বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের লোকশিল্প  সৃজনশীল প্রশ্নোত্তর# নিচের উদ্দীপকটি পড়ো এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও।রাহাত সাহেব তাঁর এক বন্ধুর বিয়েতে গিয়ে দেখতে পেল, অনেকেই সেখানে নানা ধরনের উপহারসামগ্রী নিয়ে হাজির হয়েছে। তাঁর উপহারটি একটু ভিন্ন ধরনের। গ্রামবাংলার পল্লিবধূদের সুনিপুণ হাতে তৈরি নানা রঙের নকশা আঁকা তাঁর এই উপহারের মধ্যে লুকিয়ে আছে বাংলার ঐতিহ্য এবং বাঙালি নারীর অনন্ত জীবন জিজ্ঞাসা। তাই উপহারটি একটু সেকেলে মনে হলেও এর মধ্য দিয়ে বাংলার ঐতিহ্য ও শিল্পসত্তাকে সমুন্নত রাখতে পারাটাই রাহাত সাহেবের কাছে গর্বের বিষয় বলে মনে হলো।প্রশ্ন: ক. বাংলার কোন গ্রামীণ লোকশিল্পটি আজ বিলুপ্তপ্রায়? প্রশ্ন: খ. জামদানি শাড়ির বৈশিষ্ট্য কী? প্রশ্ন: গ. উদ্দীপকে রাহাত সাহেবের উপহারটির মধ্যে বাঙালি রমণীর যে জীবনজিজ্ঞাসা লুকিয়ে রয়েছে, তোমার পঠিত প্রবন্ধের আলোকে তার তাৎপর্য বর্ণনা করো। প্রশ্ন: ঘ. রাহাত সাহেবের মনোভাবটুকু প্রত্যেকেই যদি লালন করে, তাহলে বাংলার গৌরবময় লোকশিল্প এখনো বিশ্বের দরবারে সমাদৃত হবে—কথাটির গুরুত্ব বিশ্লেষণ করো।উত্তর: ক. বাংলার যে গ্রামীণ লোকশিল্পটি আজ বিলুপ্তপ্রায়, সেটি হলো নকশিকাঁথা।উত্তর: খ. বিশিষ্ট শিল্পী কামরুল হাসান বিরচিত ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধটিতে বাংলাদেশের লোকঐতিহ্যের বর্ণনা ও এর প্রতি গুরুত্বারোপ করা হয়েছে।বাংলাদেশের বিভিন্ন ধরনের লোকশিল্প তার স্বকীয় বৈশিষ্ট্যে অনন্য। জামদানি শাড়ি তার মধ্যে উল্লেখযোগ্য। সেকালের বিশ্ববিখ্যাত মসলিন কাপড় তৈরির কারিগরদের বংশধরেরাই এই জামদানি শাড়ি তৈরি করছে। ঢাকার অদূরে শীতলক্ষ্যা নদীর পানির বাষ্প থেকে সৃষ্ট আর্দ্রতার ফলে জামদানি শাড়ি বুননের বিশেষ সুবিধা পাওয়া যায়। জামদানি শাড়ির অপূর্ব বাহারি ডিজাইনের সমাদর শুধু দেশে নয়, বিদেশেও আছে। এর সূক্ষ্ম, সুনিপুণ সৌন্দর্যে মুগ্ধ হয়ে বিদেশিরাও এ শাড়ির ভূয়সী প্রশংসা করেছেন।উত্তর: গ. উদ্দীপকে রাহাত সাহেবের উপহারটি ছিল এ দেশের একসময়ের নন্দিত লোকশিল্প নকশিকাঁথা। গ্রামবাংলার এই অন্যতম লোকঐতিহ্য নকশিকাঁথার সঙ্গে জড়িত এ দেশের পল্লিরমণীর সুখ-দুঃখ, আনন্দ-বেদনার সচিত্র প্রতিবেদন। দু-তিনটি পুরোনো কাপড় একসঙ্গে গেঁথে সবচেয়ে ওপরের কাপড়টিতে নকশা করে সাজানো হয় নানা বর্ণের প্রাকৃতিক চিত্র। বিচিত্র রং আর নকশা আঁকা এসব কাঁথার মধ্যে তাদের মনের মাধুরী মেশানো ভাষাগুলো সেলাইয়ের ফোঁড়ে ফোঁড়ে প্রাণবন্ত হয়ে ওঠে। এগুলো শুধু নানা বর্ণের কারুকাজ আর নকশার সমষ্টিমাত্র নয়, এর প্রতিটি ফোঁড়ের মধ্যে লুকিয়ে আছে তাদের হাসিকান্না, সুখ-দুঃখ ও দৈনন্দিন জীবনের হাজারো অব্যক্ত কথা। এই অতুলনীয় লোকশিল্পটি আজ অনেকটাই তার কদর হারিয়েছে। অথচ অল্প শীতের শিহরিত আমেজে একটা নকশিকাঁথা গায়ে জড়ালে আজও খুঁজে পাওয়া যায় জীবনের ফেলে আসা আনন্দ-বেদনার সেই রক্তিম স্বপ্নময় স্মৃতি, যার আবেদন কখনোই বিনষ্ট হওয়ার নয়।উত্তর: ঘ. রাহাত সাহেব বিয়েবাড়িতে অন্যদের আনা চটকদার উপহারগুলোর সঙ্গে নিজের উপহারটি মিলিয়ে দেখে নিজের প্রতি সম্মানবোধটা আরও প্রবল হলো। কারণ তিনি ভেবে দেখলেন, বাঙালি হয়ে আমরা যদি বাংলার ঐতিহ্যকে লালন না করি, সমাদর না করি, তাহলে আমরা আপন সত্তাকে টিকিয়ে রাখতে পারব না। তাই এ দেশের লোকশিল্পের প্রতি গুরুত্বারোপ করেই তিনি ওই উপহারটি বেছে নিয়েছিলেন। উদ্দীপকের রাহাত সাহেবের মতো আমাদের সবারই উচিত বাংলার লোকশিল্পকে সংরক্ষণ ও এ শিল্পকে আরও প্রসারিত করার জন্য এগিয়ে আসা। লোকশিল্পের মাধ্যমে একদিকে যেমন মানুষের দৈনন্দিন চাহিদা মেটে, অন্যদিকে শিল্পী তার আপন প্রতিভা বিকাশের সুযোগ পায়। এ দেশের অসংখ্য বেকার যুবক-যুবতীর কর্মসংস্থান এবং দেশের অর্থনীতিকে চাঙা রাখার অন্যতম মাধ্যম হতে পারে এ লোকশিল্প। তাই সবাইকে দেশি পণ্য ব্যবহারে উৎসাহিত করা এবং দেশি পণ্যের প্রতি মানুষের রুচিবোধকে জাগ্রত করার ব্যাপারে ব্যক্তিগত উদ্যোগ এবং সেই সঙ্গে সরকারি পৃষ্ঠপোষকতা একান্ত জরুরি। দেশে-বিদেশে প্রচারের জন্য এই শিল্পের প্রদর্শনীর ব্যবস্থা করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এভাবে সবার সম্মিলিত প্রচেষ্টা আর মানসিকতার পরিবর্তন ঘটিয়ে আমরা লোকশিল্পকে যদি মূল্যায়ন করি, তাহলে অবশ্যই এ দেশের লোকশিল্পের কদর দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে পড়বে।