বাংলা ১ম পত্র
নওল কিশোরপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘নওল কিশোর’ কবিতা থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। লিমন খুব সহনশীল। অন্যের দুঃখ-কষ্ট তার মনকে পীড়া দেয়। স্কুল টিফিনের টাকা থেকে সে গরিব বন্ধুকে সাহায্য করে। কোনো বৃদ্ধকে একা পথ চলতে দেখলে সে এগিয়ে যায়। তার এই পরোপকারিতা ও মানবসেবার অদম্য আগ্রহ দেখে সবাই তাকে ভালোবাসে। সবার ধারণা, এ ছেলে একদিন বড় হয়ে দেশ ও দেশের কাজে আত্মনিয়োগ করবে। কারণ এসব আত্মপ্রত্যয়ী, উৎসাহী এবং উদ্দীপনাময় কিশোররাই পারে একটি সুন্দর, স্বপ্নীল, সম্ভাবনাময় পৃথিবী গড়তে। ক. ‘নওল কিশোর’ কবিতার উৎস লেখো। খ. ‘মুমূর্ষু ধরা’ বলতে কবি কী বোঝাতে চেয়েছেন।গ. লিমনের চরিত্রে নওল কিশোরদের যে বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে তা বর্ণনা করো। ঘ. উদ্দীপকের আলোকে ‘নওল কিশোর’ কবিতাটির মর্মার্থ বিশ্লেষণ করো। উত্তর: ক. কবি সুফিয়া কামাল রচিত বিখ্যাত গ্রন্থ ‘নওল কিশোরের দরবারে’ থেকে সংকলিত হয়েছে ‘নওল কিশোর’ কবিতাটি। উত্তর: খ. ‘মুমূর্ষু ধরা’ বলতে কবি মৃতপ্রায় পৃথিবীকে বুঝিয়েছেন। অর্থাৎ দুঃখ-দৈন্য, হিংসা-দ্বেষ, ক্ষুধা-দারিদ্র্য, অন্যায়-অত্যাচারে জরাজীর্ণ এই পৃথিবীকে কবি মুমূর্ষু ধরা হিসেবে আখ্যায়িত করেছেন। ‘সুন্দর এই পৃথিবীকে আপন কর্ম দ্বারা আরও সুন্দর, আরও মধুময় করে তোলাই ছিল মানুষের পবিত্র দায়িত্ব। কিন্তু তার বদলে আজকের পৃথিবী হয়েছে হিংসা-বিদ্বেষের কালিমায় কলুষিত। এখানে প্রাণপ্রাচুর্যের উচ্ছলতার বদলে জীবন যেন নিবিড় কৃষ্ণ অন্ধকারে ছেয়ে গেছে, মানুষের মাঝে বিরাজ করছে হতাশা, নৈরাজ্য আর দারিদ্র্যের নিদারুণ মর্মজ্বালা। একমাত্র নবীন কিশোররাই পারে তাদের প্রাণ সুষমায় ভরা নতুনত্বের স্পর্শে এই মুমূর্ষু ধরাকে প্রাণের সজীবতা দান করতে। তাদের ওপরই নির্ভর করছে দেশের ভবিষ্যৎ, কল্যাণ ও সমৃদ্ধি। উত্তর: গ. নবীন কিশোররা তারুণ্যের প্রতীক। তারাই পারে একটি সুন্দর সমৃদ্ধময় দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে। এ ক্ষেত্রে সবার আগে তাদের মানুষের দুঃখ-কষ্ট দূর করার কাজে নিয়োজিত হতে হবে। ক্ষুধায় কাতর মানুষের মুখে তারাই পারে অন্ন তুলে দিতে। নবীন কিশোরদের হাসি গানে মুখরিত হয়ে উঠতে পারে দেশের প্রতিটি মানুষ। তাদের উদ্যম, বুদ্ধি, মেধা ও চিন্তাশক্তি দিয়ে দেশের মানুষকে সুখী হওয়ার পথ বাতলে দিতে পারে। সংকীর্ণতায় ভরা এ পৃথিবীর সব জরাজীর্ণতাকে তারা মুছে দিতে পারে প্রেম ও বন্ধনের একাত্মতা দিয়ে। তাদের আত্মদান ও সেবার মহিমা জগতে এনে দেবে স্বর্গীয় অনুভূতি। পৃথিবীর অনাহারক্লিষ্ট, হতাশাগ্রস্ত মানুষগুলো নবীন কিশোরদের সামর্থ্য ও সহযোগিতা নিয়ে নিশ্চিত, নির্ভাবনাময় জীবনযাপনের সুযোগ লাভ করবে। এভাবেই তরুণদের প্রাণস্পর্শে পৃথিবী হয়ে উঠতে পারে আলোকময়। উদ্দীপকের লিমনের চরিত্রেও প্রতিফলিত হয়েছে নবীন কিশোরদের এই চারিত্রিক মহিমা। লিমন ছোটবেলা থেকেই সহনশীল। অন্যের দুঃখ-কষ্টে, বিপদে-আপদে সে ঝাঁপিয়ে পড়ে। কাউকে ক্ষুধার্ত কিংবা বিপদগ্রস্ত দেখলে লিমন যথাসাধ্য চেষ্টা করে তার প্রতিকার করতে। মানবসেবার এক অদম্য উৎসাহ আর উদ্দীপনা ছোটবেলা থেকেই লিমনকে তাড়িত করে। আর এসব গুণাবলি থেকেই গড়ে ওঠে মহত্ত্ব ও উদারতা। যা ভবিষ্যৎ জীবনে দেশ ও দশের জন্য আত্মনিয়োগে উদ্বুদ্ধ করে। তাই বলা যায়, লিমনের চরিত্রে নবীন কিশোরদের চরিত্রের এই অনুপম দিকগুলো সুস্পষ্টরূপে প্রতিফলিত হয়েছে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল