বাংলা ১ম পত্র
পড়ে পাওয়া# নিচের অংশটুকু পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:রিকশাচালক আসগর আলীর রিকশা থেকে এক যাত্রী নামার সঙ্গে সঙ্গেই সে লক্ষ করল রিকশার পাদানিতে পড়ে থাকা একটা মানিব্যাগ। ব্যাগটি হাতে নিয়ে দেখল, ভেতরে অনেকগুলো ৫০০ টাকার নোট। হঠাৎ করে টাকাগুলো নিজের ভেবে সে আনন্দে আত্মহারা হয়ে উঠল। কিন্তু পরক্ষণেই তার মধ্যে একধরনের অপরাধবোধ জেগে ওঠাতে টাকাসহ ব্যাগটি মালিককে ফেরত দেওয়ার জন্য সে তৎপর হয়ে উঠল। প্রশ্ন: ক. ‘ইদিরভীষণ’ নামটি কার নামের বিকৃত রূপ? প্রশ্ন: খ. বিধু বড় হলে উকিল হবে, সবার মনে এ ধারণা জন্মানোর কারণ কী?প্রশ্ন: গ. আসগর আলী ‘পড়ে পাওয়া’ গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে এবং কেন—তা বুঝিয়ে লেখো। প্রশ্ন: ঘ. উদ্দীপকের বিষয়টুকু ছাড়াও ‘পড়ে পাওয়া’ গল্পে ফুটে উঠেছে অসহায় দরিদ্র মানুষের প্রতি সমবেদনা ও সহমর্মিতার চিত্র—কথাটি তোমার পঠিত গল্পের আলোকে মূল্যায়ন করো।উত্তর: ক. ‘পড়ে পাওয়া’ গল্পের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নামকে বিকৃত রূপে বলা হয়েছে বাবু ইদিরভীষণ। উত্তর: খ. ‘পড়ে পাওয়া’ গল্পটির কিশোরদের মধ্যে বিধু ছিল সবচেয়ে তীক্ষবুদ্ধিসম্পন্ন। সে ছিল দলের অধিনায়ক। সময়োপযোগী কাজ এবং কথা বলাতে বিধু ছিল সিদ্ধহস্ত। কালবৈশাখীর আগাম সংকেত শুনে বিধু ঠিকই বুঝে নিয়েছিল ঝড় আসবে। আর তাই সে সবাইকে নদীতে গোসল বন্ধ রেখে চাঁপাতলীর বাগানে যেতে বলেছে। আবার হারানো বাক্সটি ফেরত দেওয়ার কৌশলস্বরূপ কাগজে বাক্সটির বর্ণনা দিয়ে নদীর ধারের গাছে তা লাগিয়ে দেওয়ার বুদ্ধিটিও সে-ই করেছিল। অতঃপর বাক্সের মালিককে খুঁজে পেয়ে, তাকে বাক্সটি ফেরত দেওয়ার সময় বিধু লোকটির কাছ থেকে সবকিছু বুঝে পাওয়ার স্বীকৃতিস্বরূপ একটি দস্তখত রাখার বুদ্ধিও বের করেছিল। বিধুর এসব বুদ্ধিদীপ্ত কার্যকলাপ, সঠিক সিদ্ধান্ত আর সুযোগ্য নেতৃত্বের গুণাবলি থাকার কারণেই মূলত সবাই বলত, বিধু বড় হলে উকিল হবে। উত্তর: গ. আসগর আলী ‘পড়ে পাওয়া’ গল্পের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং তার বন্ধু বাদলের কিশোর বয়সের চারিত্রিক গুণাবলির প্রতিনিধিত্ব করে। আসগর আলী একজন গরিব রিকশাচালক অথচ তার অভাবগ্রস্ত জীবনে টাকা-পয়সার প্রয়োজন থাকা সত্ত্বেও এতগুলো টাকা হাতের মুঠোয় পেয়েও আপন নৈতিকতা এবং সততার কাছে সে নিজেকে ছোট করেনি। ক্ষণিকের জন্য টাকাগুলো নিজের করে পাওয়ার লোভ তার মধ্যে উঁকি দিলেও পরক্ষণেই তার মধ্যে অপরাধবোধ কাজ করাতে, সে নৈতিকতা সচেতন হয়ে উঠেছে এবং টাকাসহ ব্যাগটি মালিকের কাছে ফেরত দেওয়ার জন্য সে তৎপর হয়ে উঠেছে। ‘পড়ে পাওয়া’ গল্পটির মধ্যেও দেখা যায়, গল্পকথক লেখকও তার বন্ধু বাদল ঝড়ের রাতে কুড়ানো আমগুলো নিয়ে বাড়ি ফেরার পথে একটি বাক্স কুড়িয়ে পায়। টিনের এ বাক্স গ্রামের মানুষ সাধারণত টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র রাখার কাজে ব্যবহার করে। তাই বাক্সটি পেয়ে প্রথমে তারা আনন্দে আত্মহারা হয়ে ওঠে। কারণ বাক্সে থাকা মূল্যবান সম্পদ ও টাকা-পয়সার একচ্ছত্র অধিকারী হতে পারার আনন্দ তাদের কিশোর মনকে আন্দোলিত করে। অতঃপর তারা বাক্সটি ভাঙার মনস্থ করে। ঠিক এ মুহূর্তে তাদের মনের মধ্যে হঠাৎ পরিবর্তন আসে। তারা ভাবতে থাকে বাক্সটি ভাঙলে বাক্সের প্রকৃত মালিকের প্রতি অধর্ম করা হবে। কারণ যার বাক্স সে না জানি কত কষ্ট পাচ্ছে। হয়তো লোকটি গরিব। অতএব এমন অন্যায় কাজ করাটা মোটেই সমীচীন হবে না। এসব ভাবতে ভাবতে তাদের দুজনের মনেই একধরনের ধর্মবোধ জেগে উঠল। আর তখনই তারা বাক্সটিকে প্রকৃত মালিকের কাছে ফেরত দেওয়ার জন্য তৎপর হয়ে উঠল। এখানে উদ্দীপকের আসগর আলী এবং ‘পড়ে পাওয়া’ গল্পের লেখক ও তার বন্ধু বাদলের মধ্যে একই ধরনের মানসিকতা ফুটে উঠেছে। উভয়ের মধ্যেই প্রতিফলিত হয়েছে সততা, নৈতিকতা ও ধর্মবোধ।ঘ. মননশীল সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ‘পড়ে পাওয়া’ গল্পটিতে ফুটে উঠেছে কিশোরমনের নির্লোভ স্বচ্ছ চেতনা, নৈতিকতাবোধ, সূক্ষ্ম বিচার-বিবেচনা এবং সেই সঙ্গে অসহায় দরিদ্র নিম্নবিত্তের প্রতি সমবেদনা ও সহনশীলতা। এখানে একঝাঁক কিশোর কালবৈশাখীর রাতে আম কুড়িয়ে ফেরার পথে কুড়িয়ে পায় একটি টিনের বাক্স। প্রথমত, বাক্সটির মধ্যে মূল্যবান সম্পদ আছে ভেবে সেটিকে লুকিয়ে রাখার চিন্তা করলেও, পরক্ষণেই কাজটি অনৈতিক ভেবে বাক্সটিকে তারা মালিকের হাতে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং বাক্সের মালিককে খুঁজে পাওয়ার জন্য তখন তারা নানা উপায় বের করার চেষ্টা করতে থাকে। এর বেশ কিছুদিন পর লেখকের বাবার কাছে একদিন বন্যাকবলিত অম্বরপুরের এক কাপালি এসে হাজির হয়। বন্যায় তাদের ঘরবাড়ি, গরু-ছাগল, সহায়-সম্পদ বলতে যা ছিল সব ভেসে গেছে। নিরুপায় হয়ে দুমুঠো ভাতের সন্ধানে এই গাঁয়ে এসেছে চাকরির খোঁজে। লোকটির করুণ দুর্দশা শুনে লেখকের বাবা অত্যন্ত ব্যথিত হন। তিনি লোকটিকে সমাদরে বসতে দিয়ে খাবারের ব্যবস্থা করেন। এত বড় জমিদার হয়েও দরিদ্র প্রজার প্রতি এমন সহমর্মিতা ও সহনশীলতা অত্যন্ত মহত্ত্বের লক্ষণ। লোকটি বিনীতভাবে বারবার করজোড়ে জমিদারের এহেন সদাচরণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং আশীর্বাদ জানায়। অতঃপর লোকটি নির্ভয়ে তার গত বছরের ঘটে যাওয়া এক দুর্ভাগ্যের কাহিনি তুলে ধরে। গত জ্যৈষ্ঠ মাসে নির্বিষখোলার হাট থেকে পটোল বেচে বাড়ি ফেরার পথে সে কিছু টাকা ও মেয়ের বিয়ের গয়নাসহ একটি বাক্স হারিয়ে ফেলে। কথাটি কানে যেতেই লেখক লোকটির কাছে বাক্সটির রং জানতে চায়। লোকটি বাক্সের রং সবুজ বলার সঙ্গে সঙ্গে সে দৌড়ে বন্ধুদের খবর দেয় এবং উপযুক্ত প্রমাণাদিসাপেক্ষে বাক্সটি লোকটির হাতে তুলে দেয়। এ যেন স্বয়ং সৃষ্টিকর্তার আশীর্বাদ। আনন্দাশ্রুতে ভরে ওঠে দরিদ্র কাপালির চোখ। উপস্থিত সবাইকে সে ঠাকুর দেবতা বলে অভিহিত করে। এখানে উদ্দীপকে উল্লিখিত বিষয়টুকুর মধ্যে প্রকাশ পেয়েছে কিশোরমনের সততা, নৈতিকতা ও বিচক্ষণতা। কিন্তু ‘পড়ে পাওয়া’ গল্পে এসব গুণাবলি ছাড়াও ফুটে উঠেছে দরিদ্র অসহায় প্রজাসাধারণের প্রতি জমিদারের মহত্ত্ব, উদারতা, সহনশীলতা ও সহমর্মিতা। তাই বলা যায় উদ্দীপকের বিষয়টুকুই ‘পড়ে পাওয়া’ গল্পের সামগ্রিক বিষয়বস্তু নয়।