বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা তরু প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ‘তরু’ কবিতা থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশ আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য কবিতাটির বিষয়বস্তু ভালভাবে পড়বে। প্রশ্ন: ঘ. ‘তরু’ কবিতার ভাবার্থটুকু উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।উত্তর: ঘ. বিশিষ্ট কবি ও সাংবাদিক কৃষ্ণচন্দ্র মজুমদার রচিত কাব্যগ্রন্থ ‘সদ্ভাব শতক’ থেকে নির্বাচিত হয়েছে নীতিকথামূলক কবিতা ‘তরু’। এখানে কবি বৃক্ষের বিনয় ও ঔদার্যকে মানুষের আদর্শ হিসেবে ফুটিয়ে তুলেছেন।উদ্দীপকে উল্লিখিত হাজী মুহম্মদ মুহসীন একজন দাতা এবং পরোপকারি ব্যক্তি। তিনি সমাজে দরিদ্র ও নিম্নবিত্ত মানুষদের সেবা করতেন। কিন্তু কখনই অহংকারবোধ করতেন না। তেমনি ‘তরু’ কবিতাটির মাধ্যমে সমাজে পরোপকারের কথা বলা হয়েছে। একটি বৃক্ষ তার অপরূপ সৌন্দর্য সুষমা অন্যের মধ্যে ছড়িয়ে দিয়ে সবাইকে মোহিত করে অথচ এর জন্য তার নিজের কোনো গর্ব বা অহংকার নেই। একজন সরল সাধু ব্যক্তির ন্যায় গাছ অত্যন্ত হূদয়বান হয়। নিজের জ্ঞান-বুদ্ধি দিয়ে বিবেচনা করলে দেখা যায়, প্রকৃতির ভারসাম্য রক্ষায় অসামান্য অবদান রাখলেও তাতে তার বিন্দুমাত্র বড়াই নেই। এ ক্ষেত্রে মানুষ হিসেবে অনেকেই গাছের মতো হূদয়বান হতে পারে না। মানুষ যখন বিত্ত-বৈভবে বিশাল ক্ষমতার অধিকারী হয়, চতুর্দিকে নাম-যশ ছড়িয়ে পড়ে, তখনই তার আত্ম গৌরব বৃদ্ধি পায়। সে তখন নিম্নবিত্তের মানুষকে ঘৃণা করতে শুরু করে। এদিক থেকে বিবেচনা করলে দেখা যায়, গাছ মানুষের চেয়ে অধিক নীতিবান। তারা ফলভারে নুইয়ে পড়ে। মানুষের মতো অহংকারী হয় না। আবার মানুষ দরিদ্র হলে তখন সে লজ্জায় মাথা নত করে থাকে। মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস সে হারিয়ে ফেলে। এ ক্ষেত্রেও আমরা দেখি, গাছ ফলশূন্য হলে তাদের শির সমুন্নত থাকে। মানুষের মতো তারা নুইয়ে পড়ে না। এতে আমরা সহজেই উপলব্ধি করতে পারি, গাছ মানুষের অন্যতম আদর্শ হতে পারে। বৃক্ষ ছাড়া প্রকৃতি নিরাভরণে ঢাকা। এরা মহত্ত্ব ও ঔদার্যের নিদর্শন। কবি বৃক্ষের এই সরলতা, মহানুভবতা ও ঔদার্য থেকে মানুষকে শিক্ষা নিতে বলেছেন। কবি ‘তরু’ কবিতায় বৃক্ষকে তুলে ধরেছেন একজন সাধু, সৎ ও ঔদার্যবান মানুষ হিসেবে। প্রকৃতির এই মহৎ প্রাণী তরু শ্রেণীকে অনুসরণ করলে মানুষের মধ্যেও জাগ্রত হবে বিবেক, উদারতা, নীতিবোধ আর আদর্শ।