পালামৌ
প্রিয় পরীক্ষার্থী, বাংলা ১ম পত্র বিষয়ের ওপর একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে লেখাটি পড়বে।
উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।
সিলেটের জাফলং বেড়াতে গিয়ে তারিক দেখতে পেল প্রকৃতি তার অকৃপণ দানে সমৃদ্ধ করেছে এলাকার পরিবেশকে। পাহাড়, নদী, ঝরনা এবং পাহাড়ের ওপরকার ছোট শহর—সব মিলেমিশে যেন এক স্বর্গ রচনা করেছে। কিন্তু নদী থেকে মাত্রাতিরিক্ত পাথর তোলার কারণে নদী, পাহাড়—সবই আজ হুমকির সম্মুখীন।
ক. পেনাল কোড কী?
খ. লেখক পাথুরে ছেলেগুলো বলতে কী বুঝিয়েছেন?
গ. উদ্দীপকের পাহাড়ি এলাকার সঙ্গে ‘পালামৌ’ ভ্রমণকাহিনির বৈসাদৃশ্য ব্যাখ্যা করো।
ঘ. ‘উদ্দীপকের প্রাকৃতিক সৌন্দর্য “পালামৌ” রচনার একমাত্র আলোচ্য বিষয় নয়’—মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো।
উত্তর-ক
পেনাল কোড হচ্ছে ফৌজদারি মামলার দণ্ডবিধি।
উত্তর-খ
লেখক পাথুরে ছেলেগুলো বলতে কালো বর্ণের অত্যন্ত পরিশ্রমী পাহাড়ি ছেলেদের বুঝিয়েছেন।
‘পালামৌ’ রচনায় লেখক পালামৌ ভ্রমণের স্মৃতিচারণ করেছেন। সেখানে তিনি যুবক বয়সে ভ্রমণ করে যে অভিজ্ঞতা অর্জন করেন, বৃদ্ধ বয়সে এসে সেগুলো লিখে প্রকাশ করেছেন। ‘পালামৌ’ একটি বড় পরগনা। এখানকার প্রাকৃতিক পরিবেশ মনোমুগ্ধকর। এখানে নদী, গ্রাম, বন, গাছপালা আর অসংখ্য পাহাড়ও আছে। ধুলাবালুহীন পরিষ্কার এক শিলা পাথরের পাহাড়ও আছে এখানে। এখানকার স্থায়ী অধিবাসীরা কোল জাতির। তারা খর্বাকার ও কৃষ্ণবর্ণের । তা ছাড়া তারা খুবই পরিশ্রমী। সেই কৃষ্ণকায় পরিশ্রমী ছেলেরা কালো মহিষের পিঠে চড়ে, কালো পাথরের সঙ্গে একাকার হয়ে যায়। এ প্রসঙ্গে লেখক আলোচ্য উক্তিটি করেছেন।
উত্তর-গ
উদ্দীপকের পাহাড়ি এলাকার সঙ্গে ‘পালামৌ’ ভ্রমণকাহিনির বৈসাদৃশ্য হচ্ছে পালামৌতে পাহাড় ও নদীর সংখ্যা বেশি।
পালামৌ ভ্রমণকাহিনিতে পাহাড়ি এলাকার নৈসর্গিক দৃশ্যের বর্ণনা রয়েছে। পালামৌ ভ্রমণকালে লেখক পাহাড় দেখে চমত্কৃত হয়েছিলেন। সেখানে অসংখ্য পাহাড়, পাহাড়ের পর পাহাড়, তারপর আবার পাহাড়। যেন বিচলিত নদীর সংখ্যাতীত তরঙ্গ। সব মিলিয়ে পালামৌ পরগনা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর।
উদ্দীপকের জাফলংয়ে পাহাড়, নদী এবং পাহাড়ের ওপরকার ছোট শহরের দৃশ্য বর্ণিত হয়েছে। পাহাড় ও নদীর মনোমুগ্ধকর দৃশ্য সেখানকার পরিবেশকে চমত্কার করে তুলেছে। আরও বলা হয়েছে, পাহাড়ের উপত্যকায় বয়ে চলা নদী থেকে মাত্রাতিরিক্ত পাথর তোলার কারণে নদী, পাহাড়—সবই যেন হুমকির সম্মুখীন। উদ্দীপকে বর্ণিত এ বিষয়টি পালামৌ ভ্রমণকাহিনিতে অনুপস্থিত। এভাবে ‘পালামৌ’ ভ্রমণকাহিনির সঙ্গে উদ্দীপকটির বর্ণনা বৈসাদৃশ্যপূর্ণ।
উত্তর-ঘ
‘উদ্দীপকটি পালামৌ রচনার একমাত্র আলোচ্য বিষয় নয়’ মন্তব্যটি যথার্থ। কেননা, পালামৌ রচনায় শুধু প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও মানুষের বিচিত্র জীবনপ্রণালি বর্ণিত হয়েছে।
‘পালামৌ’ ভ্রমণকাহিনিতে পাহাড়ি এলাকার নৈসর্গিক দৃশ্যের বর্ণনা রয়েছে। সেই সঙ্গে সেখানে রয়েছে অসংখ্য পাহাড়, পাহাড়ের পর পাহাড়, তারপর আবার পাহাড়। যেন বিচলিত নদীর সংখ্যাতীত তরঙ্গ। এ ছাড়া বাঙালির আতিথেয়তা, কোল সম্প্রদায়ভুক্ত মানুষের জীবনবোধ, কোল যুবতীদের সাংস্কৃতিক কর্মকাণ্ড, অর্থনৈতিক দীনতা, পরিশ্রম, পরিবারের কর্তৃত্বের স্বীকৃতি ইত্যাদি বিষয় অত্যন্ত সহজ-সরল ভাষায় বর্ণিত হয়েছে।
অন্যদিকে উদ্দীপকের জাফলংয়ে পাহাড়, নদী এবং পাহাড়ের ওপরকার ছোট শহরের দৃশ্য বর্ণিত হয়েছে। পাহাড় ও নদীর অপার সৌন্দর্য সেখানকার পরিবেশকে চমত্কার করে তুলেছে। পাহাড়ের ছোট-বড় শহর মিলেমিশে এক স্বর্গীয় সুষমা দান করেছে।
উদ্দীপকে বর্ণিত এ বিষয়গুলো ছাড়াও পালামৌ ভ্রমণকাহিনিতে আরও ব্যাপক বিষয় আলোচনা করা হয়েছে।
‘পালামৌ’ রচনায় লেখক পালামৌ ভ্রমণের স্মৃতিচারণ করেছেন। যাত্রাপথে তিনি নদী, পাহাড় প্রভৃতি প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও সেখানকার আদিবাসীদের জীবনযাত্রার বিভিন্ন দিক প্রত্যক্ষ করেছেন; যা উদ্দীপকে অনুপস্থিত। উদ্দীপকে শুধু জাফলংয়ের প্রাকৃতিক সৌন্দর্যই বর্ণিত হয়েছে। এসব দিক বিচেনায় বলা যায়, উদ্দীপকের প্রাকৃতিক সৌন্দর্য ‘পালামৌ’ রচনার একমাত্র আলোচ্য বিষয় নয়।
সিনিয়র শিক্ষক
মনিপুর স্কুল ও কলেজ, ঢাকা