বাংলা ১ম পত্র
দুই মুসাফিরপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘দুই মুসাফির’ গল্প থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।সোনাদিয়া গ্রামের বিত্তশালী রাজিব চৌধুরী বিজয় দিবস উপলক্ষে সোনাদিয়া উচ্চবিদ্যালয় মাঠে ব্যান্ডপার্টি দিয়ে একটি অনুষ্ঠান করেন। অনুষ্ঠানের মধ্যেই দর্শক-শ্রোতা গ্রামের বাউল গায়ক করম শাহের গান শোনার দাবি জানায়। জনগণের চাপের মুখে পড়ে রাজিব চৌধুরী করম শাহকে দিয়ে বাউল গান শোনান। গ্রামের দর্শক-শ্রোতা করম শাহের গানে মাতোয়ারা হয়ে যায়। অনুষ্ঠান শেষে রাজিব চৌধুরী করম শাহকে দুই হাজার টাকা দিলে তিনি তা না নিয়ে তাকে বলেন, তার কাছে টাকার চেয়ে গানের মূল্য অনেক বেশি।ক. লালন ফকিরের জন্ম কোথায়?খ. ‘দুই মুসাফির’ গল্পে মুসাফির বলতে কী বোঝানো হয়েছে?গ. উদ্দীপকের করম শাহের চরিত্রে দুই মুসাফির গল্পে কার ছায়া লক্ষ করা যায়—নিরূপণ করো।ঘ. উদ্দীপকের রাজিব ও করম শাহ ‘দুই মুসাফির’ গল্পের দুই পথিকের প্রতিনিধি। উক্তিটি কতটুকু যথার্থ তা বিচার করো।উত্তর: ক. লালন ফকিরর জন্ম ঝিনাইদহ জেলার হরিণপুর গ্রামে। উত্তর: খ. মুসাফির অর্থ পরিভ্রমণকারী বা পথিক। শব্দটি দুই মুসাফির গল্পে রূপকার্থে ব্যবহূত হয়েছে। জোয়ার্দার ও লালন ফকির এ পৃথিবীতে দুই দিনের মুসাফির রূপে আসেন। কিন্তু মৃত্যুর বহুকাল পরও পরবর্তী প্রজন্ম মুসাফির লালনকে মনে রেখেছে। অন্যদিকে একসময়কার জমিদার মুসাফির জোয়ার্দারকে কেউ মনে রাখেনি। অর্থাৎ লালন ফকির কেবল মুসাফিরই নন, মানুষের মনে শিল্পীসত্তায় অমরত্ব লাভকারী আধ্যাত্মিক পুরুষ।উত্তর: গ. উদ্দীপকের করম শাহের চরিত্রে দুই মুসাফির গল্পের প্রথম মুসাফির তথা লালন ফকিরের ছায়া লক্ষ করা যায়। লালন ফকির ছিলেন একজন বাউলসংগীত সাধক। তিনি আধ্যাত্মিক চেতনালোকে গান রচনা করে সুর দিয়ে মানুষকে শুনিয়েছেন। সুর, সংগীত ও আধ্যাত্মিকতা শিল্পের বিষয়বস্তু। এগুলো সম্পত্তি নয়, সম্পদ। লালন পৃথিবীর বিষয়-বিত্ত-বৈভবের পিছে না ছুটে সুর-সংগীতের পিছে ছুটেছিলেন। সে জন্য তাঁর মৃত্যুর বহুকাল পরেও তিনি মানুষের মনে বেঁচে আছেন। কোনো মৃত্যু তাঁকে এ পৃথিবী থেকে বিচ্ছিন্ন করতে পারেনি। কেননা শিল্পের মৃত্যু নেই, মৃত্যু নেই শিল্পীসত্তারও। লালনের গান তাই এ মৃত্যুহীন প্রাণ। জীবন ও জগৎ সম্বন্ধে লালনের এই যে দৃষ্টিভঙ্গি, এটাই লক্ষ করা যায় উদ্দীপকের করম শাহ চরিত্রে। তিনিও বাউলসংগীত সাধক। তিনিও পার্থিব সম্পত্তির চেয়ে বাউল গানকে অনেক বেশি মূল্য দিয়েছেন বলেই রাজিব চৌধুরীর প্রদত্ত টাকা নেননি। রাজিব চৌধুরী বৈষয়িক ও বিত্তবান বলে বাউল গানকে অবহেলা করে শহরের ব্যান্ডপার্টি ভাড়া করেছেন। কিন্তু জনগণের মনে বাউল গানের যে চিরন্তন প্রভাব রয়েছে তা প্রমাণিত হয় করম শাহের গানের শ্রোতাদের মুগ্ধ হওয়ার মধ্য দিয়ে। তাই বলা যায়, করম শাহের চরিত্রে দুই মুসাফির গল্পের প্রথম মুসাফির তথা লালন ফকিরের ছায়া লক্ষ করা যায়। # পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল