দেনাপাওনা
প্রিয় পরীক্ষার্থী, বাংলা ১ম পত্র বিষয়ের ওপর একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।
শিক্ষিত বেকার সালমানের সঙ্গে বিয়ে হয় মৌসুমীর। বিয়ের পর অনেক দিন জামাইয়ের হাতখরচ চালিয়েছেন মৌসুমীর বাবা। এভাবে কয়েক বছর কেটে যায়। একদিন সরকারি চাকরি পান সালমান। চাকরিতে যোগ দিয়ে সালমান তাঁর শ্বশুরের কাছে যৌতুক দাবি করেন। সালমানের বাবা বলেন, ‘আমার সরকারি চাকুরে ছেলেকে অন্যত্র বিয়ে দিলে বউয়ের শরীর সোনায় ভরিয়ে দেবে।’ যৌতুকের জন্য মৌসুমীর ওপর চাপ দিতে থাকেন সালমান। একপর্যায়ে মৌসুমী মুক্তির পথ খোঁজেন আত্মবিসর্জনের মধ্য দিয়ে।
ক. নিরুপমার স্বামী পেশায় কী ছিলেন?
খ. নিরুপমার পক্ষে তাঁর শ্বশুরবাড়ি শরশয্যা হয়ে উঠল কেন?
গ. উদ্দীপকটি ‘দেনাপাওনা’ গল্পের যে দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ, তা ব্যাখ্যা করো।
ঘ. ‘মৌসুমী মুক্তির পথ খোঁজেন আত্মবিসর্জনের মধ্য দিয়ে’—দেনাপাওনা গল্পের আলোকে মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো।
উত্তর-ক
নিরুপমার স্বামী পেশায় ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন।
উত্তর-খ
যৌতুকের ১০ হাজার টাকা শোধ করতে না পারায় নিরুপমার পক্ষে তাঁর শ্বশুরবাড়ি শরশয্যা হয়ে উঠল।
নিরুপমার শাশুড়ি তাঁকে উঠতে-বসতে খোঁটা দেন, পিতৃগৃহের নিন্দা করেন। দাস-দাসী ও কর্তা-গৃহিণীদের অনুগ্রহ নিয়ে তিনি শ্বশুরবাড়িতে বসবাস করতে থাকেন। বাপের বাড়ির আত্মীয়দের সঙ্গে নিরুপমার যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। যৌতুকের টাকা রামসুন্দর পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় নিরুপমার পক্ষে শ্বশুরবাড়ি শরশয্যা হয়ে উঠল।
উত্তর-গ
উদ্দীপকটি ‘দেনাপাওনা’ গল্পের যৌতুকের কুফল নির্ণয়ের দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
নিম্নমধ্যবিত্ত পরিবারের রামসুন্দর মিত্র বনেদি বংশের ছেলের সঙ্গে একমাত্র মেয়ে নিরুপমার বিয়ে দেন। বরপক্ষের দাবি করা ১০ হাজার টাকার মধ্যে ৬-৭ হাজার টাকা বাকি পড়ে। সময়মতো টাকা পরিশোধ করতে না পারায় নিরুপমার শাশুড়ি তাঁকে উঠতে-বসতে খোঁটা দেন। দাস-দাসীরাও তাঁর সঙ্গে ভালো আচরণ করে না। বাপের বাড়ির আত্মীয়দের সঙ্গে নিরুপমার যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে মানসিক চাপ সহ্য করতে না পেরে তিনি মৃত্যুমুখে পতিত হন।
উদ্দীপকের যৌতুকপ্রত্যাশী জামাই সালমান কর্তৃক যৌতুক দাবি করা নৈতিকতাবিরোধী। যৌতুক দেওয়ার সামর্থ্য না থাকায় মৌসুমীকে আত্মাহুতির পথ বেছে নিতে হয়। মৌসুমীর মতো পরিণতি দেখা যায় ‘দেনাপাওনা’ গল্পে। এখানে শ্বশুর-শাশুড়ির যৌতুকলিপ্সার কারণেই নিরুপমাকে অকালে দুনিয়া থেকে চিরবিদায় নিতে হয়েছে। ‘দেনাপাওনা’ গল্প ও উদ্দীপক—উভয় ক্ষেত্রেই যৌতুকের বলি হয়েছেন দুজন নারী। এদিক থেকে উভয়ের মধ্যে সাদৃশ্য বিদ্যমান।
উত্তর-ঘ
‘মৌসুমী মুক্তির পথ খোঁজেন আত্মবিসর্জনের মধ্য দিয়ে’ মন্তব্যটি দেনাপাওনা গল্পের নিরুপমার জীবনের বিয়োগান্তক ঘটনার সঙ্গে সাদৃশ্য রয়েছে। কেননা, নিরুপমা ও মৌসুমী উভয়েই যৌতুকের নির্মম বলি হয়েছেন।
‘দেনাপাওনা’ গল্পে রামসুন্দর মিত্র একমাত্র মেয়ে নিরুপমাকে বনেদি বংশের ছেলের সঙ্গে বিয়ে দেন। বরপক্ষের দাবি করা ১০ হাজার টাকা সময়মতো পরিশোধ করতে না পারায় নিরুপমার শাশুড়ি তাঁকে উঠতে-বসতে কথা শোনান। বাড়ির দাস-দাসীরাও তাঁর সঙ্গে ভালো আচরণ করে না। বাপের বাড়ির আত্মীয়দের সঙ্গে নিরুপমার যোগাযোগ একসময় বন্ধ হয়ে যায়। ফলে মানসিক চাপে তিনি মৃত্যুমুখে পতিত হন।
উদ্দীপকের সালমানও সরকারি চাকরি পাওয়ার পর তাঁর শ্বশুরের কাছে যৌতুক দাবি করেন। যৌতুকের জন্য ক্রমেই চাপ বাড়তে থাকে মৌসুমীর ওপর। যৌতুকের প্রভাবে কন্যার পরিবারকে চরম মূল্য দিতে হয়। যৌতুক দেওয়ার সামর্থ্য না থাকায় মৌসুমীকে লজ্জায়-অপমানে একপর্যায়ে আত্মাহুতির পথ বেছে নিতে হয়।
উদ্দীপক ও ‘দেনাপাওনা’ গল্প পর্যালোচনা করে দেখা যায়, আত্মবিসর্জনের মধ্য দিয়ে মৌসুমীর মুক্তির পথের অনুসন্ধান যথার্থভাবে মিলে গেছে নিরুপমার জীবনের বিয়োগান্তক ঘটনার সঙ্গে।
উদ্দীপকের মৌসুমীর মতোই শেষ পরিণতি ঘটেছে ‘দেনাপাওনা’ গল্পের নিরুপমার জীবনে। যৌতুক নামক ঘাতকের জাঁতাকলে পিষ্ট হয়ে নিরুপমা ও মৌসুমী পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন। সুতরাং বলা যায়, ‘মৌসুমী মুক্তির পথ খোঁজেন আত্মবিসর্জনের মধ্য দিয়ে’ মন্তব্যটি যথার্থ।
সিনিয়র সহকারী শিক্ষক
মনিপুর স্কুল ও কলেজ, ঢাকা