১ নম্বর জ্ঞানে, ১ নম্বর অনুধাবনে, ১ নম্বর প্রয়োগে এবং ১ নম্বর উচ্চতর দক্ষতায়। আমরা জানি, উচ্চতর দক্ষতা মানেই একটা সিদ্ধান্তের ব্যাপার। প্রশ্নেই সাধারণত একটা অনুসিদ্ধান্ত দেওয়া থাকে। যদি সিদ্ধান্তটি ঠিক হয়, তাহলে সেটাকেই ব্যাখ্যা-বিশ্লেষণ করে, উদ্দীপকে প্রয়োগ করে প্রমাণ করব যে সিদ্ধান্তটি ঠিক। আর যদি সিদ্ধান্তটি ভুল হয়, তাহলে কেন ভুল, সেটাও প্রমাণ করতে হবে। অনেক সময় সিদ্ধান্তটি আংশিক সত্য হতে পারে। সে ক্ষেত্রে উদ্দীপকের সঙ্গে পাঠ্যবইয়ের যে অংশটুকুর মিল আছে, তা বর্ণনা করে যে যে ক্ষেত্রে মিল নেই, সেগুলোও বর্ণনা করতে হবে এবং সর্বশেষ সিদ্ধান্ত দিতে হবে যে বক্তব্যটি/সিদ্ধান্তটি আংশিক সত্য, পুরোপুরি নয়। বিচার-বিশ্লেষণ-সংশ্লেষণ, মূল্যায়ন করে সিদ্ধান্ত দেওয়ার নামই উচ্চতর দক্ষতা। এ ক্ষেত্রে প্রশ্নটি ভালোভাবে পড়ে পাঠ্যবইয়ের সঙ্গে মিলিয়ে বুঝতে হবে। প্রশ্ন বুঝতে ভুল হলে পুরো ৪ নম্বরে ০ (শূন্য) পাবে। যেমন আলোচ্য প্রশ্নে জানতে চাওয়া হয়েছে: উদ্দীপকের নবাব কবিতার মেঘনাদের প্রতিরূপ কি না? আমরা জানি, প্রতিরূপ হতে হলে মেঘনাদ চরিত্রের প্রায় সব কটি বৈশিষ্ট্যই নবাবের মধ্যে থাকতে হবে, তা ছাড়া প্রতিরূপ হবে না। তাই আমরা হিসাব-নিকাশ করে দেখলাম, মেঘনাদ চরিত্রের সব কটি বৈশিষ্ট্য নবাবের মধ্যে প্রতিফলিত হয়নি। তাই প্রতিরূপ বলা যায় না। জ্ঞান অংশে এই কথাটি লিখব। এরপর অনুধাবন অংশে মেঘনাদ চরিত্রের বিভিন্ন দিক (আভিজাত্য, বীরত্ব, সাহসিকতা, গুরুজনের প্রতি শ্রদ্ধাভক্তি, স্বদেশ ও স্বাজাত্যপ্রেম, বিশ্বাসঘাতকের মনে অনুতাপ জাগানোর প্রচেষ্টা, যুক্তিবাদিতা, শেষ রক্তবিন্দু দিয়ে শত্রুর মোকাবিলার সুদৃঢ় প্রতিজ্ঞা ইত্যাদি) সংক্ষেপে তুলে ধরব। এরপর প্রয়োগ অংশে উদ্দীপকের নবাব চরিত্রের দিকগুলো (গুরুজনের প্রতি বিশ্বাস-শ্রদ্ধা, স্বদেশপ্রেম) ইত্যাদি সংক্ষেপে ব্যাখ্যা করব। এরপর শেষ নবাব ও মেঘনাদ চরিত্রের তুলনামূলক আলোচনা করে দেখাব যে নবাবের মধ্যে মেঘনাদের আভিজাত্য, বীরত্ব, সাহসিকতা, বিশ্বাসঘাতকের মনে অনুতাপ জাগানোর প্রচেষ্টা, যুক্তিবাদিতা, শেষ রক্তবিন্দু দিয়ে শত্রুকে মোকাবিলার সুদৃঢ় প্রতিজ্ঞা—এই দিকগুলো পরিলক্ষিত হয় কি না। তাই উদ্দীপকের নবাবকে কবিতার মেঘনাদের প্রতিরূপ বলা যায় না। ‘ঘ’ অংশ বা উচ্চতর দক্ষতামূলক সম্পর্কে শিক্ষা বোর্ড বলছে, উত্তর সর্বোচ্চ ১৫ বাক্যে সীমিত থাকবে। ওপরের দিকনির্দেশনাগুলো মনে রাখলে ভালো নম্বর পাবে।
মাস্টার ট্রেইনার
প্রভাষক, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা