বাংলা ১ম পত্র
বাবরের মহত্ত্বপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ১ম পত্রের ‘বাবরের মহত্ত্ব’ কবিতা থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশ আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে। ঘ. ‘উদ্দীপকটিতে ‘বাবরের মহত্ত্ব’ কবিতার সামগ্রিক ভাবকে প্রকাশ করেনি’—বাবরের মহত্ত্ব কবিতার আলোকে কথাটি বিশ্লেষণ করো। উত্তর: ঘ. বিশিষ্ট কাব্যসাধক কবি কালিদাস রায় রচিত পর্ণপুট কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ‘বাবরের মহত্ত্ব’ কবিতাটি। এখানে মুঘল সম্রাট বাবরের অসাধারণ রাজ্যশাসন, মহানুভবতা ও উদারতা পরিচয়কে কবি মানবিক মূল্যবোধের এক উৎকৃষ্ট নমুনা হিসেবে ফুটিয়ে তুলেছেন।বিশাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হয়েও সম্রাট বাবর প্রথমেই চেয়েছিলেন, ভূখণ্ডের অধিকারী হওয়ার আগে সাধারণ প্রজাদের মনের গভীরে প্রবেশ করতে। সব সময় তিনি প্রজাদের চিন্তায় মগ্ন থাকতেন। তিনি শুধু একজন সুশাসকই ছিলেন না, তিনি ছিলেন অসীম সাহসী বীর যোদ্ধা ও সৈনিক। তাঁর অদম্য সাহস ও অপূর্ব রণকৌশল দিয়ে তিনি একে একে পরাজিত করেছিলেন তাঁরই প্রতিদ্বন্দ্বী যোদ্ধাদের। বাবরের সীমাহীন তেজস্বিতা ও সাহসিকতার কাছে পদানত হয়েছিল প্রতিপক্ষের ক্ষমতা। তিনি ছিলেন অসাধারণ প্রজাবৎসল্যের অধিকারী। প্রজাদের দুঃখ-ক্লেশ, সুবিধা-অসুবিধা স্বচক্ষে দেখার জন্য তিনি ছদ্মবেশে ঘুরে বেড়াতেন। দস্যুবৃত্তিকে তিনি ঘৃণা করতেন। তিনি চাইতেন জনগণের শ্রদ্ধা আর ভালোবাসা নিয়ে দেশ চালাতে, ক্ষমতার জোরে নয়। এ জন্য তিনি প্রজাদের সন্তুষ্টিকেই বড় মনে করতেন। তিনি ছিলেন অত্যন্ত দয়ালু ও মহানুভব। তাঁর অন্তর ছিল উদার ও স্নেহ-মায়ায় পরিপূর্ণ। তার নিজের জীবনের মায়াকে উপেক্ষা করে, মৃত্যুপথযাত্রী এক মেথরের সন্তানকে পাগলা হাতির কবল থেকে তুলে আনেন। গরিব-ধনী, ছোট-বড় সবাইকে তিনি সমান চোখে দেখতেন। ক্ষমাশীলতা তাঁর চরিত্রের একটি অত্যুজ্জ্বল দিক। রাজপুত চৌহানকে তাঁর ঘাতক পরিচয় পেয়েও তিনি তাঁকে ক্ষমা করে দিয়ে নিজ দেহরক্ষী নিযুক্ত করেন। এরূপ অসংখ্য গুণাবলিতে পরিপূর্ণ একজন সফল সম্রাট বাবর। অতএব উদ্দীপকে সম্রাট বাবর চরিত্রের যে আংশিক প্রতিচ্ছবি ফুটে উঠেছে তা ‘বাবরের মহত্ত্ব’ কবিতার সামগ্রিক ভাবকে যে প্রকাশ করেনি, এ কথা নির্দ্বিধায় বলা যায়।