বাংলা ১ম পত্র
একটি তুলসী গাছের কাহিনীপ্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের বাংলা ১ম পত্রের একটি তুলসী গাছের কাহিনী থেকে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নোত্তর আলোচনা করা হলো। # উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও।লুণ্ঠিত মন্দির আর অগ্নিদগ্ধ বাস্তুভিটা থেকেএকটি বিবাগী স্বর সুধাংশুকে ছুঁলো /আখেরে তুমি কী চলে যাবে, সুধাংশু? বেলা শেষে সুধাংশু খুঁজে বেড়ায়/ভাঙা টিন, সিঁদুরের স্তব্ধ কৌটা।’ক) ‘একটু মৌলভি ধরনের মানুষ’— কে?খ) ‘ভাবছ কী অত? উপড়ে ফেলো বলছি।’ — এ কথা কেন বলা হয়েছে? ব্যাখ্যা করো।গ) উদ্দীপকের প্রথম দু চরণে ‘একটি তুলসী গাছের কাহিনী গল্পের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো। ঘ) উদ্দীপকটিতে ‘একটি তুলসী গাছের কাহিনী’ গল্পের মূল আর্তনাদ ফুটে উঠেছে—বিশ্লেষণ করো।উত্তর: ক. একটু মৌলভি ধরনের মানুষ—এনায়েত। উত্তর: খ. বাংলা সাহিত্যের অন্যতম পথিকৃৎ সৈয়দ ওয়ালী উল্লাহর ‘একটি তুলসী গাছের কাহিনী’ শীর্ষক গল্পের উল্লেখযোগ্য চরিত্র মোদাব্বের আলোচ্য উক্তিটি করেছিল। ১৯৪৭ সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত বিভক্ত হলে ভারতের কয়েকজন উদ্বাস্তু সর্বস্ব হারিয়ে ঢাকার একটি পরিত্যক্ত বাড়ি দখল করে। এ বাড়িতে বসবাসরত অবস্থায় মোদাব্বের একদিন সকালে দাঁত মাজতে মাজতে পায়চারী করার সময় রান্নাঘরের পেছনে একটি তুলসী গাছ আবিষ্কার করে। তুলসী গাছ হিন্দুদের পবিত্রতার প্রতীক। কিন্তু উগ্র সাম্প্রদায়িক মনোভাবাপন্ন অনুদার সংকীর্ণমনা মোদাব্বের এটি উপড়ে ফেলতে চাইল। তার ধারণা ছিল, হিন্দুদের শঠতা, নীচুতাও চাতুরতার জন্য ভারত বিভক্ত হয়েছে। এ মনোভাবের কারণেই রক্ষণশীল মোদাব্বের তুলসী গাছটি উপড়ে ফেলে ওই বাড়ি থেকে যাবতীয় হিন্দুয়ানী চিহ্ন মুছে ফেলতে চেয়েছিল। কিন্তু অন্যরা গাছটি উপড়ে ফেলতে দ্বিধান্বিত ছিল। উত্তর: গ. উদ্দীপকের প্রথম দু চরণে ‘একটি তুলসী গাছের কাহিনী’ গল্পের সাম্প্রদায়িক বিবাদেও অসাম্প্রদায়িকতা বেঁচে থাকার মানবতার বিজয়ের দিকটি ফুটে উঠেছে। সৈয়দ ওয়ালী উল্লাহ বাংলা সাহিত্যের এক অসামান্য কথাশিল্পী। তিনি কেবল সমাজ চেতনার স্থূল রূপকারই নন, সমাজসচেতন হয়েও তাঁর লক্ষ্য ছিল সর্বদা অন্তর্গত মানুষের চরিত্র চিত্রন। বেনিয়া ব্রিটিশ এ দেশের শাসনভার ছেড়ে যাওয়ার সময় সাম্প্রদায়িকতার ভিত্তিতে ভারতীয় উপমহাদেশকে বিভাজিত করে যায়। এ রাজনৈতিক পটে সমাজে তখন উদ্বাস্তু ও সাম্প্রদায়িক সমস্যা প্রকটতর হয়। ভারত থেকে দলে দলে মুসলমান এসেছে পূর্ববাংলায়, আর পূর্ববাংলার হিন্দুরা গেছে ভারতে। জন্মভূমি বাস্তুহারা এসব মুসলমান আর হিন্দুদের সম্পূর্ণ নতুন পরিবেশে একটুখানি মাথা গোঁজার ঠাই পাওয়ার প্রাণান্ত প্রয়াসই ছিল তৎকালীন অস্থির সমাজজীবনে বিপর্যস্ত মানুষের একমাত্র অভিপ্রায়। অর্পিত সম্পত্তির জবরদখল তাই সে সময়ের স্বাভাবিক ঘটনা। গল্পে মোদাব্বের, হাবিবুল্লাহ, মতিন, এনায়েত, মকসুদ প্রমুখ একদল উদ্বাস্তু মুসলমান। তারা মাথা গোঁজার জন্য অর্পিত এক বাড়িতে আশ্রয় নেয়। পরদিন সকালে মেছওয়াকরত অবস্থায় একটি বিবর্ণ তুলসী গাছ আবিষ্কার করে। সাম্প্রদায়িকতাবাদী মোদাব্বের হিন্দুয়ানীর চিহ্ন ধ্বংস করতে গাছটির মূলোৎপাটনে তৎপর হয়। কিন্তু ছেড়ে যাওয়া এ বাড়ির গৃহকর্ত্রীর ছল ছল চোখ আর শত আনন্দ-বিষাদেও তুলসীতলে প্রতি সন্ধ্যায় গৃহকর্ত্রীর সান্ধ্যপ্রদীপ জ্বালানো কল্পনা করে, প্রবল মমত্ববোধ আর ভালোবাসার জোরে সবার সম্মিলিত প্রচেষ্টায় তুলসী গাছটি বেঁচে যায়। সাম্প্রদায়িকতা আর অসাম্প্রদায়িকতার দ্বন্দ্বে মানবতারই জয় হয়। উদ্দীপকে সাম্প্রদায়িক দাঙ্গায় মন্দির লুণ্ঠিত হয়, লুণ্ঠিত হয় সংলগ্ন বাস্তুভিটাও। লুটপাটের পরে বাস্তুভিটা আগুনে জ্বালিয়ে দেয়। ধ্বংসযজ্ঞে ঘুরে বেড়ানো সুধাংশুর ভ্রম হয়।উত্তর: ঘ. ‘একটি তুলসী গাছের কাহিনী’ মূলত সাম্প্রদায়িকতার শিকার একদল মুসলমানের দুঃখ-দুর্দশা আর পূর্ব বাংলার অর্পিত এক হিন্দু বাড়ির একটি তুলসী গাছের মৃত্যুর কিনারেও শুধু মানুষের ভালোবাসার জোরে বেঁচে থাকার এক নির্মম কাহিনি। উদ্দীপকেও সাম্প্রদায়িকতার এক ভয়াবহ ধ্বংসযজ্ঞের কাহিনি কাব্যরূপ পেয়েছে। ধর্ম, বর্ণ বা গোত্রভেদে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার অপচেষ্টাই সাম্প্রদায়িকতা। ধর্মের ভিত্তিতে ৪৭-এ দেশ বিভাজনের পর ভারত ও পূর্ব বাংলার অনেকে বাস্তুহারা হয়। পরিবার-পরিজন নিয়ে প্রিয় জন্মভূমি ফেলে অজানা, অচেনা পূর্ব বাংলায় মোদাব্বের, মতিন, হাবিবুল্লাহ, এনায়েত, মকসুদ প্রমুখ একদল দুর্দশাগ্রস্ত উদ্বাস্তু মুসলমানের—‘মাথা গুঁজিবার এতটুকু ঠাঁই/খোঁজে ফিরি হায়! কোথা গেলে পাই।’কী নির্মম-নিষ্ঠুর। মানবাত্মার এ কী করুণ আর্তনাদ। বিনা নোটিশে সারা জীবনের সঞ্চয়ের শুধু ঘটি-বাটি-কম্বল সম্বল করে একটু আশ্রয়ের আশায় দ্বারে দ্বারে ঘোরা। এ শুধু সাম্প্রদায়িকতারই অভিশপ্ত ফল। উদ্দীপকে সাম্প্রদায়িক দাঙ্গায় মন্দির লুণ্ঠিত হয়, লুণ্ঠিত হয় সংলগ্ন বাস্তুভিটাও। লুটপাটের পরে বাস্তুভিটা আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। ধ্বংসযজ্ঞে ঘুরে বেড়ানো সুধাংশু ব্যবহার্য ভাঙা টিন, সিঁদুরের স্তব্দ কোটাসহ এটা-সেটা খুঁজে বেড়ায়। তার ভ্রম হয়, এ বাড়িরই কোনো বিবাগী যেন তাকে ছুঁলো আর করুণ সুরে হাহাকার করল।সুতরাং ‘একটি তুলসী গাছের কাহিনী’র সাম্প্রদায়িকতার নির্মম ধ্বংসযজ্ঞের মানবতার করুণ আর্তনাদের মূল সুরই মূলত উদ্দীপকটিতে ফুটে উঠেছে।