বাংলা ১ম পত্র
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা তরু প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ‘তরু’ কবিতা থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য কবিতাটির বিষয়বস্তু ভালভাবে পড়বে। # নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।হাজী মুহম্মদ মুহসীন ছিলেন মানব প্রেমিক ব্যক্তি। তিনি উত্তরাধিকারি সূত্রে অগাধ ধন-সম্পত্তির মালিক হন। কিন্তু এ অগাধ সম্পত্তির মালিক হয়েও তিনি অতি সাধারণ জীবন যাপন করেছেন। গরীবদের প্রতিও তিনি ছিলেন অতিশয় বিনীত। তার কাছে সাহায্য চাইতে আসলে কখনই কাউকে খালি হাতে ফেরত দেননি। সকলকেই সাহায্য সহযোগিতা করেছেন। দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা খরচ জোগানোর জন্য তিনি গঠন করেন ‘মহসীন ট্রাষ্ট’। তার মহানুভবতার জন্য তিনি দাতা মহসীন নামে পরিচিত হয়ে ওঠেন। আজও মানুষ তাকে শ্রদ্ধাভরে স্মরণ করে। প্রশ্ন: ক. উদ্ধৃত অংশটুকু কোন কবিতার তাত্পর্য নির্দেশ করে?প্রশ্ন: খ. মানুষ ধনী হলে কী করে? প্রশ্ন: গ. ‘পরোপকার মানবজীবনের একটি মহৎ গুণ’—উদ্দীপকের আলোকে কথাটি ব্যাখ্যা করো। উত্তর: ক. উদ্ধৃত অংশটুকু কৃষ্ণচন্দ্র মজুমদার রচিত ‘সদ্ভাব শতক’ কাব্যগ্রন্থ থেকে নির্বাচিত ‘তরু’ কবিতাটির তাত্পর্য নির্দেশ করে।উত্তর: খ. প্রাণিকুলের সর্বশ্রেষ্ঠ জীব মানুষের শ্রেষ্ঠত্ব তখনই প্রকাশ পায়, যখন তার থেকে অন্যরা উপকৃত হয় অথবা জগতের কল্যাণ সাধিত হয়। এর জন্য মানুষকে হতে হবে উদার, সহনশীল নিঃস্বার্থ আর পরোপকারী মনোভাবাপন্ন। অথচ মানুষের এই মানবিকতা অনেক ক্ষেত্রেই প্রকাশ পায় না। তারা যখন সম্পদশালী হয়, তখন নিজেদের আত্মগরিমায় বিভোর হয়ে মানুষকে হেয় প্রতিপন্ন করে এবং অহংকারী হয়ে ওঠে। তার সম্পদ কোনো দুস্থ অসহায় মানুষের কাজে আসে না। তার দম্ভে সমাজ প্রকম্পিত হয়। সে অন্যের হিত সাধন না করে বরং অন্যের অনিষ্ট চিন্তায় মগ্ন থাকে। অনেক বিত্তশালী মানুষই ধরাকে সরা জ্ঞান করে। মানুষের এই বৈশিষ্ট্য তার মনুষ্যত্বকেই কলঙ্কিত করে, কোনো সুনাম বয়ে আনে না। সম্পদের অহংকারে আত্মম্ভরী মানুষ কখনো কারও শ্রদ্ধাভাজন হতে পারে না।উত্তর: গ. মানুষ সামাজিক জীব। পারস্পরিক সহযোগিতার ভিত্তিতেই তাকে সমাজে বাস করতে হয়। এ কারণে পরোপকারের মহান ব্রতে মানুষকে উদ্দীপ্ত হতে হবে। তা হলেই সমাজ জীবন আনন্দময় হয়ে উঠবে। স্বার্থমগ্নতা মনুষ্যত্বের পরিপন্থী। স্বার্থপর ব্যক্তি বৃহত্তর সমাজ জীবন থেকে নির্বাসিত থাকে। পৃথিবীর সুখ-দুঃখ, মঙ্গল-অমঙ্গলে তার হূদয়-মন স্পর্শ করে না। মানবধর্মের অবমাননাকারী এসব ব্যক্তি পৃথিবীর আবর্জনা। মানুষ যদি মানুষের উপকারেই না আসে, তাহলে তার জীবন ব্যর্থ। সত্যিকারের ভালো মানুষ সে-ই, যে নিজের স্বার্থের কথা বিবেচনা না করে পরোপকারে নিয়োজিত থাকে। সেই মহৎ মানুষ যে নিজের জন্য পর, বিশ্বমানবের জন্য নিবেদিত হয়েছে। জগতের মহান ব্যক্তিরা সেবাধর্মকেই জীবনের শ্রেষ্ঠ ধর্ম বলেছেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘মানুষের মধ্যে তিনিই শ্রেষ্ঠ, যিনি মানুষের উপকার করেন।’ স্বামী বিবেকানন্দের কণ্ঠে উচ্চারিত হয়েছে—‘জীবে প্রেম করে সেই জন, সেইজন সেবিছে ঈশ্বর।’ পরার্থে জীবন উত্সর্গ করার মাধ্যমেই মানবজীবন সার্থকতায় উজ্জ্বল হয়ে ওঠে। আর মানুষের মহৎ গুণাবলির মধ্যে পরোপকার একটি অন্যতম গুণ। যারা বিত্তবান তাদের দীন-দুঃখীর দুঃখ মোচনে অর্থ ব্যয় করতে হবে। যাদের সে সামর্থ্য নেই, তারা সাধ্যমতো তাদের শ্রম দিয়ে, ভালোবাসা দিয়ে অপরের কল্যাণ সাধনে নিয়োজিত হবে। যার যতটুকু সামর্থ্য তা দিয়েই সে অন্যের উপকার করতে পারে। পরোপকার প্রত্যেক মানুষেরই এক সৎ ও মহৎ হূদয়বৃত্তি। এই হূদয়বৃত্তির জাগরণই মনুষ্যত্বের পরিচায়ক। নিঃস্বার্থ মানবসেবা মানুষের এক দুর্লভ গুণ। মানুষের জীবনে যদি এই গুণটির দীক্ষা থাকে তাহলে এই ধুলার ধরণীতে বয়ে যাবে অনাবিল শান্তির পরশ। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল