বাংলা ১ম পত্র
সৃজনশীল প্রশ্নোত্তর একুশের গল্প# তিন সন্তান ও স্বামী নিয়ে সিনথিয়ার সংসার। স্বামীর আয় দিয়েই তার সংসার চলে। এর মধ্যে দেশে যুদ্ধ শুরু হয়। দলে দলে লোক যুদ্ধে অংশ নেয়। স্বামী হিরুর যুদ্ধে অংশ নেওয়ার ইচ্ছা থাকলেও স্ত্রী-সন্তানদের মুখের দিকে চেয়ে যুদ্ধে অংশ নেওয়া থেকে বিরত থাকে। কিন্তু পরবর্তী সময়ে সিনথিয়া তার স্বামীকে যুদ্ধে যাওয়ার জন্য উৎসাহ দিয়ে বলে যে, ‘স্ত্রী-সন্তানের চেয়েও দেশ বড় এবং যেভাবেই হোক এ দেশকে স্বাধীন করতেই হবে।’প্রশ্ন: ক. ‘এ অবস্থায় কেউ কাউকে চিনতে পারে না’—কার সম্পর্কে বলা হয়েছে? প্রশ্ন: খ. ‘অনন্তকাল ধরে তপু কেমন পথে চলতে চেয়েছিল’—ব্যাখ্যা করো? প্রশ্ন: গ. উদ্দীপকের সিনথিয়া এবং একুশের গল্পের রেণুর পার্থক্য আলোচনা করো। প্রশ্ন: ঘ. ‘একুশের গল্পের রেণু নয়, উদ্দীপকের সিনথিয়ার মতো নারীদের উৎসাহেই এ দেশ স্বাধীন হয়েছে’—উক্তিটির যৌক্তিক বিশ্লেষণ করো। উত্তর: ক. ‘তপু’ সম্পর্কে এ কথাটি বলা হয়েছে।উত্তর: খ. অনন্তকাল ধরে তপু দূর গাঁয়ের আঁকাবাঁকা লালমাটির পথে চলতে চেয়েছিল। মেডিকেলে অধ্যয়নরত অবস্থায় তপুর জীবন ছিল যান্ত্রিক এবং সমসাময়িক সময়ে এ দেশ ছিল পরাধীন। পরাধীন দেশে কোনো সুখ ছিল না। ওই উক্তির মাধ্যমে যান্ত্রিক জীবন ও পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হলে যে অনুভূতি হয়, গাঁয়ের আঁকাবাঁকা লালমাটির পথে চলতে গেলে সে সুখ অনুভব করা যায়, এ জন্য তপু এ রকম পথে চলতে চেয়েছিল।উত্তর: গ. কথাশিল্পী জহির রায়হানের সার্থক ছোট গল্প ‘একুশের গল্প’-এর একমাত্র উল্লেখযোগ্য নারী চরিত্র রেণু স্বামীকে বাধা দেয় মিছিলে যেতে। অপরদিকে উদ্দীপকের সিনথিয়া তার স্বামীকে প্রেরণা জোগায় যুদ্ধে যেতে। এখানেই রেণু ও সিনথিয়ার মধ্যে পার্থক্য দেখা যায়। একুশের গল্পে রেণু মাতৃভাষার দাবিতে শহীদ হওয়া তপুর স্ত্রী। তপু কলেজে ভর্তি হওয়ার বছর খানেক পরে ভালোবেসে রেণুকে বিয়ে করে। প্রাণচঞ্চলতায় ভরপুর ও উদ্যমী তপু অকস্মাৎ একদিন তার হোস্টেলের সামনে সমুদ্র গভীর জনতার মিছিল লক্ষ করল। তপু মিছিলে যেতে রাজি হলে অশ্রুসিক্ত নয়নে পথ আগলে দাঁড়ায় রেণু। কিন্তু বিপ্লবী চেতনার ধাবমান স্রোতের মতোই তপু বিপ্লবী জনতার কাতারে শামিল হয়। অন্যদিকে স্বাধীনতার অগ্নিমন্ত্রে দীক্ষিত সিনথিয়ার চোখে স্বাধীনতার স্বপ্ন উদ্ভাসিত হয়। তার স্বামী সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি হওয়া সত্ত্বেও বিবেকের তাড়নায় স্বাধীন দেশ গড়ার লক্ষ্যে স্বামীকে যুদ্ধে পাঠাতে উদ্যত হয় সে।অতএব দেখা যাচ্ছে, ‘একুশের গল্প’-এর রেণুর সঙ্গে অনুচ্ছেদের সিনথিয়ার বিস্তর পার্থক্য বিদ্যমান। কেননা রেণু তার স্বামীকে সংসারের মায়াজালে আকৃষ্ট করতে চেয়েছে, আর সিনথিয়া তার স্বামীকে সংসারের গণ্ডিতে আবদ্ধ না রেখে দেশমাতার তরে নিয়োগ করতে চেয়েছে। মৃত্যুর ভয়ে ভীত রেণু তার স্বামীকে মিছিলে অংশগ্রহণ থেকে নিবৃত্ত থাকার জন্য মায়ের দোহাই পর্যন্ত দিয়েছে। কিন্তু স্বাধীনতার স্বপ্নে বিভোর সিনথিয়া তার স্বামীকে যুদ্ধে পাঠাতে বদ্ধপরিকর। একজন স্বামীর মৃত্যুর শঙ্কায় ভীত-সন্ত্রস্ত হয়ে তাকে মিছিলে যেতে বাধা দেয়, আর অন্যজন মৃত্যুভয়কে তুচ্ছ জ্ঞান করে দেশ মাতৃকার স্বাধীনতার লক্ষ্যে স্বামীকে সংগ্রামের পথ বেছে নিতে উদ্বুদ্ধ করে।উত্তর: ঘ. রেণুর মতো দুর্বলচিত্তের নারীরা নয় বরং উদ্দীপকের সিনথিয়ার মতো সাহসী নারীদের উৎসাহেই অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা।আত্মসচেতন জীবনযুদ্ধের সৈনিক কথাসাহিত্যিক জহির রায়হানের ‘একুশের গল্প’ নামক ছোট গল্পটি একুশের প্রত্যক্ষ চেতনা থেকে জাত। এ গল্পে রেণুর মাতৃভাষার তরে শহীদ হওয়া তপুর স্ত্রী। তপু ভাষা আন্দোলনের মিছিলে প্ল্যাকার্ড হাতে পথে নামলে রেণু এসে বাধা দেয়। অন্যদিকে সিনথিয়া তার স্বামীকে নতুন জয়ের স্বপ্ন ও সম্ভাবনায় প্রেরণা জোগায়। অপরিসীম মনোবলে বলীয়ান সিনথিয়া তার স্বামীকে সব বাধাবিঘ্ন অতিক্রম করে যুদ্ধে যেতে উৎসাহিত করে। এখানে উল্লেখ্য, বাঙালি জাতির স্বাধীনতার ইতিহাস দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের ইতিহাস। এ স্বাধীনতা ৩০ লাখ শহীদ আর দুই লাখ মা-বোনের সম্ভ্রমহানির ফসল।আর এ ফসল অর্জনে সিনথিয়ার মতো নারীরা অসামান্য অবদান রেখেছে। কেননা তারা পুরুষের হাতে অস্ত্র দিয়ে পাঠিয়েছে রণক্ষেত্রে। আর্ত-হাহাকারের পরিবর্তে স্বাধীনতার মর্মবাণী উচ্চারিত হয়েছে দৃঢ় কণ্ঠে। স্বাধীনতার স্বপ্নে বিভোর সিনথিয়ার মতো নারীদের চোখেমুখে দৃষ্ট হয় জ্বালাময়ী অগ্নিস্রোত। তারা বিপ্লবী অনুভূতিতে শোককে সংগ্রামে পরিণত করেছে। হানাদার বাহিনীর প্রতি ঘৃণায় আর সুদৃঢ় প্রত্যয়ে সিনথিয়ার মতো নারীরা ক্রোধে উত্তেজিত হয়েছে। তারা রেণুর মতো স্বামীর মৃত্যুভয়ে শঙ্কিত হয়নি। এভাবে মৃত্যুভয়ে ভীত-সন্ত্রস্ত রেণু নয়, সিনথিয়ার মতো মহীয়সী নারীদের উৎসাহেই এ দেশের স্বাধীনতা অর্জিত হয়।