বাংলা ১ম পত্র
পাছে লোকে কিছু বলে # বিপ্লব দরিদ্র ঘরের সন্তান হলেও ওর মনে অনেক মহৎ চিন্তা। সে বড় হয়ে সমাজের কল্যাণে আত্মনিয়োগ করবে। দরিদ্র, নিঃস্ব, অসহায় মানুষের পাশে দাঁড়াবে। তবে মাঝেমধ্যে সমাজের কিছু আত্মকেন্দ্রিক মানুষের বিদ্রূপাত্মক দৃষ্টিভঙ্গি তার এই মহৎ চিন্তাকে বাধাগ্রস্ত করে। তবুুও বিপ্লব তার সংকল্পে অটল থাকতে চায়।প্রশ্ন: ক. ম্রিয়মাণ শব্দটির অর্থ কী?প্রশ্ন: খ. শক্তি মরে ভীতির কবলে—কথাটির তাৎপর্য লেখো। প্রশ্ন: গ. বিপ্লবের মানসিকতা কি ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার মূলভাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? এর সপক্ষে তোমার মতামত ব্যাখ্যা করো।প্রশ্ন: ঘ. সমাজের কিছু আত্মকেন্দ্রিক মানুষের বিদ্রূপাত্মক দৃষ্টিভঙ্গি বিপ্লবের মহৎ চিন্তাকে বাধাগ্রস্ত করে—কথাটি ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার আলোকে বিশ্লেষণ করো।উত্তর: ক. ম্রিয়মাণ শব্দের অর্থ কাতর বা বিষাদগ্রস্ত।উত্তর: খ. ভয়ভীতি সব সময় মানুষের মনকে দুর্বল ও সংকীর্ণ করে তোলে। মানুষ তার আপন প্রতিভা কিংবা ইচ্ছাকে ভয়ভীতির আড়ালে লুকিয়ে রাখে। ফলে নিজেকে বিকশিত করার মতো মনোবল সে হারিয়ে ফেলে। ভয় মানুষের অন্তরের বলকে ক্ষয় করে দেয়। ভয়াতুর মনে সব সময় দুর্বলতা এসে চেপে ধরে। তখন সে ম্রিয়মাণ হয়ে পড়ে ও মনের স্বতঃস্ফূর্ততা হারিয়ে ফেলে। এই ভয়কে দূর করতে হলে তাকে হতে হবে কঠোর প্রত্যয়ী। আত্মশক্তি অর্জনের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। সব ভয়ভীতি ও সমালোচনার ঊর্ধ্বে থেকে আপন কাজের প্রতি মনোনিবেশ করতে পারাটাই সুদৃঢ় মনোবলের পরিচয়। তাই ভয়কে প্রশ্রয় দিয়ে নয়, বরং নিজের কাজকেই সঠিক ভেবে মানবকল্যাণমূলক যেকোনো কাজে নিজেকে নিয়োজিত করা উচিত। কারণ, মনের মধ্যে ভয় পুষে রাখলে তা আত্মশক্তিকে নিস্তেজ ও নির্মল করে দেয়।উত্তর: গ. বিপ্লবের মানসিকতা ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার মূলভাবের সঙ্গে সাদৃশ্যপূর্ণ নয়।উদ্দীপকে বিপ্লবের মধ্যে লক্ষ করা যায় একটি আত্মপ্রত্যয়ী মনোভাব। সে বড় হয়ে সমাজের কল্যাণে, দেশ ও দশের সেবায় আত্মনিয়োগ করতে চায়। অসহায় ও গরিব-দুঃখীর পাশে দাঁড়াতে চায়। দরিদ্র ঘরের সন্তান হলেও বিপ্লবের মধ্যে এ মহৎ চিন্তাগুলো দানা বাঁধে। মাঝেমধ্যে পারিপার্শ্বিক প্রতিকূলতা এবং কিছু নেতিবাচক মানসিকতার অধিকারী ব্যক্তির সমালোচনা তার চিন্তায় ছেদ ঘটায়। তবুও বিপ্লব তাতে কুণ্ঠিত হয় না। সব প্রতিকূলতাকে উপেক্ষা করেও সে চায় নিজের মহৎ কাজের প্রতি দায়িত্ববান হতে। লোকনিন্দার ভয়ে সে পিছিয়ে আসে না। অথচ ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় কবি