বাংলা ১ম পত্র
তারার দেশের হাতছানিপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘তারার দেশের হাতছানি’ প্রবন্ধ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।# নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।তারেক স্যার ভূগোল ক্লাসে ‘সৌরজগৎ’ অধ্যায়টি পড়াচ্ছিলেন। এমন সময় মাসুদ উঠে স্যারকে জানাল, তাঁর দাদি বলেছেন, মানুষ মারা গেলে নাকি তার আত্মা আকাশের ছায়াপথের মধ্যে অবস্থান করে। কথাটা সত্য কি না। স্যার তারেককে সুন্দর করে বুঝিয়ে দিলেন, আদিকালের মানুষের আকাশ সম্পর্কে এসব ধারণা কীভাবে ভ্রান্ত প্রমাণিত হয়েছে এবং প্রযুক্তির কল্যাণে কীভাবে আমরা জানতে পেরেছি মহাকাশের প্রকৃত রহস্য।প্রশ্ন: ক. ‘সৌরজগৎ’ কী নিয়ে গঠিত? প্রশ্ন: খ. ‘পুষ্পক রথ’ কী? প্রশ্ন: গ. মাসুদের দাদি ছায়াপথ সম্পর্কে মাসুদকে যে ধারণা দিয়েছিলেন, ‘তারার দেশের হাতছানি’ প্রবন্ধটির মধ্যে তা কতটুকু বিধৃত হয়েছে ব্যাখ্যা করো। প্রশ্ন: ঘ. তারেক স্যার মহাকাশের প্রকৃত রহস্য সম্পর্কে ছাত্রদের অবহিত করেন—‘তারার দেশের হাতছানি’ প্রবন্ধের আলোকে এটি বিশ্লেষণ করো। উত্তর: ক. সূর্য ও তার চারপাশে প্রদক্ষিণরত নয়টি গ্রহ নিয়ে সৌরজগৎ গঠিত।উত্তর: খ. আদিকালে আকাশ ও পৃথিবী সম্পর্কে মানুষের অন্তহীন ভাবনাগুলো বেশির ভাগই ছিল কাল্পনিক। যেমন, ‘পুষ্পক রথ’। পুষ্পক রথের অর্থ হলো বাহন। ‘পুরাণ’ হলো হিন্দুদের একটি ধর্মগ্রন্থ। এতে সেকালের নানা কাহিনির উল্লেখ আছে। হাঁসে-টানা এই রথে চড়ে আকাশে ওড়ার কথাও ‘রামায়ণ’ মহাকাব্যে উল্লেখ আছে। প্রাচীনকালে মানুষ এই রথে চড়ে আকাশে ওড়ার চেষ্টা করেছে বলে ধারণা করা হয়। পুষ্পক শব্দের অর্থ হলো ফুলের তৈরি, আর পুষ্পক রথ হলো ফুলের তৈরি রথ। এ রথে একমাত্র দেবতারাই চড়তেন। তবুও মানুষের কাল্পনিক মন শেষ পর্যন্ত এ রথে ওঠার আগ্রহকে দমিয়ে রাখতে পারেনি। আকাশ সম্পর্কে মানুষের অনন্ত কৌতূহলই এমন কাল্পনিক চিন্তার কারণ।উত্তর: গ. বিজ্ঞানবিষয়ক প্রবন্ধকার আবদুল্লাহ আল-মুতী রচিত ‘তারার দেশের হাতছানি’ প্রবন্ধটিতে লেখক রহস্যেঘেরা মহাকাশ ও পৃথিবী সম্পর্কে জানা-অজানা বিভিন্ন তথ্য উপস্থাপন করেছেন। প্রাচীনকালের লোকেরা আকাশ ও পৃথিবী সম্পর্কে যা ধারণা করত তার প্রায় সবটাই ছিল অযৌক্তিক ও কুসংস্কারাচ্ছন্ন। উদ্দীপকে মাসুদের দাদি ছায়াপথ সম্পর্কে যে ধারণাটি দিয়েছেন, প্রবন্ধটির মধ্যেও লেখক এমন অনেক ভ্রান্ত ধারণার উল্লেখ করেছেন। আকাশ সম্পর্কে সেকালের মানুষের ধারণা ছিল, আকাশে বাস করেন দেবতা আর অসুররা। তারা মনে করত পৃথিবীকে চালান দেবতারা। দেবতাদের কর্তা হলেন জিউস। অন্ধকার আকাশের বুকে নক্ষত্রখচিত তারকামণ্ডলীকে ঘিরে মানুষের ভাবনা ছিল অন্তহীন। মহাবিশ্বে অগণিত তারকাখচিত সরু পথটিই হলো ছায়াপথ। এককালে মানুষ ভাবত, কেউ মারা গেলে তার আত্মা ছায়াপথ দিয়ে হেঁটে হেঁটে স্বর্গে গিয়ে পৌঁছায়। তারা মনে করত, পৃথিবীটা একটা ওলটানো থালার মতো। যেটা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে চারটি হাতি। আর হাতিগুলো দাঁড়িয়ে আছে বিরাট এক কাছিমের ওপর। তা ছাড়া আদিকালে মানুষ দূর আকাশের দিকে তাকিয়ে মিটিমিটি আলো দেওয়া তারাগুলো নিয়ে কত কী ভাবত। আকাশে চাঁদ, সূর্য আর মেঘের আনাগোনা তাদের রহস্যের মায়াজালে আবদ্ধ করেছিল। তারা মনে করত, মাথার ওপর তারার চুমকি বসানো বিশাল গম্বুজটি সত্যি সত্যি দিগন্ত ছুঁয়েছে কি না। তারাদের গতিবিধি আর অবস্থানের এসব রহস্যগুলোই প্রাচীনকালের মানুষের মনে জন্ম দিয়েছিল এক ধরনের অযৌক্তিক চিন্তার। মাসুদের দাদির কথার সঙ্গে এর মিল খুঁজে পাওয়া যায়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল