বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা ভাষার জন্মকথাপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘বাংলা ভাষার জন্মকথা’ প্রবন্ধ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য প্রবন্ধটির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। # উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।ভাবের বাহন ভাষা। একসময় লেখকদের প্রতিজ্ঞা ছিল সংস্কৃত ভিন্ন অন্য কোনো শব্দ ব্যবহার না করা। কিন্তু কতিপয় শিক্ষিত উঁচু শ্রেণীর ব্যবহূত সংস্কৃত শব্দ সাধারণ মানুষের কাছে ছিল দুর্বোধ্য। তাই ক্রমান্বয়ে যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে লেখকেরা এ নিয়ম ত্যাগ করেছেন। দৈনন্দিন জীবনে ব্যবহূত সাধারণ মানুষের ভাষাই সর্বজনবোধ্য। তাই নানা বিবর্তনের ধারা পার করে আজকের বাংলা ভাষা প্রতিষ্ঠা পেয়েছে সর্বসাধারণের গ্রহণযোগ্য ভাষা হিসেবে।প্রশ্ন: ক. সাধারণ মানুষের কথ্য ভাষা কোনটি? প্রশ্ন: খ. মাগধী অপভ্রংশ কী? এর শাখাগুলোর পরিচয় দাও। প্রশ্ন: গ. ‘যে ভাষা সাধারণের বোধগম্য নয়, সে ভাষা সর্বসাধারণের গ্রহণযোগ্যতা পায় না’—উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। প্রশ্ন: ঘ. ‘নানা বিবর্তনের ধারা পার করে বর্তমান বাংলা ভাষা প্রতিষ্ঠা পেয়েছে’—বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধের আলোকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর: ক. সাধারণ মানুষের কথ্য ভাষা ছিল ‘প্রাকৃত’।উত্তর: খ. বাংলা ভাষার উদ্ভব সম্পর্কে বিভিন্ন পণ্ডিতের মধ্যে নানা বিতর্কের সৃষ্টি হয়েছে। তৎকালীন উঁচু বংশের মানুষের লেখার ভাষা ছিল সংস্কৃত। আর সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের ভাষার নাম ছিল প্রাকৃত। এই প্রাকৃত ভাষাগুলোকে বলা হতো মধ্য ভারতীয় আর্যভাষা। প্রাকৃত ভাষা ধীরে ধীরে নানা বিবর্তনের ফলে শেষ স্তরে এসে অপভ্রংশ ভাষায় রূপ নিয়েছে। এই অপভ্রংশের পরিবর্তিত রূপকে বলা হয় মাগধী অপভ্রংশ। মাগধী অপভ্রংশের তিনটি শাখা। পূর্ব মাগধী অপভ্রংশ, মধ্য মাগধী অপভ্রংশ এবং পশ্চিম মাগধী অপভ্রংশ। ড. সুনীতি কুমারের মতে, পূর্ব মাগধী অপভ্রংশ থেকে উদ্ভূত হয়েছে বাংলা, আসামি ও ওড়িয়া ভাষার। অন্য দুটি শাখা থেকে জন্ম হয়েছে মৈথিলি ভোজপুরিয়া ইত্যাদি ভাষার। অপভ্রংশ হলো মূল ভাষার শব্দাবলির বিকৃত বা অশুদ্ধ রূপ। অর্থাৎ প্রাকৃতের পরবর্তী রূপকে বলে অপভ্রংশ।উত্তর: গ. মনের ভাব প্রকাশের অন্যতম বাহন ভাষা। তাই এ ভাষা হতে হবে সহজ-সরল ও প্রাঞ্জল অর্থাৎ মানুষের দৈনন্দিন জীবনের ব্যবহারোপযোগী। এখানে সংস্কৃত ভাষা বলতে বিজ্ঞ পণ্ডিতজনের লেখ্য ভাষাকেই বোঝায়। এসব ভাষা কখনোই সর্বসাধারণের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। দেশের আপামর জনগণ আর শিক্ষিত জনগোষ্ঠী—এই দুই শ্রেণীর মধ্যে সিংহভাগই হলো সাধারণ মানুষ। একটি ভাষা তৈরি হলেই তা স্থায়ী হয় না। মানুষের মুখে মুখে বদলে যায় ভাষার ধ্বনি। পরিবর্তন ঘটে শব্দের, সেই সঙ্গে অর্থের। যে ভাষা মানুষের মনের আবেদন মেটাতে সক্ষম নয়, সে ভাষা কখনোই টিকে থাকে না। তাই সংস্কৃতের মতো দুর্বোধ্য ভাষা কখনোই সর্বজনগ্রাহ্য হতে পারে না। কালের পরিক্রমায় মানুষ তার দৈনন্দিন জীবনের কথাবার্তা ও ভাববিনিময়ের জন্য প্রাকৃত ভাষাকেই বেছে নিয়েছিল। এভাবে প্রাকৃত ভাষা সবার মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। আর সাধারণের মধ্যে এ ভাষার গ্রহণযোগ্যতা ছড়িয়ে পড়ে। যে ভাষা কতিপয় মানুষের মধ্যে সীমাবদ্ধ, সে ভাষা শুধু সমাজের উঁচুস্তর পর্যন্তই পৌঁছাতে পারে। সে ভাষা কখনো কারও প্রাণের ভাষা হতে পারে না। ভাষা যেমন তার আপন গতিতে চলে, মানুষের মাঝে স্থান করে নেয়, আবার সময়ের প্রয়োজনে সাধারণ মানুষের চাওয়া-পাওয়া, সুখ-দুঃখ ও দৈনন্দিন জীবনের সঙ্গেই ভাষার মাধুর্য বিস্তার লাভ করে। এটাকে কেউ কারও ওপর জোর করে চাপিয়ে দিতে পারে না।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল