বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহত্ত্বের শক্তিপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ‘মহত্ত্বের শক্তি’ প্রবন্ধ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ দুইটি অংশ আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।প্রশ্ন: গ. উদ্দীপকে উল্লিখিত হাসান সাহেব চরিত্রের সঙ্গে তোমার পঠিত গল্পের চরিত্রটি কতটুকু সাদৃশ্যপূর্ণ তা বর্ণনা করো।উত্তর: গ. উদ্দীপকের হাসান সাহেব একজন লোভী, হিংসুক আর স্বার্থপর মানুষ। ক্ষমতার দাপট দেখিয়ে সে ভোটের রায় নিজের পক্ষে নিতে চায়। মানুষের সেবা দান তার উদ্দেশ্য নয়। অবৈধভাবে টাকা-পয়সার বিনিময়ে সে নিজের স্বার্থ উদ্ধারে মরিয়া হয়ে উঠেছে। সাধারণ জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিলই তার উদ্দেশ্য। এখানে ‘মহত্বের শক্তি’ প্রবন্ধের ইয়েমেন অধিপতির চরিত্রের সঙ্গে হাসান সাহেবের চরিত্রটি বেশ সাদৃশ্যপূর্ণ। কারণ, ইয়েমেন অধিপতির অন্তরও ছিল হিংসা আর লালসায় পরিপূর্ণ। নিজ স্বার্থ চরিতার্থ করতে তিনি পিশাচ বনে গিয়েছিলেন। তিনি তার সমকক্ষ বা বিকল্প কোনো মানুষের গুণাগুণ সহ্য করতে পারতেন না।একচ্ছত্র আধিপত্য পাওয়ার এক দুর্বল মানসিকতা সব সময় তাঁর মধ্যে কাজ করত। তিনি ছিলেন প্রতিহিংসাপরায়ণ। হাতেমের গুণগানে যখন অন্যরা মুখরিত হলো তখন প্রতিহিংসার আগুনে পুড়ে তিনি ঘাতক প্রেরণ করলেন হাতেম হননের উদ্দেশ্যে।প্রশংসা লোভী ও পরশ্রীকাতর এই নরপতির সঙ্গে হাসান সাহেবের চরিত্রের সাদৃশ্য থাকলেও তা সম্পূর্ণ নয়। যেমন হাসান সাহেব তাঁর প্রতিপক্ষকে মারতে উদ্যত হয়নি। অন্যদিকে ইয়েমেন অধিপতি শেষ পর্যন্ত হাতেমতায়ীর মহানুভবতার কাছে পরাজিত হয়ে নিজ ভুলের জন্য অনুতপ্ত হয়েছেন। এখানে হাসান সাহেবের মধ্যে এ রকম কোনো বৈশিষ্ট্য ফুটে ওঠেনি। তবে কিছুটা বৈশাদৃশ্য থাকলেও বেশির ভাগ ক্ষেত্রেই চরিত্র দুটির মধ্যে সাদৃশ্য ফুটে উঠেছে।প্রশ্ন: ঘ. ‘ক্ষমতার জোরে নয়, মহত্ত্ব, উদারতা আর অনুপম ব্যবহারই একজন মানুষকে সহজেই অন্যের প্রিয়ভাজন করে তোলে’— মহত্ত্বের শক্তি গল্প অবলম্বনে উক্তিটির যথার্থতা নিরূপণ করো।উত্তর: ঘ. প্রখ্যাত লেখক মোহাম্মদ এয়াকুব আলী বিরচিত ‘ধর্মের কথা’ গ্রন্থের অন্তর্গত ‘মহত্ত্বের শক্তি’ প্রবন্ধটির মধ্যে মহৎ হূদয় হাতেমের বদান্যতার একটি কাহিনি বর্ণিত হয়েছে। যেখানে আরবের ইয়েমেন অধিপতি প্রচুর ধনসম্পদ দান করেও প্রজাদের মন জয় করতে সক্ষম হয়নি, সেখানে এক অতি সাধারণ সাধু পুরুষ হাতেমতায়ী কপর্দকশূন্য হয়েও নিজ মহানুভবতা, উদারতা আর বদান্যতার কারণে সাধারণ জনগণের হূদয়ে আসন করে নিয়েছেন। এতে নরপতি ক্ষিপ্ত হয়ে ঘাতক প্রেরণ করেন হাতেমকে হত্যার উদ্দেশ্যে। ঘাতক হাতেম হননে রওয়ানা হয়ে পথিমধ্যে সাক্ষাৎ পান এক সুদর্শন ও অমায়িক চরিত্রের ব্যক্তির সঙ্গে। তাঁর বান্ধবতা, আতিথেয়তা ও অনুকম্পায় বিগলিত হয় ঘাতকের মন। অতঃপর তিনি নিজ উদ্দেশ্যের কথা নির্বিঘ্নে ব্যক্ত করেন যুবকের কাছে। পরে যখন ঘাতক জানতে পারে এই অনুপম চরিত্রের অধিকারী যুবকটিই আসলে হাতেমতায়ী, তখন তিনি বাকরুদ্ধ হয়ে যান। হাতেমের পদতলে নিজেকে সমর্পণ করে নিজের উদ্দেশ্যের কথা ব্যক্ত করেন। হাতেমতায়ী অত্যন্ত বিনীতভাবে ঘাতককে অনুরোধ করে তার শিরচ্ছেদ করতে। মুহূর্তেই ঘাতকের মধ্যে জেগে ওঠে আপন সত্তা। এমন অনন্যসুলভ আচরণ কোনো মানুষের হতে পারে তিনি বিশ্বাস করেন না। অতঃপর রাজপ্রাসাদে ফিরে এসে নরপতির কাছে তিনি হাতেমের মহানুভবতার বর্ণনা দেন। স্বয়ং নরপতিও তখন হাতেমের জয় গানে মুখরিত হয়ে ওঠে। হাতেমের মহত্ত্বের শক্তির কাছে ইয়েমেন অধিপতির তরবারির ক্ষমতা নিষ্প্রভ হয়ে পড়ে। আসলে ক্ষমতার দাপটে নয়, একজনের চরিত্রের মহিমাই তাকে অন্যের কাছে প্রিয়ভাজন করে তুলতে পারে।