সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, বাংলা ১ম পত্র বিষয় থেকে একটি নমুনা সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
নাটকে বিয়োগাত্মক কাহিনি প্রাচীনকাল থেকেই পরিবেশিত হয়েছে। কিন্তু মৃত্যু কিংবা যেকোনো বিষাদাত্মক পরিণতি মানেই ট্র্যাজেডি নয়। তবে ট্র্যাজেডির প্রথম মাধ্যম কাব্য।
ক. সিকান্দার আবু জাফর সম্পাদিত সাহিত্য পত্রিকার নাম কী?
খ. দৃশ্যকাব্য ও শ্রাব্যকাব্য বলতে কী বোঝানো হয়েছে?
গ. উদ্দীপকে নাট্যসাহিত্যের কোন শ্রেণির পরিচয় পরস্ফুিটিত হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত শ্রেণিটি নাট্যসাহিত্যে সর্বোচ্চ আসনে আসীন হলেও নাটকের আরও বিভিন্ন শ্রেণিবিভাগ রয়েছে—বিশ্লেষণ করো।
উত্তর-ক
সিকান্দার আবু জাফর সম্পাদিত সাহিত্য পত্রিকার নাম সমকাল।
উত্তর-খ
দৃশ্যকাব্য বলতে নাটক এবং শ্রাব্যকাব্য বলতে উপন্যাস বোঝানো হয়েছে।
দৃশ্যকাব্য: সাহিত্য রচনার একটি বিশেষ রূপশ্রেণি হলো নাটক। নাটকের মধ্যে একধরনের গতিশীলতা রয়েছে, যা একটি ত্রিমাত্রিক শিল্পকাঠামো গড়ে তোলে। প্রাচ্য নাট্যশাস্ত্রে নাটককে ‘দৃশ্যকাব্য’ বলে অভিহিত করা হয়েছে।
শ্রাব্যকাব্য: গল্প শোনার আগ্রহ মানুষের সুপ্রাচীন। প্রাগৈতিহাসিক কাল থেকে মানুষের এই আগ্রহের ফলেই কাহিনির উদ্ভব। প্রাকৃতিক শক্তির প্রতীক হিসেবে মুখে মুখে প্রচলিত গল্পকাহিনি লিপিবদ্ধ হতে থাকে ছন্দ ও অলংকারমণ্ডিত ভাষায়। এভাবে উপন্যাসের সৃষ্টি। আর এই উপন্যাসকে ‘শ্রাব্যকাব্য’ বলা হয়েছে।
উত্তর-গ
উদ্দীপকে নাট্যসাহিত্যের ‘ট্র্যাজেডি’র পরিচয় পরস্ফুিটিত হয়েছে। নাটকের শ্রেণিবিভাগের বিষয়টি বিবেচনা করলে একে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভাজন সম্ভব। এদের মধ্যে ট্র্যাজেডি অন্যতম। এমনকি কখনো কখনো নাটক বলতে ট্র্যাজেডিকেই বোঝানো হয়। দেবদেবীর উদ্দেশে ছাগল-ভেড়া প্রভৃতি বলি দেওয়া উপলক্ষে অনুষ্ঠিত অভিনয় থেকে ট্র্যাজেডির জন্ম হয়েছে। তবে ট্র্যাজেডি নাটকের মূলে রয়েছে ব্যক্তি আত্মার দ্বন্দ্ববিক্ষুব্ধ তীব্র যন্ত্রণা আর হাহাকার। নায়ক-নায়িকার করুণ রস পরিবেশন ট্র্যাজেডির ধর্ম। এখানে রসই প্রধান। ট্র্যাজেডির ধর্ম হলো কোনো জটিল ও গুরুতর ঘটনার আশ্রয়ে বিশেষ ধরনের রস সঞ্চার, যা আমাদের অনুভূতিকে অভূতপূর্ব আবহে আলোড়িত করবে। এটি জৈব ঐক্যবিশিষ্ট হবে, অর্থাত্ এর একটি একক অটুট আকার থাকবে। দ্বন্দ্বপূর্ণ কাহিনির এতে বিশেষ ভূমিকা থাকলেও গঠনগত দিক থেকে এতে নাটকীয় বৈশিষ্ট্য থাকা অপরিহার্য, যা দর্শকের মনে ভয়, করুণা ও প্রশান্তি জাগাবে।
