বাংলা ১ম পত্র
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকাবাবুরের মহত্ত্বপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ‘বাবুরের মহত্ত্ব’ কবিতা থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশ আলোচনা করব। প্রশ্ন: ঘ. ‘বাবুরের মহত্ত্ব’ কবিতা অবলম্বনে সম্রাট বাবরের চরিত্রের মহানুভবতার পরিচয়টুকু বর্ণনা করো।উত্তর: ঘ. বিশিষ্ট কাব্যসাধক ও কবিশেখর উপাধিতে ভূষিত কবি কালিদাস রায়ের বিখ্যাত কাব্যগ্রন্থ পর্ণপুট থেকে সংকলিত হয়েছে ‘বাবুরের মহত্ত্ব’ কবিতাটি। এখানে মোগল সম্রাট বাবরের অসাধারণ রাজ্যশাসন, মহানুভবতা ও উদারনীতির পরিচয়কে কবি মানবিক মূল্যবোধের এক উত্কৃষ্ট নমুনা হিসেবে তুলে ধরেছেন।কবিতাটির নামকরণের মধ্যেই বাবরের জীবনচরিতের এক সুমহান আদর্শ লক্ষণীয়। তিনি ছিলেন মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। পৃথিবীর অন্য কোনো দেশের সম্রাটের মতো বাবর নিজের একাধিপত্যকে প্রজাদের ওপর চাপিয়ে দিতে চাননি; বরং তাঁর রাজ্য জয় থেকে শুরু করে সব ধরনের কার্যক্রমের মধ্যে ফুটে উঠেছে এক মহৎ ব্যক্তিত্ব। তিনি ছিলেন একজন সুশাসক। বিশাল মোগল সাম্রাজ্যের শাসক হিসেবে প্রথমেই তিনি চেয়েছিলেন রাজ্যের বিশাল আয়তনের মালিক হওয়ার চেয়ে রাজ্যের প্রজাকুলের প্রিয়ভাজন হওয়াটাই প্রকৃত রাজ্য জয়। তিনি সর্বান্তকরণে চেষ্টা করতেন প্রজাদের দুঃখ-দুর্দশা লাঘবের। একজন সুশাসক হিসেবে প্রতিষ্ঠা পাওয়াটাই ছিল তাঁর চিন্তাচেতনা। বাবর ছিলেন অসীম সাহসী বীরযোদ্ধা ও সৈনিক। পাঠান সম্রাট ইব্রাহীম লোদীর বিশাল সেনাবাহিনী থাকা সত্ত্বেও পানিপথের প্রথম যুদ্ধে বাবর অদম্য সাহস ও রণকৌশল দিয়ে তাঁকে পরাজিত করেন। মেবার রাজা সংগ্রাম সিংহকে তিনি খানুয়ার প্রান্তরে পরাজিত করেন। তিনি ছিলেন অপ্রতিরোধ্য বীর সৈনিক। এটি তাঁর চরিত্রের তেজস্বিতা ও সাহসিকতার এক সমুজ্জ্বল দিক।একজন স্বপ্রতিষ্ঠিত ও সফল শাসক হিসেবে বাবর ছিলেন অতিশয় প্রজাবত্সল। প্রজাদের দুঃখ-কষ্ট, সুবিধা-অসুবিধা স্বচক্ষে দেখার জন্য তিনি ছদ্মবেশে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ঘুরে বেড়াতেন। দস্যুবৃত্তিকে তিনি ঘৃণা করতেন। তাঁর মতে, শাসক হিসেবে জনগণের শ্রদ্ধা আর ভালোবাসা নিয়ে দেশ চালানোটাই হলো প্রকৃত সার্থকতা। প্রজাদের মনোরঞ্জন করাকেই তিনি বড় মনে করতেন। তাই তাঁকে বলা হতো প্রজারঞ্জক শাসক।তিনি ছিলেন দয়ালু, মহানুভব ও উদার প্রকৃতির। নিজের জীবনের মায়া উপেক্ষা করে মৃত্যুপথযাত্রী এক মেথর শিশুকে পাগলা হাতির পায়ের নিচ থেকে তুলে এনে তিনি যে মহত্ত্বের পরিচয় দিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। তাঁর চরিত্রের এই মানবিক মূল্যবোধটুকু অসাধারণ।সর্বোপরি তিনি ছিলেন ক্ষমাশীল। যে রাজপুত চৌহান তাঁকে হত্যার জন্য গোপনে ছুরি নিয়ে ঘুরছিলেন, তাঁকে তিনি আপন করতলে পেয়েও ক্ষমা করে দিলেন। তিনি অন্যায়ের প্রতিবাদ করতেন। আবার আত্মসমর্পণকারীকে ক্ষমা করে দিতেন। তাঁর এই উদার নীতি সবাইকে আকৃষ্ট করত।অতএব এ কথা নির্দ্বিধায় বলা যায়, একজন পরাক্রমশালী নৃপতি হয়েও সম্রাট বাবর ছিলেন অসংখ্য মানবীয় গুণাবলিতে পরিপূর্ণ একজন সাধারণ মানুষ।