বাংলা ১ম পত্র
স্মৃতিস্তম্ভপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘স্মৃতিস্তম্ভ’ কবিতা থেকে সৃজনশীল পদ্ধতির নমুনা প্রশ্নোত্তরের শেষ দুইটি অংশ আলোচনা করব। প্রশ্ন: গ. ভাষা শহীদদের স্মৃতিকে অম্লান রাখতে আমাদের চেতনাকে কীভাবে জাগ্রত রাখতে হবে, ‘স্মৃতিস্তম্ভ’ কবিতার অনুসরণে তা ব্যাখ্যা করো। উত্তর: গ. পৃথিবীতে যুগে যুগে মানুষ তাঁদের স্মৃতিকেই হূদয়ে অম্লান করে রাখে, যাঁরা দেশ ও দশের জন্য আত্মদান করেছেন। বায়ান্নর ভাষা আন্দোলন বাঙালি জাতির জন্য একটি গৌরবময় অধ্যায়। তৎকালীন পাকিস্তানি স্বৈরশাসক চেয়েছিল উর্দুকে রাষ্ট্রভাষা করতে। কিন্তু এ দেশের আপামর জনতা তাদের সে দুরভিসন্ধি নস্যাৎ করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল রক্তক্ষয়ী সংগ্রামে। রক্তে রঞ্জিত হয়েছিল বাংলার রাজপথ। সালাম, রফিক, জব্বার, বরকতসহ অনেক ছাত্র-জনতা বুকের রক্তে আত্মাহুতি দিয়েছিল, জানিয়েছিল প্রতিবাদ। ভাষার জন্য এ আত্মদান পৃথিবীতে বিরল। তাই তো কবি এসব তরুণ সেনাকে মহানায়ক বলে অভিহিত করেছেন। প্রতিবছর ভাষা আন্দোলনের বেদনাবিধুর স্মৃতি ও সংগ্রামী চেতনার অমিয়ধারাকে বহন করে একুশে ফেব্রুয়ারি আমাদের কাছে ফিরে আসে। তাঁদের জন্য প্রতিটি বাঙালির হূদয়ে যে স্মৃতির মিনার তৈরি হয়েছে, সেটা কোনো কালের কোনো মহাশক্তিই ভাঙতে পারবে না। তাঁদের নাম গর্জে ওঠে সমুদ্রের কলতানে, সেতার আর বেহালার সুরে, ঋতুচক্রের নানা বৈচিত্র্যে, ফুলের শোভা আর পাখির গানে। তাঁরা আমাদের গর্ব, আমাদের অহংকার, এ দেশের মানুষের মনে নতুন সাহস ও শক্তি সঞ্চয় করতে এঁরাই অনুপ্রেরণা জুগিয়েছেন। বাঙালি জাতির আত্মোপলব্ধির উত্তরণ ঘটে ৫২-র ভাষা আন্দোলনের সংগ্রামের মাধ্যমে। তাই তো একুশ শুধু একটি পঞ্জিকার লাল দাগ নয়। এটাকে সমুন্নত রাখতে হবে সর্বান্তকরণে। মহান একুশে ফেব্রুয়ারি এ দেশের ইতিহাসে চিহ্নিত হয়েছে আপসহীন সংগ্রাম ও জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে। ভাষা আন্দোলনে শহীদ হওয়া সমস্ত বাঙালি বীর সেনাদের মহান আত্মত্যাগকে আমাদের জীবন চলার পাথেয় ও উপজীব্য বলে ধারণ করব। এটাই হওয়া উচিত আমাদের একুশের চেতনার বহিঃপ্রকাশ।প্রশ্ন: ঘ. উদ্দীপকে বায়ান্নর ভাষা আন্দোলনে বীর শহীদদের প্রতি যে প্রগাঢ় শ্রদ্ধাবোধটুকু ফুটে উঠেছে, ‘স্মৃতিস্তম্ভ’ কবিতার আলোকে তা মূল্যায়ন করো।উত্তর: ঘ. প্রখ্যাত কবি ও সাহিত্যিক আলাউদ্দিন আল আজাদ রচিত ‘স্মৃতিস্তম্ভ’ কবিতাটি আমাদের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত। এখানে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতিকে উদ্দেশ্য করে কবি তাঁদের মহান অবদানকে ফুটিয়ে তুলেছেন। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির জীবনে এক দীপান্বিত অধ্যায়। ভাষার দাবিতে সেদিন বাংলা মায়ের দুর্জয় সন্তানেরা বুকের রক্তে পিচঢালা কালো রাস্তাকে রঞ্জিত করে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা বিশ্বের ইতিহাসে বিরল। কেননা, বাঙালি জনতা পাকিস্তানি শাসকগোষ্ঠীর কায়েমি স্বার্থকে ছিন্ন করতে পেরেছিল এই আন্দোলনের মাধ্যমে। সেদিন ভাষা আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের মিছিলে নির্বিচারে গুলি চালিয়ে যাঁদের হত্যা করা হয়েছিল, তাঁদের মধ্যে আছেন সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরও অনেকে। পূর্ব বাংলার চার কোটি বাঙালি এসব শহীদের প্রতি হূদয়ের সবটুকু ভালোবাসা আর আবেগ ছড়িয়ে তাঁদের স্মৃতিকে অম্লান করে রাখার জন্য তাৎক্ষণিকভাবে কয়েকটি ইট এনে নির্মাণ করেন শহীদ মিনার। বাংলার মানুষের হূদয়নিঃসৃত ভালোবাসার বহিঃপ্রকাশটুকুই প্রতিফলিত হয়েছিল সে শহীদ মিনারের ইটের প্রতিটি কণায়, একুশের চেতনা ও জাতীয় জীবন একসূত্রে প্রথিত হয়েছে বাঙালিদের জীবনে। এটাকেই মূলত কবি ‘স্মৃতিস্তম্ভ’ বলে অভিহিত করেছেন। উদ্দীপকে ভাষা আন্দোলনে শহীদ হওয়া বাঙালি তরুণ সেনাদের প্রতি বাঙালি মনের অকুণ্ঠ ভালোবাসা, শ্রদ্ধা ও স্মৃতিচারণার কথা উল্লেখ করা হয়েছে। এখনো ফেব্রুয়ারিতে কৃষ্ণচূড়ার রঙে রঞ্জিত হয় বাংলার প্রকৃতি। কৃষ্ণচূড়ার ওই প্রগাঢ় লাল রং যেন শহীদদের পবিত্র রক্তের রঙেই আরও রক্তাক্ত হয়ে ফুটে উঠেছে। আমাদের জীবনে সর্বত্র এবং প্রকৃতির নানা অনুষঙ্গের মধ্যে ভাষা আন্দোলনে শহীদ হওয়া মহান তরুণ সেনারা বেঁচে থাকবেন অনন্তকাল। বাংলাভাষী মানুষের হূদয়মন্দিরে, তাঁরা আম্লান থাকবেন যুগ যুগ ধরে। তাঁদের নাম গর্জে ওঠে সমুদ্রের কলতানে, সেতারা আর বেহালার সুরে। ঋতুচক্রের নানা বৈচিত্র্যে, ফুলের শোভা আর পাখির গানে। তাঁরা অমর, চিরঞ্জীব।