বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওল কিশোরপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ১ম পত্রের ‘নওল কিশোর’ কবিতা থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশ আলোচনা করব। প্রশ্ন: ঘ. উদ্দীপকের আলোকে ‘নওল কিশোর’ কবিতাটির মর্মার্থ বিশ্লেষণ করো। উত্তর: ঘ. নারী জাগরণের অন্যতম পথিকৃৎ কবি সুফিয়া কামাল রচিত ‘নওল কিশোরের দরবারে’ গ্রন্থ থেকে সংকলিত হয়েছে ‘নওল কিশোর’ কবিতাটি। একটি সুন্দর, সুস্থ পৃথিবী গড়ার লক্ষ্যে কবি এখানে নবীনদের আহ্বান জানিয়েছেন। অসংখ্য সংকীর্ণতায় আচ্ছন্ন আজকের পৃথিবী। এখানে বিরাজ করছে কলহ, বিবাদ, হিংসা-অন্যায় আর পরিতাপ। জীর্ণ পৃথিবীকে নররূপে সাজিয়ে তোলার জন্য প্রয়োজন উত্তাপ, উদ্দীপনা আর উদ্যম। এ সবই আছে নতুন যুগের তরুণদের। তারাই পারে এ ঘুণে ধরা সমাজকে নতুন করে উদ্বুদ্ধ করতে, গড়তে পারে একটি স্বপ্নীল পৃথিবী। যে পৃথিবীতে থাকবে না কোনো ক্ষুধা, দারিদ্র্য, অন্যায়-অত্যাচার। নবীনরা হলো নির্ভরতার আধার। তাদের বিশ্বাস করা যায়। সংগত কারণেই কবির উদাত্ত আহ্বান নবীনদের প্রতি তারা যেন এ বিশ্বকে স্বর্গীয় সুধা দান করে। কবি আরও বলেছেন, নবীনরা তাদের হাসি দিয়ে জগৎ কে বিকশিত করবে, ব্যথিত ক্লিষ্ট মানবসমাজকে তারা প্রশান্তির শীতল পরশ বুলিয়ে দেবে। তরুণদের আছে অপরিমেয় প্রাণশক্তি। তারাই পারে জাতিকে সঠিক পথের দিকনির্দেশনা দিতে। তরুণদের কবি আত্মপ্রত্যয়ী ও দৃঢ় মনোভাবসম্পন্ন হতে বলেছেন। বিধাতার আশীর্বাদপুষ্ট হয়ে নবীনরা এগিয়ে যাবে নিত্যনতুন সৃষ্টিশীল কাজে। তাদের জ্ঞানের বিশাল সমুদ্রে অবগাহন করে আরও সৃজনশীল হতে হবে। কবি আন্তরিকভাবে আশা প্রকাশ করেন, নবীন কিশোররা যেন সর্ব বিষয়ে দক্ষ হয়ে জাতিকে একটি সুন্দর দিকনির্দেশনা দিতে পারে। দেশ, সমাজ তথা সমগ্র জাতি আজ তরুণ সমাজের দিকে চেয়ে আছে, তাদের দ্বারা নবসৃষ্ট একটি সুন্দর স্বপ্নঘেরা পৃথিবী লাভের প্রত্যাশায়।