বাংলা ১ম পত্র
আমাদের লোকশিল্পপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।# নিচের উদ্দীপকটি পড়ো এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও।রাহাত সাহেব তার এক বন্ধুর বিয়েতে গিয়ে দেখতে পেল, অনেকেই সেখানে নানা ধরনের উপহার সামগ্রী নিয়ে হাজির হয়েছে। তার উপহারটি একটু ভিন্ন ধরনের। গ্রাম বাংলার পল্লী বধূদের সুনিপুণ হাতে তৈরি নানা রঙের নকশা আঁকা তার এই উপহারটির মধ্যে লুকিয়ে আছে বাংলার ঐতিহ্য এবং বাঙালি নারীর অনন্ত জীবন জিজ্ঞাসা। তাই উপহারটি একটু সেকেলে মনে হলেও এর মধ্য দিয়ে বাংলার ঐতিহ্য ও শিল্পসত্ত্বাকে সমুন্নত রাখতে পারাই রাহাত সাহেবের কাছে গর্বের বিষয় বলে মনে হলোপ্রশ্ন: ক. বাংলার কোন গ্রামীণ লোকশিল্পটি আজ বিলুপ্ত প্রায়?প্রশ্ন: খ. জামদানি শাড়ির বৈশিষ্ট্য কী?প্রশ্ন: গ. উদ্দীপকে রাহাত সাহেবের উপহারটির মধ্যে বাঙালি রমণীর যে জীবন জিজ্ঞাসা লুকিয়ে রয়েছে, তোমার পঠিত প্রবন্ধের আলোকে তার তাৎপর্য বর্ণনা করো।প্রশ্ন: ঘ. রাহাত সাহেবের মনোভাবটুকু প্রত্যেকেই যদি লালন করে, তাহলে বাংলার গৌরবময় লোকশিল্প এখনো বিশ্বের দরবারে সমাদৃত হবে—কথাটির গুরুত্ব বিশ্লেষণ করো।উত্তর: ক. বাংলার যে গ্রামীণ লোকশিল্পটি আজ বিলুপ্তপ্রায় সেটি হলো নকশিকাঁথা।উত্তর: খ. বিশিষ্ট শিল্পী কামরুল হাসান বিরচিত ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধটিতে বাংলাদেশের লোক ঐতিহ্যের বর্ণনা ও এর প্রতি গুরুত্বারোপ করা হয়েছে।বাংলাদেশের বিভিন্ন ধরনের লোকশিল্প তার স্বকীয় বৈশিষ্ট্যে অনন্য। জামদানি শাড়ি তার মধ্যে উল্লেখযোগ্য। সেকালের বিশ্ববিখ্যাত মসলিন কাপড় তৈরির কারিগরদের বংশধররাই এই জামদানি শাড়ি তৈরি করছে। ঢাকার অদূরে শীতলক্ষ্যা নদীর পানির বাষ্প থেকে সৃষ্ট আর্দ্রতার ফলে জামদানি শাড়ি বুননের বিশেষ সুবিধা পাওয়া যায়। জামদানি শাড়ির অপূর্ব বাহারি ডিজাইনের সমাদর শুধু দেশে নয়, বিদেশেও আছে। এর সূক্ষ্ম সুনিপুণ সৌন্দর্যে মুগ্ধ হয়ে বিদেশিরাও এ শাড়ির ভূয়সী প্রশংসা করেছেন।উত্তর: গ. উদ্দীপকে রাহাত সাহেবের উপহারটি ছিল এ দেশের এক সময়ের নন্দিত লোকশিল্প নকশিকাঁথা। গ্রামবাংলার এই অন্যতম লোক ঐতিহ্য নকশিকাঁথার সঙ্গে জড়িত এ দেশের পল্লি রমণীর সুখ-দুঃখ, আনন্দ-বেদনার সচিত্র প্রতিবেদন। দুই-তিনটি পুরোনো কাপড় একসঙ্গে গেঁথে সবচেয়ে ওপরের কাপড়টিতে নকশা করে সাজানো হয় নানা বর্ণের প্রাকৃতিক চিত্র। বর্ষার দিনে কর্মহীন গ্রামের বধূরা একান্ত আপন পরিবেশে বসে দীর্ঘদিন ধরে একটি কাঁথা সেলাই করে। এ সময় পাড়া-পড়শীরাও সুযোগমতো এসে তাদের সঙ্গে গল্পে মশগুল হয়। বিচিত্র রং আর নকশা আঁকা এসব কাঁথার মধ্যে তাদের মনের মাধুরী মেশানো ভাষাগুলো সেলাইয়ের ফোঁড়ে ফোঁড়ে প্রাণবন্ত হয়ে ওঠে। এগুলো শুধু নানা বর্ণের কারুকাজ আর নকশার সমষ্টিমাত্র নয়—এর প্রতিটি ফোঁড়ের মধ্যে লুকিয়ে আছে তাদের হাসি-কান্না, সুখ-দুঃখ ও দৈনন্দিন জীবনের হাজারো অব্যক্ত কথা। তাদের পরিবেশ, জীবনগাথা সবই এ সেলাইয়ের মধ্যে সংযুক্ত হয়ে থাকে। বিরহী রমণীর দীর্ঘশ্বাস, মিলনের সুমধুর রাগিনী সব কিছুর সংমিশ্রণে কাঁথাটি হয়ে ওঠে প্রাণবন্ত। এই অতুলনীয় লোকশিল্পটি আজ অনেকটাই তার কদর হারিয়েছে। অথচ অল্প শীতের শিহরিত আমেজে একটা নকশিকাঁথা গায়ে জড়ালে আজও খুঁজে পাওয়া যায় জীবনের ফেলে আসা আনন্দ-বেদনার সেই রক্তিম স্বপ্নময় স্মৃতি—যার আবেদন কখনোই বিনষ্ট হওয়ার নয়। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল