বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র বিষয় থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।
ঝর্ণার গান
মীমের বার্ষিক পরীক্ষা শেষ। কোথাও বেড়াতে যেতে পারেনি। তাই মীম সারাক্ষণ মন খারাপ করে বসে থাকে। এ জন্য তার মামা তাকে দেশের বিভিন্ন স্থানের প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর সিদ্ধান্ত নিলেন। প্রথমে মামা তাকে কক্সবাজার নিয়ে গেলেন; কিন্তু সাগরের জল, বেলাভূমি তার ভালো লাগে না। এরপর রাঙামাটিতে নিয়ে গেলে গাছপালা-পাহাড়কে তার ভৌতিক মনে হয়। এরপর মাধবকুণ্ডের ঝর্ণার কথা বললে সে যেতে চায় না। তখন মীমের মামা বিরক্ত হয়ে তাকে বলেন, তুই সৌন্দর্যের কিছুই বুঝিস না।
ক. ‘ঝুম পাহাড়’ অর্থ কী?
খ. ‘চকোর চায় চন্দ্রমায়’ কথাটি বুঝিয়ে লেখো।
গ. মীমের দৃষ্টিভঙ্গি ‘ঝর্ণার গান’ কবিতার কোন ভাবটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা করো।
ঘ. ‘আমরা চাই মুগ্ধ চোখ’ কবিতাংশটি উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: ক. ‘ঝুম পাহাড়’ অর্থ নীরস পাহাড়, নির্জন পাহাড়।
উত্তর: খ. চকোর পাখির রয়েছে চাঁদের আলোর তৃষ্ণা, একই সঙ্গে সে চাঁদের আলোয় মুগ্ধ। ‘চকোর চায় চন্দ্রমায়’ কথাটি দ্বারা এ বিষয়টিই প্রকাশিত হয়েছে। চকোর হলো একধরনের পাখি, সে বনে বনে ঘুরে বেড়ায়। কবি কল্পনা করেন যে এই পাখি চাঁদের আলো পান করে। তাই চাঁদের আলো পান করতে তৃষ্ণার্ত চোখে চাঁদের দিকে চায়। তার এই তৃষ্ণা চাতক পাখি বা তৃষ্ণার্ত ফটিক জল পাখির পানির তৃষ্ণার সঙ্গে তুলনীয়। তবে তার তৃষ্ণার সঙ্গে মুগ্ধতাও জড়িয়ে আছে।
উত্তর: গ. মীমের দৃষ্টিভঙ্গি সত্যেন্দ্রনাথ দত্তের ‘ঝর্ণার গান’ কবিতায় ‘ফটিক জল’ পাখির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। যার কণ্ঠে তৃষ্ণা, তার কাছে ঝর্ণার সৌন্দর্যের মূল্য নেই।
উদ্দীপকে মীমের দৃষ্টিভঙ্গিতে প্রকৃতি শুধুই বিষণ্ন, ঘন বন তার কাছে ভৌতিক, ঝর্ণা তার ভালো লাগে না। প্রকৃতির সৌন্দর্য ও প্রাণশক্তি তার মধ্যে কোনো পরিবর্তন আনতে পারে না। ‘ঝর্ণার গান’ কবিতায় ঝর্ণা ফটিক জল পাখির ওপর ঠিক একই কারণে বিরক্ত। ঝর্ণার সৌন্দর্য, চঞ্চলতা, তার মতো আংরাখার মূল্য না দিয়ে ফটিক জল পাখি শুধু তার তৃষ্ণা মেটাতেই ব্যস্ত।
মীমের মামা যেমন তাকে বলেন, সে সৌন্দর্যের কিছুই বোঝে না; তেমনি ঝর্ণা ফটিক জল পাখিটিকে বলছে কাদা ছেঁকে পানি পান করতে, পাতকুয়ার পানি পান করে তৃষ্ণা মেটাতে। যে সৌন্দর্য বোঝে না, তার তা উপভোগ করার দরকার নেই। এখানে ফটিক জল পাখিটির সঙ্গে মীমের সাদৃশ্য রয়েছে। তার মামার উক্তিটির সঙ্গে ঝর্ণার মনোভাব সাদৃশ্যপূর্ণ।
উত্তর: ঘ. ‘আমরা চাই মুগ্ধ চোখ’ কবিতাংশটি দ্বারা ঝর্ণার মানুষকে বা অন্যকে মুগ্ধ করার আকুলতা প্রকাশিত হয়েছে। কবিতাংশটি কবি সত্যেন্দ্রনাথ দত্তের স্বরবৃত্ত ছন্দে রচিত ‘ঝর্ণার গান’ কবিতার অংশবিশেষ।
ঝর্ণা তার সৌন্দর্যের মর্ম বোঝে এমন কাউকে খোঁজে। তার গতি কেবল মুগ্ধ চোখের খোঁজেই থামে। চকোর পাখি যেভাবে চাঁদের আলোয় তৃষ্ণার্ত, তেমনি ঝর্ণা প্রশংসা ও সৌন্দর্যের বোধ আছে এমন কারও খোঁজে ব্যাকুল।
যে সৌন্দর্য বোঝে না, ঝর্ণার প্রাণশক্তির প্রশংসা করে না, আসল সৌন্দর্য উপলব্ধি করতে পারে না, শুধু বিষণ্নতায় ভোগে, ঝর্ণার মহিমা হেয় করে, তাকে ঝর্ণা দূরে থাকতে বলেছে। উদ্দীপকে মীম তাদের মধ্যে পড়ে। কারণ, সে প্রকৃতির সৌন্দর্য, প্রাণচঞ্চলতা উপলব্ধি করতে পারে না। ‘কণ্ঠাতেই তৃষ্ণা যার নিক না সেই পাঁক ছেঁকে...সুন্দরের তৃষ্ণা যার আমরা ধাই তার আশেই’ পঙিক্তগুলোর দ্বারা এ বক্তব্য স্পষ্ট হয়।
চঞ্চল পায়ে পুলকিত, গতিময়, পাথরের বুকে তাল বাজিয়ে চলে ঝর্ণা। নির্জনতার মধ্যে সুমধুর গান যেন তার অবিরাম জলরাশির পাথরের বুকে পড়ার শব্দ। চঞ্চল ও আনন্দময় পদধ্বনিতে পর্বত থেকে নেমে আসে সাদা জলরাশির ধারা। সূর্যের আলোয় তা যেন জরির আংরাখা হয়ে যায়। ঝর্ণার এই রূপ উপলব্ধি করতে পারে যে, তার জন্যই সে বয়ে চলে। ছুটে চলে অবিরাম। যে তার এত শ্রমের মূল্য বোঝে না, তাকে সে নিজের জল দিয়ে তৃষ্ণা মেটাতেও দেবে না। তার সৌন্দর্য শুধু যোগ্য ব্যক্তির উপভোগ্য।
মীমের এমন দৃষ্টিভঙ্গি তাকে ঝর্ণার অপছন্দের দলে ফেলে দেয়, যারা সৌন্দর্যের কিছুই বোঝে না।
সহকারী অধ্যাপক, সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা