বাংলা ১ম পত্র
খাঁটি সোনাপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘খাটি সোনা’ কবিতা থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য কবিতাটির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। # নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও। ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটিএই দেশেরই নদী জলে/এই দেশেরই ফুলে ফলে,তৃষ্ণা মেটায়, মেটায় ক্ষুধা/ পিয়ে এরই দুধের বাটিআমার দেশের মাটি।প্রশ্ন: ক. সত্যেন্দ্রনাথ দত্ত কী নামে খ্যাতি পেয়েছিল।প্রশ্ন: খ. ‘সোনার কাঠি’ ও ‘রূপার কাঠি’ বলতে কবি কী বুঝিয়েছেন?প্রশ্ন: গ. উদ্ধৃত চরণগুলো ‘খাঁটি সোনা’ কবিতার আলোকে ব্যাখ্যা করো।প্রশ্ন: ঘ. ‘যেখানে তার অঙ্গ রাখি, সেখানটিতেই শীতল পাটি’—কবির এ উক্তিটির কারণ বিশ্লেষণ করো।উত্তর: ক. কবি সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দ নিয়ে পরীক্ষা-নিরীক্ষায় ব্যাপৃত ছিলেন বলে তিনি ‘ছন্দের জাদুকর’ বলে খ্যাতি পেয়েছেন।উত্তর: খ. পটে আঁকা ছবির মতো একটি দেশ বাংলাদেশ। এ দেশের মানুষের ভাবাবেগগুলোও যেন রূপকথার কল্পলোকে গিয়ে আশ্রয় নিয়েছে। শৈশবের ঘুমপাড়ানি গল্পগুলোতে আমরা শুনেছি রাক্ষসপুরীর রাজকন্যার শিয়রে সোনার কাঠি এবং রুপার কাঠি বুলিয়ে ঘুমপাড়ানি এবং ঘুমভাঙানি গান শোনানোর কথা। সেই অনবদ্য গল্পগুলোই কবির চোখে এ দেশের প্রকৃতির মাঝে ভেসে উঠেছে। এখানে সকালের সোনালি সূর্যোদয়ে আমাদের ঘুম ভাঙে, জেগে ওঠে প্রকৃতি এবং মানুষ। আবার চাঁদের রুপোলি আলো আমাদের নিদমহলে এসে তন্দ্রাচ্ছন্ন করে দেয়। সেই আবেশে আমরা ঘুমিয়ে পড়ি। কবি এই চাঁদ-সূর্যের বিচিত্র আবির্ভাবকে ‘সোনার কাঠি’ ও ‘রূপার কাঠি’ বলে অভিহিত করেছেন। কবি সূর্যের আলোকে সোনার কাঠি ও চাঁদের আলোকে রুপার কাঠি হিসেবে আখ্যায়িত করেছেন।উত্তর: গ. কবি সত্যেন্দ্রনাথ দত্ত রচিত ‘খাঁটি সোনা’ কবিতার মধ্যে ফুটে উঠেছে এ দেশের প্রকৃতির রং ও রূপের সুসজ্জিত অলঙ্করণ। উদ্দীপকে উল্লিখিত চরণগুলোতে এ দেশের প্রাকৃতিক সৌন্দর্য ও সম্পদের এক অপূর্ব বর্ণনা তুলে ধরা হয়েছে। কবির দৃষ্টিতে এ দেশের ভূখণ্ড যেন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সৌন্দর্যমণ্ডিত ভূখণ্ড। চন্দনের সুবাসিত গন্ধমাখা এ মাটিতে জন্মে তাল-নারকেলের মতো সুমিষ্ট ফল, যা এ দেশের মানুষের ক্ষুধা-তৃষ্ণা নিবারণের এক উপাদেয় খাদ্য। চন্দ্র-সূর্যের সুনির্মল আলো, পাহাড়-পর্বত-অরণ্যঘেরা এ দেশের প্রকৃতি, মাঠে মাঠে সোনালি ফসল, কৃষকের মন ভোলানো হাসি—সবই যেন এ দেশকে দান করেছে মহিমা। সবুজ শ্যামলিমা ঘেরা, স্বপ্নীল আকাশের নিচে নয়নাভিরাম রূপসাগরের লীলানিকেতন, সাগরের ঊর্মিমুখর ফেনিল জলরাশি, আর বিপুল বনরাজির ছায়াতলে সুশীতল এ দেশের মাটি, এ দেশকে করেছে শ্রেষ্ঠত্বের দাবিদার। অপূর্ব রূপের অধিকারী, অতুলনীয় এ দেশ বাংলাদেশ। এ দেশের প্রকৃতি প্রতিটি বাঙালি হূদয়কে করেছে মুগ্ধ, নয়নকে করেছে বিমোহিত। এ দেশের অনিন্দ্যসুন্দর রূপমাধুরী যুগ যুগ ধরে অসংখ্য কবি হূদয়ে জাগিয়েছে শিল্পসত্তা। প্রকৃতির অলঙ্করণসমৃদ্ধ এমন সুন্দর দেশ পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া যায় না। তাই তো এ দেশ অর্থাৎ জন্মভূমি বাংলাদেশের মাটিই কবির কাছে পৃথিবীর যেকোনো মূল্যবান বস্তুর থেকে শ্রেষ্ঠ। উদ্দীপকের চরণগুলোর মধ্যেও জন্মভূমির শ্রেষ্ঠত্বের এ দিকটাই ফুটে উঠেছে।উত্তর: ঘ. কবি সত্যেন্দ্রনাথ দত্ত বিরচিত বেণু ও বীণা কাব্যগ্রন্থ থেকে সংকলিত ‘খাঁটি সোনা’ কবিতাটিতে ফুটে উঠেছে এ দেশের মাটি ও প্রকৃতির নিখাদ রূপ-সুষমা। কবি মনে করেন, মানুষের শরীর ও মনের তৃপ্তিসাধনে এ দেশের মাটির স্পর্শ অমৃতসমান। তিনি শীতলপাটির শীতল স্পর্শ খুঁজে পেয়েছেন এ মাটির বুকে। বাংলাদেশের কুটির শিল্প জগতের একটি অন্যতম উপকরণ হলো শীতলপাটি। এর বিশেষত্ব হলো, প্রচণ্ড গরমেও এটি শীতলতা দান করে। এ পাটি দেখতে যেমন সুন্দর, তেমনি এর কারুকার্যময় নকশা মৌলিক বৈশিষ্ট্যের পরিচায়ক। শিল্পীর নিখুঁত কারিগরি দক্ষতা এবং কোমল পাতার কমনীয়তা মিলে শীতলপাটি দেহমনে নিয়ে আসে প্রশান্তি। কবি বাংলাদেশের মাটিকে ঠিক শীতলপাটির মতোই সুশীতল বলে মনে করেন। মাতৃত্বের মমতা মেশানো এ মাটির ওপর জন্ম নিয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের নানা উপকরণ।সবুজ শ্যামল দূর্বাঘাসগুলো মাটির ওপর নরম গালিচার মতো বিছানো। তাই তো ক্লান্ত-অবসন্ন শরীরটা যখন এ মাটিতে এলিয়ে পড়ে, তখন নিমেষেই দূরীভূত হয় সব অবসাদ। শীতলপাটির মতো এ মাটিও কোমল আর স্নিগ্ধ। তাই কবি মনে করেন, এ মাটিতে শায়িত হলে, পরম শান্তিতে ঘুমের আবেশে চোখ জুড়িয়ে আসে। আমাদের জীবনের দুঃখ-কষ্ট, গ্লানি-অবসাদ সবকিছু এ মাটির বুকে ঢেলে দিয়ে আমরা এক নিশ্চিত অবলম্বন খুঁজে পাই। এ মাটিই তার সুশীতল ছায়ার সংস্পর্শে আমাদের সে আশ্বাসটুকু দান করে। শীতলপাটির মতোই আমাদের তাপিত দেহ, এ মাটির স্পর্শে সজীবতা ফিরে পায়। আর তাই তো জন্মভূমির মাটিকে কবি ‘শীতলপাটির’ সঙ্গে উপমিত করেছেন।