উদ্দীপকে নাট্যসাহিত্যের এমন শ্রেণির কথা বলা হয়েছে, যার মূলে রয়েছে আত্মার দ্বন্দ্ববিক্ষুব্ধ যন্ত্রণা আর হাহাকার। প্রধান চরিত্রের করুণ রস পরিবেশনই এর ধর্ম; যা নাট্যশ্রেণির ট্র্যাজেডির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অর্থাত্ উদ্দীপকে নাট্যশ্রেণির ‘ট্র্যাজেডি’র পরিচয় পরস্ফুিটিত হয়েছে।
উত্তর-ঘ
উদ্দীপকে নাট্যশ্রেণির ‘ট্র্যাজেডি’র কথা উল্লিখিত হয়েছে। ট্র্যাজেডি নাট্যসাহিত্যের সর্বোচ্চ আসনে আসীন হলেও নাটকের বিভিন্ন শ্রেণিবিভাগ রয়েছে।
সাহিত্য রচনার একটি বিশেষ রূপশ্রেণি হলো নাটক। নাটকের শ্রেণিবিভাগ বিষয়টি বিবেচনা করলে একে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভাজন সম্ভব। নাটককে ট্র্যাজেডি, কমেডি, মেলোড্রামা, ট্র্যাজিকমেডি ও প্রহসন—এই পাঁচ ভাগে ভাগ করা যায়।
কমেডি: অন্যান্য নাট্যপ্রকারের মধ্যে কমেডি নাটকের পরিসমাপ্তি আনন্দে বা মিলনে। জীবনের বিভিন্ন অনুষঙ্গকে আশ্রয় করে রস সৃষ্টি এবং আকর্ষণীয় ও হূদয়গ্রাহী সংলাপকুশলতার মধ্য দিয়েই এর সার্থকতা। ট্র্যাজেডির মতো নায়ক বা নায়িকার চরিত্রের হূদয় গভীরে গিয়ে তার মনোজগত্, উপলব্ধির জগত্ কমেডিতে উন্মোচন করা হয় না। এই নাটকে বুদ্ধি ও মননশীলতার তির্যক প্রকাশ ঘটে। মার্চেন্ট অব ভেনিস, কমেডি অব এয়ারস—এরূপ কমেডি নাটক।
মেলোড্রামা: মেলোড্রামায় আবেগের উত্কট প্রাধান্য থাকে। এটিও বিয়োগান্ত নাট্যপ্রকার, তবে এতে ট্র্যাজেডির মতো কোনো উত্তুঙ্গ নান্দনিকতা সঞ্চারিত হয় না। এখানে আবেগের তীব্রতা দিয়ে দর্শকের হূদয়কে আন্দোলিত করা হয়। একে অতিনাটকীয়তাও বলা চলে।
ট্র্যাজিকমেডি: এতে ট্র্যাজেডির গুরুগম্ভীর পরিবেশকে খানিকটা লঘু করার উদ্দেশ্যে হাস্যরস সম্পৃক্ত করা হয়। ট্র্যাজিকমেডির ধারণাকে নাট্যলক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে অনেক নাট্যকার dramatic relief হিসেবে ট্র্যাজেডি নাটকে স্বল্প পরিসরে ব্যবহার করে থাকেন।
প্রহসন: মেলোড্রামা বা ট্র্যাজিকমেডি থেকে প্রহসন বিভিন্ন মাপকাঠিতে পৃথক। এই নাটকের বিষয় হিসেবে কোনো গভীর বা মৌলিক সমস্যাকে বেছে নেওয়া হয় না; কিংবা নিলেও তাকে সেই মাত্রার গুরুত্ব দিয়ে পরিবেশন করা হয় না। নাটকের চরিত্রগুলোর হাস্যকর ক্রিয়া ও কৌতুককর সংলাপ এই নাটকের মুখ্য বৈশিষ্ট্য।
অর্থাত্ বলা চলে, ট্র্যাজেডি ছাড়াও নাটকের আরও বিভিন্ন শ্রেণিবিভাগ রয়েছে।
সহকারী অধ্যাপক, সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা