বাংলা ১ম পত্র
রূপকথার সেই আশ্চর্য প্রদীপপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘রূপকথার সেই আশ্চর্য প্রদীপ’ প্রবন্ধ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশ আলোচনা করব। ঘ. সভ্যতার সার্বিক বিকাশে বিদ্যুৎশক্তির অবদান কতটুকু, তা তোমার পঠিত প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো।উত্তর: ঘ. বিচিত্র প্রতিভার অধিকারী ও বিশিষ্ট প্রাবন্ধিক সুব্রত বড়ুয়া রচিত গ্রন্থ বিজ্ঞানের ইতিকথা: সন্ধানী মানুষ থেকে সংকলিত হয়েছে ‘রূপকথার সেই আশ্চর্য প্রদীপ’ প্রবন্ধটি।বর্তমান বিশ্বের বৈপ্লবিক পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় শক্তি জুগিয়েছে বিদ্যুৎ। বিদ্যুৎ মানুষকে দিয়েছে অভাবনীয় সাফল্য। বিদ্যুৎ ছাড়া আধুনিক সভ্যতা অচল। বিদ্যুতের এই বিস্ময়কর ক্ষমতা কাজে লাগানোর সাধনায় মানুষকে খাটতে হয়েছে অনেক, অপেক্ষা করতে হয়েছে পরম ধৈর্য সহকারে। বারবার ব্যর্থতা আর নৈরাশ্য এসে পথ আগলে দাঁড়িয়েছে, তবুও থেমে থাকেনি মানুষের এই অবিরাম প্রচেষ্টা। অবশেষে জয়ী হয়েছে রন্টগেন, উইলিয়াম ক্রুকস, টমাস আলভা এডিসন প্রমুখ বিজ্ঞানী। এঁরাই সন্ধানী মানুষ। বিদ্যুৎ শুধু আলো জ্বালানোর মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি কাজ নির্বিঘ্নে করার সুযোগ করে দিচ্ছে এই বিদ্যুৎ। বিদ্যুৎ পৃথিবীকে যেমন করেছে আলোকোজ্জ্বল, সেই সঙ্গে পৃথিবীর মানুষকে দিয়েছে বিকশিত হওয়ার সুযোগ। এ যেন মানবসভ্যতার এক বিরাট সুযোগ্য অবদান। আধুনিক বিশ্বের সব কর্মকাণ্ড আজ সবচেয়ে বেশি নির্ভরশীল এই জাদুকরী শক্তির ওপর। একদিন বিদ্যুতের সরবরাহ বন্ধ থাকলেই আমাদের স্বাভাবিক জীবনযাত্রা যেন অচল হওয়ার উপক্রম হয়। টমাস আলভা এডিসন প্রথম ফিলামেন্ট দ্বারা তৈরি বাতির সংস্কার করেন। তারপর নানা পরীক্ষা-নিরীক্ষার পর প্লাটিনামের ফিলামেন্ট ব্যবহার করে এডিসন আশ্চর্য সাফল্য পেলেন। এরপর থেকেই আলোর পথে মানুষের অভিযাত্রার সর্বশেষ ও সুদৃঢ় পদক্ষেপ পড়ল। এডিসনের পর ড. ডব্লিউ আর হুইটনি বিদ্যুৎ বাতির উন্নয়নের জন্য গড়ে তোলেন বিরাট এক ল্যাবরেটরি। এরই ধারাবাহিকতায় ড. আরভিং ল্যাঙ্গ বাল্বে শূন্যতার বদলে চাপের ব্যবহার ঘটিয়ে উজ্জ্বল আলোর ব্যবস্থা করেন। এটি এখন ফ্লোরোসেন্ট বাতি বা টিউবলাইট নামে পরিচিত।আজকাল বিজ্ঞানীরা গবেষণা করে বিদ্যুৎ উৎপাদনের যেসব প্রকল্প বের করেছেন, সেখানে বহুলোকের কর্মসংস্থান হচ্ছে। এগুলোও বিদ্যুৎশক্তিরই অনুদান।