বাংলা ১ম পত্র
রাজাপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘রাজা’ গল্প থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।# উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।মিন্টুর পোষা বিড়ালটিকে কয়েক দিন যাবৎ খুঁজে পাওয়া যাচ্ছে না। সাদা-কালো মিশ্র বর্ণের বিড়ালটিকে সে রাস্তায় পেয়েছিল। তারপর সেটিকে বাড়িতে এনে, খাইয়ে-দাইয়ে, আদর-যত্ন করে পোষ মানিয়েছে। বিড়ালটি সব সময় মিন্টুর কাছাকাছি থাকত। রাতে ঘুমোতে গেলে বিড়ালটি বিছানার এক কোণে চুপ করে বসে থাকত, খাওয়ার সময় কাছে গিয়ে ঘুরঘুর করতো। এভাবে আস্তে আস্তে বিড়ালটি মিন্টুর নিত্যদিনের সহচর হয়ে ওঠে। তাই বিড়ালটি হারিয়ে যাওয়ার পর কষ্টে মিন্টুর মনটা ম্রিয়মাণ হয়ে পড়ে। বাড়িতে অন্য বিড়াল থাকলেও পুষির মতো কেউই মিন্টুর মনকে নাড়া দিতে পারেনি।প্রশ্ন: ক. রাজা কে?প্রশ্ন: খ. রাজা হারিয়ে যাওয়ার পর কামালের মনে কী আশঙ্কা হলো?প্রশ্ন: গ. উদ্দীপকের মধ্যে ‘রাজা’ গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে? এ সম্পর্কে তোমার নিজের মতামত লেখো। প্রশ্ন: ঘ. মিন্টু ও কামালের মনের অনুভূতি যেন একই ধারায় ফুটে উঠেছে—কথাটি রাজা গল্পের আলোকে বিশ্লেষণ করো। উত্তর: ক. এস ওয়াজেদ আলী রচিত ‘রাজা’ গল্পে লেখকের ছেলেবেলায় পোষা একটি কবুতরের নাম রাজা। উত্তর: খ. ছোটবেলায় নানিজানের এক আত্মীয়বাড়ি থেকে অনেক সাধনা করে কামাল রাজাকে এনেছিল। তারপর সযত্নে তাকে লালন-পালন করে একান্ত আপন করে নিল। রাজার অসাধারণ বৈশিষ্ট্য ও চেহারার মাধুর্য কামালকে রাজার একান্ত অনুগত করে তুলল। সেই সঙ্গে রাজাও যেন কামালের অনুরাগী হয়ে উঠল। প্রতিদিন সকালে রাজা যখন দলবল নিয়ে চরাট করতে যেত, তখন কামাল তাদের গমনপথের দিকে চেয়ে থাকত। আবার বিকেলে ফেরার সময় হলে একইভাবে কামাল তাদের অপেক্ষার প্রহর গুনতে। এমনি করে একদিন রাজা চরাট করতে গিয়ে বিকেলে আর ফিরে এল না। যথাসময় পার হওয়ার পরেও যখন রাজাকে আর দেখা গেল না, তখন এক অজানা আশঙ্কায় কামালের মন কেঁপে উঠল। মুহূর্তের মধ্যে কামাল দিশেহারা হয়ে উঠল। তার মনের কোণে হাজারো সংশয় দানা বাঁধতে লাগল। একবার ভাবল, হয়তো কোনো শিকারি রাজাকে গুলিবিদ্ধ করেছে। আবার ভাবল, হয়তো কোনো বদমাশ তাকে ফাঁদ পেতে ধরেছে। তার রাজা মুক্ত হওয়ার জন্য ছটফট করছে আর সেই দুষ্টুলোকটা বিদ্রূপের হাসি হাসছে। এমনি অনেক উৎকণ্ঠা কামালের মনকে ব্যথিত করে তুলল। ভালোবাসার বস্তুকে নিয়ে সংশয়ের অবধি থাকে না। রাজা হারিয়ে যাওয়ায় কামালের মনেও তা-ই হয়েছিল। উত্তর: গ. এস ওয়াজেদ আলী রচিত ‘রাজা’ গল্পটিতে সামান্য একটি পাখির প্রতি অগাধ মমত্ববোধ প্রকাশিত হয়েছে। তেমনি উদ্দীপকটিতেও ফুটে উঠেছে একটি পোষা প্রাণীর প্রতি অসাধারণ মায়া-মমতা। তাই পশুপাখির প্রতি মমত্ববোধই ‘রাজা’ গল্পে উদ্দীপকে একই আঙ্গিকে ফুটে উঠেছে। এ বিষয়ে আমিও মনে করি, মানুষ হিসেবে সবারই উচিত স্রষ্টার অপরাপর সৃষ্টির প্রতি দয়া ও মায়া প্রদর্শন। কারণ ওরাও সৃষ্টিকর্তারই সৃষ্টি। আমরা যখন তাদের আশ্রয় দিই তখন পশুপাখিও আমাদের অনেক উপকারে আসে। পশুপাখির অসহায়ত্বকে মানুষ হিসেবে আমাদের মূল্যায়ন করা উচিত। জীবের প্রতি দয়া প্রদর্শনের মাধ্যমেই ঈশ্বরের আনুগত্য লাভ করা যায়। অনেক প্রভুভক্ত কুকুর আছে, যারা মনিবের কোনো বিপদে প্রতিপক্ষকে ঘায়েল করে। তা ছাড়া পশুপাখি আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। অকারণে পশুপাখির প্রতি বিরূপ আচরণ বা নিধন কোনোটাই উচিত নয়। বাড়িতে পোষা প্রাণী থাকলে তাদের ঠিকমতো খাবার, পানি ও আদর-যত্ন করতে হবে। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন বিশেষ কিছু কর্তব্য সাধনের জন্য। তন্মধ্যে পশুপাখির মতো মূক ও অসহায় প্রাণীকে ভালোবাসা অন্যতম একটি কাজ। আমাদের উচিত, চারপাশের প্রকৃতিজগৎকে উপলব্ধি করে, সৃষ্টজগতের সবকিছুর প্রতি নিজের মহত্ত্ব প্রকাশ করা। আমাদের অবশ্যই উচিত পশুপাখি কষ্ট পায় এমন কোনো আচরণ না করা। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল