বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দর ব্যবহারপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ১ম পত্রের ‘সুন্দর ব্যবহার’ প্রবন্ধ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ দুটি অংশ আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য প্রবন্ধটির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। প্রশ্ন: গ. উদ্দীপকের শফিক সাহেব চরিত্রটি ‘সুন্দর ব্যবহার’ প্রবন্ধের মূল বক্তব্যকে কতটুকু মূল্যায়ন করেছে তা ব্যাখ্যা করো উত্তর: গ. সুন্দর ব্যবহার বলতে আমরা বুঝি, মানুষ তার স্বভাবসুলভ যেসব গুণের দ্বারা সহজেই অন্যের প্রিয়ভাজন হয়। সুন্দর ব্যবহারের মধ্যেই প্রকৃত মনুষ্যত্ব নিহিত। সুসাহিত্যিক রাজিয়া মাহবুব রচিত ‘সুন্দর ব্যবহার’ প্রবন্ধের মধ্যে ফুটে উঠেছে, কী উপায়ে একজন মানুষ তার সুন্দর আচরণ দিয়ে ব্যক্তিত্বকে মহিমান্বিত করতে পারে। উদ্দীপকের শফিক সাহেবের চরিত্রটির মধ্যে ‘সুন্দর ব্যবহার’ প্রবন্ধের কোনো প্রতিফলনই ঘটেনি। তিনি একজন অফিসের উচ্চপদস্থ কর্মকর্তা। অথচ তাঁর আচারে-ব্যবহারে ফুটে উঠেছে বদমেজাজ আর আত্মঅহংকার। কর্মচারীদের সঙ্গে সব সময় সে দুর্ব্যবহার করেছেন। তাঁর অসহিষ্ণু ও অনমনীয় আচরণের কারণে কেউই তাঁকে পছন্দ করে না। শুধু শিক্ষিত হয়ে বড় চাকরি করলেই ভালো মানুষ হওয়া যায় না। সমাজে বাস করে অপরাপর মানুষের সঙ্গে ভালো ব্যবহার না করলে, সে শুধু নিন্দা আর তিরস্কারই পায়। ক্ষমতার অপব্যবহার না করে কেউ যদি ক্ষমতার প্রকৃত সৌন্দর্য প্রদর্শন করে তাহলে তাঁর ব্যক্তিত্বের মহিমা আরও উজ্জ্বল হয়ে ফুটে ওঠে। মানুষের সঙ্গে হাসিমুখে কথা বলা, ভদ্রতা বজায় রাখা, কথার বরখেলাপ না করা, ছোট বলে অবহেলা না করা, মানীকে সম্মান করা ইত্যাদি হলো সুন্দর ব্যবহারের বৈশিষ্ট্য। অথচ শফিক সাহেবের চরিত্রে এর কোনোটিরই প্রকাশ ঘটেনি। তাই বলা যায়, ‘সুন্দর ব্যবহার’ প্রবন্ধের মধ্যে প্রকাশিত মানুষের সুন্দর আচরণের যে দিকটি ফুটে উঠেছে, শফিক সাহেব চরিত্রটি তার সম্পূর্ণ বিপরীত। প্রশ্ন: ঘ. ‘তোমার ব্যবহার দিয়েই তোমার মনুষ্যত্বের পরিচয়’—কথাটি উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।উত্তর: ঘ. সুসাহিত্যিক রাজিয়া মাহবুব বিরচিত ‘সুন্দর ব্যবহার’ প্রবন্ধে মানুষের নৈতিকতা ও সৌজন্যতা প্রকাশের এক দিকনির্দেশনা প্রস্ফুটিত হয়েছে। উদ্দীপকে আশরাফ সাহেব তাঁর অফিসের অধস্তন কর্মচারীদের সঙ্গে সব সময় ভালো ব্যবহার করেছেন। তিনি কাউকে ছোট বলে অবহেলা করেননি। কারও মনে কষ্ট দেননি। এমনকি তাঁদের যেকোনো সমস্যাকে সোৎসাহে গুরুত্ব দিয়েছেন এবং তা সমাধানের জন্য উদ্যোগী হয়েছেন। আশরাফ সাহেবের এই সহযোগিতা ও সহমর্মিতা বোধই সাধারণ কর্মচারীদের কাছে তাঁকে প্রিয়ভাজন করে তুলেছে। এটিই হলো ব্যক্তিত্বের মহিমা। কোনো মানুষের কথাবার্তা, মনোভাব ও আদবকায়দা যদি সুশোভন ও মাজিত হয় তবেই সে উত্তম চরিত্রের অধিকারী। উদ্দীপকে মানুষের সেই মার্জিত ব্যবহারের ওপরেই গুরুত্ব দেওয়া হয়েছে। মূল্যবান অলঙ্কার যেমন মানুষকে চাকচিক্যময় করে তোলে, তেমনি সেই ঔজ্জ্বল্যকে দীর্ঘায়িত করতে পারে তাঁর ব্যক্তিত্ব। দামি গাড়ি-বাড়ি আর বিপুল ধন-সম্পদের মালিক হয়েও অনেকে সমাজের চোখে ঘৃণিতই থেকে যান। কারণ তাঁর আসল সম্পদ মনুষ্যত্ববোধ যদি মানুষকে আকর্ষিত না করে তাহলে কেউই তাঁকে সম্মান করেন না। সুন্দর ব্যবহারের মধ্যেই মানুষের প্রকৃত মনুষ্যত্ববোধ জাগ্রত হয়। এর জন্য প্রয়োজন শুধু উদারতা আর সদিচ্ছা। সহনশীলতা ও মহানুভবতা মানুষের উন্নত মনের বৈশিষ্ট্য। এসবের সমন্বয়ে গঠিত হয় ব্যক্তিত্ব। বিবেক-বুদ্ধিসম্পন্ন মানুষের মধ্যে যদি ফুটে ওঠে পাশবিকতার নমুনা, তাহলে তাঁর মনুষ্যত্বেরই অবমাননা হয়। তাই বাহ্যিক অবয়ব সুন্দর হলেই সে সুন্দর মানুষ হবে না। সুন্দরের প্রথম নমুনা হলো, নিজের মন এবং আত্মাকে শুভ্র করা। জ্ঞান-বুদ্ধি, বিবেক ও মহৎ চিন্তা দিয়েই শুধু মনুষ্যত্বের বিকাশ ঘটানো সম্ভব। যার নমুনা ফুটে উঠেছে উদ্দীপকের আশরাফ সাহেবের চরিত্রটির মধ্যে।