বাংলা ১ম পত্র
তরুপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘তরু’ কবিতা থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।কয়েকদিন পূর্বে তাপস লক্ষ করেছিল, উঠানের আমগাছটি পাকা আমে পূর্ণ হয়ে মাটির দিকে নুয়ে আছে। এরপর প্রায়ই সে গাছ থেকে আম পাড়তে লাগল এবং কিছুদিনের মধ্যেই গাছটি আমশূন্য হয়ে গেল। তখন সে দেখল, গাছের ডালপালা সমুন্নত হয়ে দাঁড়িয়ে আছে। গাছের এই সুমহান দিকটি তাপসকে অভিভূত করল এবং সে উপলব্ধি করল, গাছের এই উদারনীতি মানুষের মাঝেও প্রতিফলিত হওয়া উচিত। ক. সদ্ভাবশতক কাব্যটি কোন কবিতা অবলম্বনে রচিত? খ. মানুষ ধনী হলে কী করে?গ. গাছের উদারনীতি তাপসকে অভিভূত করল কেন, তার কারণ ব্যাখ্যা করো।ঘ. গাছের কাছ থেকে মানুষের শিক্ষণীয় বিষয়গুলো ‘তরু’ কবিতার আলোকে বিশ্লেষণ করো।উত্তর: ক. কবি কৃষ্ণচন্দ্র মজুমদার রচিত সদ্ভাবশতক কাব্যটি ফারসি কবি হাফেজের ধর্ম ও নীতিভাবজ্ঞাপক কবিতা অবলম্বনে রচিত। উত্তর: খ. প্রাণিকুলের সর্বশ্রেষ্ঠ জীব মানুষের শ্রেষ্ঠত্ব তখনই প্রকাশ পায়, যখন তার দ্বারা অন্যরা উপকৃত হয় অথবা জগতের কল্যাণ সাধিত হয়। এ জন্য মানুষকে হতে হবে উদার, সহনশীল, নিঃস্বার্থ আর পরোপকারী মনোভাবাপন্ন। অথচ মানুষের এই মানবিকতা অনেক ক্ষেত্রেই প্রকাশ পায় না। তারা যখন সম্পদশালী হয়, তখন নিজেদের আত্মগরিমায় বিভোর হয়ে মানুষকে হেয় প্রতিপন্ন করে এবং অহংকারী হয়ে ওঠে। তার সম্পদ কোনো দুস্থ অসহায় মানুষের কাজে আসে না। তার দম্ভে সমাজ প্রকম্পিত হয়। সে অন্যের হিতসাধন না করে বরং অন্যের অনিষ্ট চিন্তায় মগ্ন থাকে। ধনবান মানুষ ধরাকে সরা জ্ঞান করে। মানুষের এই বৈশিষ্ট্য তার মনুষ্যত্বকেই কলঙ্কিত করে, কোনো সুনাম বয়ে আনে না। সম্পদের অহংকারে আত্মম্ভরী মানুষ কখনো কারও শ্রদ্ধাভাজন হতে পারে না। উত্তর: গ. গাছ যে একজন মানুষের জীবনে অনুকরণীয় আদর্শ হতে পারে, এটা উপলব্ধি করেই তাপস গাছের উদারনীতি দেখে অভিভূত হলো। কারণ, গাছের পরোপকারিতা, বিনয়, উদারনীতি ও মহত্ত্বের আদর্শে তাপসের জীবনবোধ ও জ্ঞানচক্ষুর বিশালতা উন্মোচিত হলো। গাছ প্রকৃতির শোভাবর্ধনকারী এক অমূল্য সম্পদ। ফুল-ফল দান করে গাছ নিজেকে অকাতরে বিলিয়ে দেয়। গাছ কখনো মানুষের মতো ফলভারে অহংকারী হয় না বরং ফলের সম্ভার নিয়ে সে বিনীতভাবে মাথা নিচু করে থাকে। অথচ মানুষ সম্পদশালী হলে নিজেকে বড় মনে করে। গাছ ফলশূন্য অবস্থায় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। এতে তার নমনীয় ভাবটি ফুটে ওঠে। অথচ মানুষ গরিব হলে সহজেই অন্যের করুণা ভিক্ষা করে। গাছের এসব উদারতা, মহত্ত্ব, বিনয়, স্বার্থহীনতা সবকিছুই আমাদের জীবনে অনুকরণীয় আদর্শ হতে পারে। কিন্তু মানুষ ক্ষমতার মোহে অন্ধ হয়ে নিজের মানসচক্ষুকে অন্ধকারে নিমজ্জিত রাখে। ফলে গাছের এই মহিমা মানুষের চোখে পড়ে না। মানুষ যদি অন্তরচক্ষু দিয়ে গাছের প্রকৃত মহত্ত্ব্বটুকু অনুধাবন করত, তাহলে বোঝা যেত, আমাদের অবক্ষয়ী সমাজের জন্য গাছের নৈতিকতা কতখানি পাথেয়স্বরূপ। অনেক সময় মানুষ প্রচণ্ড অহমিকায় নিজের বিচার-বুদ্ধিকে অবলীলায় বিসর্জন দিয়ে অকল্যাণের পথে পা বাড়ায়, কিন্তু গাছ তা করে না। সে সবসময়ই অকাতরে অন্যের সেবায় নিয়োজিত থাকে। গাছের এই ত্যাগের আদর্শ তাপসকে মুগ্ধ করল। সে অভিভূত হয়ে গাছের প্রতি কৃতজ্ঞতাবশে আবদ্ধ হলো। গাছের প্রকৃত মহত্ত্বকে অনুধাবন করতে হলে তাপসের মতো আমাদেরও জ্ঞানের চক্ষুকে প্রসারিত করতে হবে। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল