বাংলা ১ম পত্র
নিমন্ত্রণপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ১ম পত্রের ‘নিমন্ত্রণ’ কবিতা থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশ আলোচনা করব।ঘ. উদ্দীপক এবং ‘নিমন্ত্রণ’ কবিতা অনুসরণে গ্রামের প্রকৃতি ও সৌন্দর্যের বর্ণনা দাও। উত্তর: ঘ. বিশিষ্ট কবি ও সাহিত্যিক আশরাফ সিদ্দিকী রচিত কাগজের নৌকা কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে ‘নিমন্ত্রণ’ কবিতাটি। কবি এখানে শহুরে বন্ধুকে গ্রাম্য প্রকৃতির প্রতি আকৃষ্ট করতে, গ্রামের নয়নাভিরাম ও মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা তুলে ধরে, তাকে গ্রামে আসার আমন্ত্রণ জানিয়েছেন। প্রকৃতির অশেষ দানে সমৃদ্ধ গ্রামবাংলা। এখানে পল্লি রাখালের মেঠোসুর, কৃষকের কোলাহল আর ফসলের সমারোহে আমোদিত হয় চারদিক। বৃক্ষরাজির সুশীতল ছায়া, ঝাউজাতীয় লতাগুল্মের মায়াময় বেষ্টনী, বট বৃক্ষের মৌন স্নিগ্ধতায় বাংলার পল্লি এক মনোরম রূপের আধিকারী হয়ে ওঠে। গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া শোভাময় নদ-নদী, খাল-বিল, দিঘি, হাওর-বাঁওড় আর পাখ-পাখালির কলরব যেন সৌন্দর্যলীলার শ্রেষ্ঠ নিদর্শন। দিনের শেষে অস্তগামী সূর্যের রক্তরাগ আভাটুকু ফুটে ওঠে প্রকৃতির অবয়বে। তখন প্রকৃতি সেজে ওঠে নতুন রূপে। সারা দিনের কর্মব্যস্ততা শেষে রাখাল বালক ধেনু চরিয়ে, বাঁশি বাজিয়ে ফিরে আসে নিজ আঙিনায়। পাখিরা নীড়ে ফিরে আসে। সাঁঝ আকাশে ফুটে ওঠে অসংখ্য তারকারাজি, যা কবিতাটিতে কবি তারার ফুল বলে অভিহিত করেছেন। বিলে ফুটে থাকা রক্তকমল, শাপলা-শালুকের অনন্য সমারোহ। সান্ধ্য সমীরণের মায়াময় স্পর্শে চতুর্দিকে বেজে ওঠে বিদায়ের রাগিণী। গ্রামের বিলের ধারের মাঠখান সারা দিন পাখ-পাখালির কলরবে মুখরিত থাকলেও সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই তা হয়ে ওঠে রূপকথার তেপান্তরের মাঠের মতোই কল্পময়। বর্ষাকালে পল্লির রূপটি হয় ভিন্ন। চারদিক পানিতে ভরপুর হয়ে ওঠে। অবিরাম বর্ষণে বন্ধ হয়ে যায় খেয়া পারাপার। গ্রামগুলোকে ভাসমান দ্বীপের মতো মনে হয়। গ্রামবাংলার এ চিরায়ত রূপ সৌন্দর্যগুলোই ফুটে উঠেছে নিমন্ত্রণ কবিতার প্রচ্ছদপটে—যা উদ্দীপকে বর্ণিত গ্রামবাংলার প্রকৃতির সঙ্গে মিলে যায়।