বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরুপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ১ম পত্রের ‘তরু’ কবিতা থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশ আলোচনা করব।প্রশ্ন: ঘ. গাছের কাছ থেকে মানুষের শিক্ষণীয় বিষয়গুলো ‘তরু’ কবিতার আলোকে বিশ্লেষণ করো।উত্তর: ঘ. বিশিষ্ট কবি ও সাংবাদিক কৃষ্ণচন্দ্র মজুমদার রচিত সদ্ভাবশতক কাব্যগ্রন্থ থেকে নির্বাচিত হয়েছে ‘তরু’ কবিতাটি। কবিতাটির মাধ্যমে কবি গাছ থেকে আমাদের ব্যক্তিগত জীবনে অনেক শিক্ষণীয় বিষয় সম্পর্কে আলোকপাত করেছেন। মহাবিশ্বের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করছে বৃক্ষ। গাছ তার সব সত্তাকে উজাড় করে প্রতিনিয়ত মানুষকে ফুল-ফল দান করে ধন্য করছে। আমাদের জীবন ধারণে সবচেয়ে প্রয়োজনীয় উপাদান অক্সিজেন আমরা গাছের মাধ্যমেই পেয়ে থাকি। অথচ এত অবদান থাকা সত্ত্বেও গাছ নিজেকে কখনোই বড় মনে করে না বরং গাছের আত্মত্যাগের মহিমা বড়ই উদার। গাছ থেকে আমরা ত্যাগের মন্ত্রে দীক্ষিত হতে পারি। গাছ শুধু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য বর্ধনই করে না। সমাজে ছড়িয়ে দেয় স্নিগ্ধতার ইঙ্গিতবাহী বার্তা। গাছ থেকে মানুষ নিজেদের ভুলত্রুটি বুঝতে পারে এবং জীবনের সঠিক তাৎপর্য অনুধাবন করতে শেখে। গাছ নিজের শরীরকে মানুষের প্রয়োজনে উৎসর্গ করে কিন্তু মানুষের মতো অহংকারী হয় না। মানুষ ধনবান হলে আত্মগরিমায় ফেটে পড়ে কিন্তু গাছ ফলভারে নত হয়ে গুণী ব্যক্তির মতো মানুষের সেবায় আত্মনিয়োগ করে। এ ক্ষেত্রে আমরা গাছের কাছ থেকে সাধু ও গুণী হওয়ার শিক্ষা পেতে পারি। গাছ ফলশূন্য হলে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, অথচ মানুষ দরিদ্র হলে সহজেই অন্যের কাছে মাথা নত করে। এখানেও আমরা গাছের কাছ থেকে পরমুখাপেক্ষী না হওয়ার শিক্ষা পেতে পারি। গাছ থেকে আমরা ধৈর্য, সাধনা, ত্যাগ, সেবা, কল্যাণ ও মহত্ত্বের আদর্শ গ্রহণ করে পরিশীলিত হতে পারি। গাছ আমাদের আত্মশুদ্ধি ঘটার শিক্ষা দেয়। গাছ স্বার্থহীন ও সুন্দরের প্রতীক। তাই মানুষকে বৃক্ষের জীবন-পদ্ধতি থেকে নৈতিক আদর্শ গ্রহণ করতে হবে। একটি গাছ এবং একজন সাধু, সৎ ও বিবেকবান ব্যক্তির মধ্যে কোনো তফাত নেই। তাই গাছ হতে পারে আমাদের জীবনে চলার পথে অনুকরণীয় আদর্শ।