বাংলা ১ম পত্র
পণ্ডশ্রমপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ১ম পত্রের ‘পণ্ডশ্রম’ কবিতা থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশ আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য কবিতাটির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। ঘ. উদ্দীপকের মূলভাবটুকু ‘পণ্ডশ্রম’ কবিতার আলোকে মূল্যায়ন করো। উত্তর: ঘ. প্রখ্যাত সাহিত্যিক ও সমাজ সচেতন কবি শামসুর রাহমান রচিত ‘পণ্ডশ্রম’ কবিতায় কবি বাঙালি জাতির একটি সহজাত প্রবৃত্তি অন্ধ অনুকরণপ্রিয়তার বিষয়টি স্পষ্ট করে তুলে ধরেছেন।আমরা অনেক সময় নিজের বিবেক দ্বারা তাড়িত না হয়ে অন্যের কথায় আবেগাপ্লুত হয়ে উঠি। শোনা কথার ওপর নির্ভর করে আমাদের কর্মকাণ্ড এমন এক ন্যক্কারজনক অবস্থার সৃষ্টি করে, যার কারণে পদে পদে আমাদের বিড়ম্বনার শিকার হতে হয়। তাই হুজুগে কথায় বিশ্বাস না করে সব সময় আমাদের উচিত নিজের বিচার-বিশ্লেষণকে অধিক গুরুত্ব দেওয়া। জ্ঞান, বিবেক, বুদ্ধি, বিবেচনাবোধ—এসব মূল্যবান বৈশিষ্ট্য একমাত্র মানুষের মধ্যেই বিদ্যমান। তাই এগুলোর যথাযোগ্য মর্যাদা দিতে হবে। কবিতাটিতে হুজুগের বশবর্তী হয়ে যখন জনৈক ব্যক্তি নিজের কানের খোঁজে চিলের পেছনে ছুটোছুটি ও দৌড়াদৌড়ি করছে, তাই দেখে কতিপয় লোকও বিভ্রান্ত হয়ে চিলের খোঁজে হন্যে হয়ে ছুটতে লাগল। এ জন্য নানা রকম জল্পনা-কল্পনা, মিটিং-মিছিল করে আকাশে বিচরণকারী চিলকে মারার জন্য ঢিল ছোড়া হলো। কানের খোঁজে প্রভুর শরণাপন্ন হয়ে সুধী সমাজের কাছেও প্রতিকার চাওয়া হলো। এমনকি নিজের জীবন বাজি রেখে চিলকে মারার পরিকল্পনা করা হলো। ঠিক তখনই একটি বাচ্চা ছেলে সকলকে হতবাক করে দিয়ে কানের সঠিক অবস্থানের কথা বলে দিল। সে বলল, কান কানের জায়গাতেই আছে অথচ এর জন্য অনর্থক সকলে মিথ্যা হয়রানির শিকার হচ্ছে। অবশেষে সকলের চৈতন্যোদয় ঘটল। তারা বুঝতে পারল, এতক্ষণ তাদের সমস্ত পরিশ্রমই অন্ধ অনুকরণপ্রিয়তার করুণ পরিণতি পণ্ডশ্রমে পরিণত হয়েছে। এখানে মানুষের নির্বুদ্ধিতার সঠিক উপমাটিই লেখক প্রয়োগ করেছেন। প্রদত্ত উদ্দীপকটিতেও অন্যের কথায় বিশ্বাস করার খেসারত এবং আত্মোপলব্ধির নমুনা প্রকাশিত হয়েছে। তাই কবিতাটির অন্তর্নিহিত ভাব ও তাৎপর্য বিশ্লেষণ করলে আমরা ‘পণ্ডশ্রম’ নামটির বিশেষত্বটুকু অনুধাবন করতে পারি। অতএব, কবিতা ও অনুচ্ছেদের মূলভাব যেন একই ধারায় প্রবাহিত হয়েছে।