বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরু প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ‘তরু’ কবিতা থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ দুটি অংশ আলোচনা করব। প্রশ্ন: গ. ‘এদের স্বভাব ভালো মানবের চেয়ে’—কথাটি উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।উত্তর: গ. গাছ যে একজন মানুষের জীবনে অনুকরণীয় আদর্শ হতে পারে, তা বোঝার জন্য প্রয়োজন সূক্ষ্ম জীবনবোধ ও জ্ঞানচক্ষুর বিশালতা। গাছের পরোপকারিতা বিনয়, উদারতা ও মহত্ত্বের আদর্শে অনুপ্রাণিত হয়ে উদ্দীপক ও কবিতায় একই ধরনের কথার অবতারণা করা হয়েছে। গাছ প্রকৃতির শোভাবর্ধনকারী এক অমূল্য সম্পদ। এরা ফুল-ফল দান করে অকাতরে নিজেদের বিলিয়ে দেয়। গাছ কখনো ফলভারে অহংকারী হয় না, বরং ফলের সম্ভার নিয়ে সে বিনীতভাবে মাথা নিচু করে থাকে। অথচ মানুষ সম্পদশালী হলে নিজেকে বড় মনে করে, অন্যকে হেয় প্রতিপন্ন করে। গাছ ফলশূন্য অবস্থায় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। এতে তার অনমনীয় ভাবটি ফুটে ওঠে অথচ মানুষ গরিব হলে সহজেই অন্যের করুণা ভিক্ষা করে। গাছের এসব উদারতা, মহত্ত্ব, বিনয় স্বার্থহীনতা সবকিছুই আমাদের জীবনে অনুকরণীয় আদর্শ হতে পারে। কিন্তু মানুষ নিজেদের ক্ষমতার মোহে অন্ধ হয়ে নিজের মানসচক্ষুকে অন্ধকারে নিমজ্জিত রাখে। ফলে গাছের এই মহিমা মানুষের চোখে পড়ে না। মানুষ যদি অন্তশ্চক্ষু দিয়ে গাছের প্রকৃত মহত্ত্বটুকু উপলব্ধি করত, তাহলে বোঝা যেত আমাদের অবক্ষয়ী সমাজের জন্য গাছের নৈতিকতা কতখানি পাথেয় স্বরূপ। অনেক সময় মানুষ প্রচণ্ড অহমিকায় নিজের বিচারবুদ্ধিকে অবলীলায় বিসর্জন দিয়ে অকল্যাণের পথে পা বাড়ায় কিন্তু গাছ তা করে না। সে সব সময়ই অকাতরে অন্যের সেবায় নিয়োজিত থাকে। আমাদের জ্ঞানের আলো দিয়ে এগুলো উপলব্ধি করতে হবে। গাছের এই ত্যাগী আদর্শ অনুসরণ করে আমরাও মানব জীবনকে মহিমান্বিত করে তুলতে পারি।প্রশ্ন: ঘ. গাছের কাছ থেকে মানুষের শিক্ষণীয় বিষয়গুলো উদ্দীপক ও তরু কবিতার আলোকে বিশ্লেষণ করো।উত্তর: ঘ. বিশিষ্ট কবি ও সাংবাদিক কৃষ্ণচন্দ্র মজুমদার রচিত ‘সদ্ভাবশতক’ কাব্যগ্রন্থ থেকে নির্বাচিত হয়েছে ‘তরু’ কবিতাটি। কবিতাটিতে কবি গাছ থেকে আমাদের ব্যক্তিগত জীবনে অনেক শিক্ষণীয় বিষয় সম্পর্কে আলোকপাত করেছেন। উদ্দীপকেও একটি আম গাছের উদারতা ও দৃঢ়তার কথা বলা হয়েছে।গাছের অপরূপ সৌন্দর্য এবং খাদ্য উপাদান আমাদের জীবন ধারণের জন্য অন্যতম সহায়ক ভূমিকা পালন করছে। মহাবিশ্বের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করছে বৃক্ষ। গাছ তার সমস্ত সত্ত্বাকে উজাড় করে দিয়ে প্রতিনিয়ত মানুষকে ফুল-ফল দান করে ধন্য করছে। আমাদের জীবন ধারণের সবচেয়ে প্রয়োজনীয় উপাদান অক্সিজেন আমরা গাছের মাধ্যমেই পেয়ে থাকি। অথচ গাছের এত অবদান থাকা সত্ত্বেও গাছ নিজেকে কখনোই বড় মনে করে না বরং গাছের আত্মত্যাগের মহিমা বড়ই উদার। গাছ থেকে আমরা ত্যাগের মন্ত্রে দীক্ষিত হতে পারি। গাছ শুধু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য বর্ধনই করে না—সমাজে ছড়িয়ে দেয় স্নিগ্ধতার ইঙ্গিতবাহী বার্তা। মানুষ ধনবান হলে আত্মগরিমায় ফেটে পড়ে কিন্তু গাছ ফলভারে নত হয়ে গুণী ব্যক্তির মতো মানুষের সেবায় আত্মনিয়োগ করে। এ ক্ষেত্রে আমরা গাছের কাছ থেকে সাধু ও গুণী হওয়ার শিক্ষা পেয়ে থাকি। গাছ ফলশূন্য হলে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে অথচ মানুষ দরিদ্র হলে সহজেই অন্যের কাছে মাথা নত করে। এখানেও আমরা গাছের কাছ থেকে পরমুখাপেক্ষী না হওয়ার শিক্ষা পেতে পাারি। গাছ থেকে আমরা ধৈর্য, সাধনা, ত্যাগ, সেবা, কল্যাণ ও মহত্ত্বের আদর্শ গ্রহণ করে পরিশীলিত হতে পারি। গাছ আমাদের আত্মশুদ্ধি ঘটার শিক্ষা দেয়। গাছ স্বার্থহীন ও সুন্দরের প্রতীক। তাই মানুষকে বৃক্ষের জীবনপদ্ধতি থেকে নৈতিক আদর্শ গ্রহণ করতে হবে।একটি গাছ এবং একজন সাধু, সৎ ও বিবেকবান ব্যক্তির মধ্যে কোনো তফাৎ নেই। তাই গাছ হতে পারে আমাদের জীবন চলার পথের অনুকরণীয় আদর্শ।১ম অধ্যায়ের সঠিক উত্তর: ১১। খ ১২। ঘ ১৩। গ।২য় অধায়ের সঠিক উত্তর: ১। খ ২। গ ৩। ক ৪। ঘ ৫। খ ৬। ক ৭। ঘ ৮। খ ৯। খ ১০। গ ১১। গ ১২। গ ১৩। খ ১৪। ঘ ১৫। গ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল