বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জোঁকপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ১ম পত্রের ‘জোঁক’ গল্প থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ দুটি অংশ আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য গল্পটির বিষয়বস্তু ভালভাবে পড়বে। প্রশ্ন: গ. উদ্দীপকের গণি মিয়া ‘জোঁক’ গল্পের কোন চরিত্রটির প্রতিচ্ছবি। সে কীভাবে জোতদারের শোষণের শিকার হলো, তা নিরূপণ করো। উত্তর: গ. উদ্দীপকের গণি মিয়া চরিত্রটি প্রখ্যাত কথাসাহিত্যিক আবু ইসহাক রচিত ‘জোঁক’ গল্পের দরিদ্র বর্গাচাষি ওসমানের প্রতিচ্ছবি। গ্রামের মাতবর আরমান খাঁ গণি মিয়ার নিরক্ষরতার সুযোগে ফসলের দুই ভাগ নিজের বলে দাবি করেছে। ‘জোঁক’ গল্পটিতেও ভূমিহীন দরিদ্র কৃষক ওসমান, জমিদার ওয়াজেদ চৌধুরীর মিথ্যা চাতুরিতে প্রতারিত হয়েছে। সারা দিন প্রাণান্ত পরিশ্রম করে ওসমান ওয়াজেদ চৌধুরীর জমিতে ফসল ফলায়। তার এত কষ্টের ফলানো ফসল যখন ঘরে আসে ঠিক তখনই জমিদারের ছেলে ইউসুফ গোমস্তাদের নিয়ে এসে হাজির হয় এবং ফসলের তিন ভাগের দুই ভাগ দাবি করে। এতে ওসমানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। পচা পানিতে নেমে, বিষাক্ত পানির কামড় খেয়ে এই অক্লান্ত পরিশ্রমের ফসলের সঙ্গে জড়িয়ে আছে তার জীবনের সুখ-স্বপ্ন, অথচ অত্যাচারী শোষক জমিদার ওয়াজেদ চৌধুরীর এই নির্মম আচরণে ওসমানের বুকটা ডুকরে ওঠে। কিছু বুঝে ওঠার আগেই জমিদারের ছেলে ফসলের সিংহভাগ দাবি করার কারণস্বরূপ জানায়, ওসমান লাঙল-গরু কেনা বাবদ তাদের কাছ থেকে গতবছর টিপসই দিয়ে ৫০০ টাকা নিয়েছিল। তাই ওসমান ফসলের এক ভাগ পাবে। অথচ ওসমান এসবের কিছুই জানে না। কারণ, টিপসই সে গতবছর দিয়েছিল ঠিকই, কিন্তু সেটা ছিল জমি বর্গা নেওয়ার বন্দোবস্তস্বরূপ একটি লিখিত দলিল। ওসমানকে সে রকমই বলা হয়েছিল। নিরীহ, নিরক্ষর ওসমান বুঝতে পারেনি এটা ছিল জমিদারের ধোঁকাবাজি। জমিদারের দুরভিসন্ধির শিকার অসহায় ওসমান এভাবেই প্রতাড়িত হয়ে বিলাপ করতে থাকে। সর্বস্বান্ত ওসমানের মন থেকে রঙিন স্বপ্নগুলো ধূলিস্যাৎ হয়ে যায়। এভাবেই জোঁকরূপী রক্তশোষক ভূস্বামীদের দ্বারা ওসমানের মতো অসংখ্য ভূমিহীন কৃষকেরা দিনের পর দিন নির্যাতিত হয়। উদ্দীপকের গণি মিয়া যেন এসব শোষিত-নির্যাতিত কৃষক শ্রেণীরই প্রতিচ্ছবি। প্রশ্ন: ঘ. তাদের ঝিমিয়ে পড়া রক্ত আবার জেগে ওঠে’—কথাটি ‘জোঁক’ গল্প অবলম্বনে বিশ্লেষণ করো। উত্তর: ঘ. প্রখ্যাত কথাসাহিত্যিক আসু ইসহাক রচিত গল্পগ্রন্থ ‘মহাপতঙ্গ’ থেকে নেওয়া ‘জোঁক’ গল্পটিতে ফুটে উঠেছে দেশের শোষকশ্রেণীর দ্বারা নির্যাতিত কৃষকসমাজের এক অনুপম বাস্তব প্রতিচ্ছবি। এখানে শোষক শ্রেণীর প্রতিভূ শহরের চাকরিজীবী জমিদার ওয়াজেদ চৌধুরী। আর সমাজের নিগৃহীত বর্গাচাষির মূর্তিমান প্রতীক ওসমান। স্ত্রী-পুত্রদের মুখে দুই মুঠো অন্ন সংস্থানের জন্য যে হাড়ভাঙা পরিশ্রম করে ফসলের মাঠে। পচা পানিতে নেমে পাট কাটতে তাকে সইতে হয় ক্ষুধার জ্বালা। তার পরও পাটের ভালো ফলন দেখে তার মনে আশা সঞ্চার হয়, স্বপ্নে বিভোর হয় সে। কিন্তু জমিদারের ছেলে ইউসুফ এসে যখন পাটের তিন ভাগের দুই ভাগ দাবি করে, তখনই ওসমানের বুকটা ছ্যাৎ করে ওঠে। দিশেহারা ওসমান তার প্রতি এই অবিচারের কারণ জানতে চাইলে ইউসুফ বলে, লাঙল-গরু কেনা বাবদ গতবছর টিপসই দিয়ে ওসমান ৫০০ টাকা নিয়েছিল বলে সে ফসলের এক ভাগ পাবে। অথচ কাগজে টিপসই দেওয়ার সময় ওসমানকে বলা হয়েছিল জমি বন্দোবস্তের দলিলে টিপসই দিতে। নিরক্ষর ওসমান জানত না আসলে কাগজে জমিদার তাদের প্রতারণা করার ফন্দি এঁটে রেখেছিল। ঘটনার আকস্মিকতায় পাগলপ্রায় ওসমান টলতে টলতে যখন বাড়ির সীমানা পার হচ্ছিল, তখনই দেখা হয় গ্রামের আরেক চাষি করিম গাজীর সঙ্গে। নবুখাঁসহ আরও ১০-১২ জন চাষিও তার সঙ্গে ছিল। জমিদারের কালো হাতের আস্ফাালন থেকে এরা কেউই রেহাই পায়নি। আর তাই তো একসময় তারা সমবেত হয়ে রুখে দাঁড়ায় এই অন্যায় অবিচারের বিরুদ্ধে। ওসমানকে তারা আশ্বাস দিল, যেভাবেই হোক এর একটা প্রতিকার করবে। তাদের সবার রক্তে জেগে ওঠে প্রতিশোধের স্পৃহা। জোঁকরূপী জমিদারের বাড়ির দিকে সবাই লাঠি হাতে এগিয়ে যায়। প্রতিবাদের তীক্ষ্ন তরবারি দ্বারা অসাধু জমিদারকে ঘায়েল করতে তারা মারমুখী হয়ে ওঠে। দীর্ঘদিনের নিপীড়ন আর বঞ্চনার অবসান ঘটাতে এবং নিজেদের অধিকার প্রতিষ্ঠায় এভাবেই তারা সোচ্চার হয়ে ওঠে। তাদের ঝিমিয়ে পড়া রক্ত আবার জেগে ওঠে।