বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশের কবিতাপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ‘একুশের কবিতা’ থেকে সৃজনশীলপদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ দুটি অংশ আলোচনা করব।গ. ‘মোদের গরব মোদের আশা, আ’মরি বাংলা ভাষা’ চরণটির সঙ্গে তোমার পঠিত কবিতার কোন চরণটি সাদৃশ্যপূর্ণ—ব্যাখ্যা করো।উত্তর: গ. উদ্ধৃত চরণটুকু কবি আল মাহমুদ রচিত ‘একুশের কবিতা’র একটি অনবদ্য চরণ ‘বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে’ চরণটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ কবি মাতৃভাষা বাংলাকে ভালোবেসে, এ দেশে তাঁর জন্মগ্রহণকে সার্থক মনে করেছেন। পৃথিবীতে মানুষ আপন বলতে মা, মাতৃভূমি আর মাতৃভাষাকেই সর্বাগ্রে স্থান দেয়। প্রত্যেক মানুষই চায় তার স্বদেশে স্বাধীনভাবে কথা বলতে, নিজ মাতৃভাষায় আত্মপ্রকাশ ঘটাতে। বহু আত্মত্যাগ আর রক্তক্ষয়ী সংঘর্ষের পর আমরা লাভ করেছি এ দেশের স্বাধীনতা ও বাংলা ভাষা। অধিকার প্রতিষ্ঠার জন্য বাঙালি আমরণ লড়াই করেছে। অবশেষে লাখো শহীদের রক্তে রঞ্জিত এ দেশের মাটিতে মানুষ খুঁজে পেয়েছে আপন ঠিকানা। এ মাতৃভাষা ও মাতৃভূমির রয়েছে অতীত ইতিহাস, যা অম্লান ও অক্ষয়। তাই জীবনের বিনিময়ে হলেও এর মর্যাদা রক্ষার্থে আমরা দৃঢ়প্রতিজ্ঞ থাকব। এ দেশে জন্মগ্রহণ করে যেমন আমরা গর্বিত, তেমনি এ ভাষায় কথা বলতে পেরেও আমরা হূদয়ে সুখ অনুভব করি। এ ভাষার মাধ্যমেই আমাদের হূদয়ে লালিত স্বপ্নগুলো বিচ্ছুরিত হয়ে ছিটকে পড়ে দিক্-দিগন্তে। একুশের রক্তে বাংলার মাটিতে যেমন জন্ম নিয়েছে নতুন চেতনার, তেমনি স্বাধীনতা-সংগ্রামের মধ্য দিয়েই এ দেশের মানুষ নিজের অধিকার আদায় করার শিক্ষা পেয়েছে। তাই তো দেশের প্রতি গভীর ভালোবাসায় সিক্ত হয়ে কবিকণ্ঠে ধ্বনিত হয়েছে, ‘বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে’—যা উদ্দীপকের ‘মোদের গরব, মোদের আশা/আ’মরি বাংলা ভাষা’—চরণটির সঙ্গে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ।ঘ. অনুচ্ছেদটির তাৎপর্য ‘একুশের কবিতা’ অবলম্বনে বিশ্লেষণ করো।উত্তর: ঘ. বিশিষ্ট কবি আল মাহমুদ রচিত পাখির কাছে ফুলের কাছে কাব্যগ্রন্থ থেকে সংকলিত ‘একুশের কবিতা’ বায়ান্নর ভাষা আন্দোলনের তাৎপর্যকে ফুটিয়ে তুলেছে।একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির চিন্তা ও চেতনায় একীভূত একটি দিন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের স্মরণে প্রতিবছর ঘুরে ঘুরে আসে এই দিন। বীর ভাষাশহীদ সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরও অনেকে প্রাণ দিয়েছেন মাতৃভাষার জন্য। আমরা প্রভাতফেরি আর শোভাযাত্রার মধ্য দিয়ে তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের সামনে ভাষাশহীদদের স্মরণে তৈরি হয়েছে শহীদ মিনার। সেদিনের রক্তস্নাত প্রকৃতিতে যত শিমুল, পলাশ আর কৃষ্ণচূড়া ফুটেছিল, তার সবটুকু রংই যেন এই বীর শহীদদের রক্তের প্রতিফলন। একুশ মানেই একটি জাতির স্বাধিকার আন্দোলনের গোড়াপত্তন। কবিতাটিতে কবি এ দেশকে পরাশক্তির হাত থেকে মুক্ত করতে যেসব মহান আত্মত্যাগী সংগ্রামী প্রেরণা জুগিয়েছেন, তাঁদেরও স্মরণ করেছেন। একুশে ফেব্রুয়ারির প্রভাতফেরিতে অতীতের সেসব সংগ্রামী নেতার ত্যাগ আর ভবিষ্যতের প্রেরণা প্রতিফলিত হয়, এ দেশকে পরাশক্তির কবল থেকে মুক্ত করতে যাঁরা জীবন উৎসর্গ করেছেন, তাঁদের মধ্যে আছেন তিতুমীর, ক্ষুদিরাম, সূর্যসেন, প্রীতিলতার মতো আরও অসংখ্য বীর সৈনিক। কবিতাটিতে একুশে ফেব্রুয়ারি উদ্যাপনের পরিবেশ এবং জাতীয় জীবনে এর সুমহান তাৎপর্য সুন্দরভাবে রূপায়িত হয়েছে। একুশের চেতনাকে জাতীয় জীবনে ধরে রাখতে হবে, সেই সঙ্গে অতীতে যাঁরা এ দেশের জন্য আত্মত্যাগ করেছেন, তাঁদের মহান ত্যাগকে গভীরভাবে অনুধাবন করতে হবে। একুশে আমাদের অহংকার, বিশ্বের মানচিত্রে আমাদের আত্মপরিচয়কে স্বগর্বে উন্নীত করেছে মহান এই দিবসটি।