কামিনী রায় মানুষের মনের সংকীর্ণতাকে তুলে ধরেছেন। এখানে বলা হয়েছে দ্বিধা, সংকোচ, ভয়ভীতি মানুষের অন্তরের সুপ্ত ইচ্ছাগুলোকে প্রস্ফুটিত হতে দেয় না। মানুষ সদাসংশয়গ্রস্ত থাকে লোক নিন্দা ও সমালোচনার ভয়ে। ফলে তার হূদয়ের মহৎ চিন্তাগুলো নিমেষেই ধূলিসাৎ হয়ে যায়। সে সামনের দিকে অগ্রসর হতে পারে না। তার দ্বারা সমাজ এবং রাষ্ট্রের কোনো কল্যাণমূলক কাজ সাধিত হয় না। তাই উদ্দীপকে বিপ্লবের মনোভাবের মধ্যে যে স্থির সংকল্প এবং সুদৃঢ় মনোবলের পরিচয় পাওয়া যায়, তা কবিতার মূলভাবের সঙ্গে মোটেই সামঞ্জস্যপূর্ণ নয়।উত্তর: ঘ. বাস্তববাদী কবি কামিনী রায় রচিত ‘পাছে লোকে কিছু বলে’ কবিতাটিতে প্রকাশ পেয়েছে মানবমনের সংকীর্ণতা, দ্বিধা, ভয় আর অন্যের কথায় নিজের শুভবুদ্ধিকে অন্তরেই বিনষ্ট করার প্রবণতা, যা উদ্দীপকে উল্লিখিত সমাজের বিদ্রূপ ও সমালোচনাকারীদের দ্বারা প্রভাবিত মানবমনের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।অনেক সময় মানুষ কোনো ভালো কাজের প্রতি উৎসাহিত হলেও তা সম্পন্ন করার মানসিকতাকে ধরে রাখতে পারে না। নানা ধরনের সংশয় এবং লাজ-ভয় তার সুন্দর সংকল্পকে অঙ্কুরেই বিনষ্ট করে দেয়। অন্যের সমালোচনার ভয়ে সে সব সময় লোকচক্ষুর অন্তরালে নিজেকে আড়াল করে রাখতে চায়। সম্মুখের পদযাত্রাকে অব্যাহত রাখা তার পক্ষে সম্ভব হয় না। পথিমধ্যেই তার যাত্রার সমাপ্তি ঘটে। হূদয়ে কোনো শুভ কাজের আকাঙ্ক্ষা পোষণ করা সত্ত্বেও নিছক লোকনিন্দার ভয়ে তা সম্পন্ন করতে দ্বিধাগ্রস্ত হয়। সমাজের কিছু ব্যক্তি আছে, যারা সব সময় অন্যের কাজে সমালোচনা এবং ত্রুটি ধরার জন্য উন্মুখ হয়ে থাকে। আর সে ভয়ে দুর্বলচিত্তের মানুষগুলোও সব সময় তটস্থ থাকে। মানুষের এ সহজাত প্রবৃত্তিকে কবি জীবন চলার পথের প্রতিবন্ধকতা বলে মনে করেন। ভয়ভীতি ও সংকোচের ঊর্ধ্বে উঠে মানুষ মহৎ কোনো চিন্তার বাস্তবায়ন করতে সক্ষম হয় না। সৃষ্টিকর্তা মানুষকে যে বিশেষ ক্ষমতা প্রদান করেছেন, তার বলে মানুষের উচিত পরের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখা। অথচ মানুষ সদা ভীতির কবলে ম্রিয়মাণ থাকে। সমাজের কে, কী বলল, এই ভয়ে আড়ষ্ট থাকলে কোনো কাজে অবদান রাখা যায় না। তাই সব লোকলজ্জা ও সমালোচনাকে উপেক্ষা করে নিজের মহৎ কর্মের প্রতি দায়িত্বশীল হতে হবে। পাছে লোকে সব সময়ই কিছু বলবে। তাদের দ্বারা জগতের কোনো উপকার হবে না। অতএব, এসব সমালোচনাকারীর উদ্দেশ্যকে নিষ্ফল করার জন্য উদ্দীপকের বিপ্লবের মতো কঠোর প্রত্যয়ী হতে হবে। তাদের বিদ্রূপকে তোয়াক্কা না করে নিজের জীবন চলার পথকে নিঃসঙ্কোচে এগিয়ে নিতে হবে। পারিপার্শ্বিক প্রতিকূলতা সব সময়ই সুন্দর কাজে বিঘ্ন ঘটায়। অতএব সেটাকে ভ্রূক্ষেপ না করাই ভালো।