বাংলা ১ম পত্র
অতিথির স্মৃতি শিক্ষার্থীরা, বাংলা ১ম পত্রের ‘অতিথির স্মৃতি’ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেওয়া হলো।# নিচের উদ্দীপক পড়ে প্রশ্নের উত্তর দাও।শেরপুরের নাইমুদ্দিন প্রায় ১০ বছর ধরে তার পোষা হাতি কালা পাহাড়কে দিয়ে লাকড়ি টানা, চাষ করা, সার্কাস দেখানো ইত্যাদি কাজ করে আসছিল। কিন্তু এখন দারিদ্র্যের কারণে হাতির খোরাক জোগাড় করতে না পেরে সে কালা পাহাড়কে বিক্রি করে দিল। ক্রেতা কালা পাহাড়কে নিতে এসে ওর পায়ে বাঁধা রশি ধরে টানাটানি করে একচুলও নাড়াতে পারল না। কালা পাহাড়ের দুই চোখ বেয়ে টপটপ করে জল গড়িয়ে পড়ছে। পরের দিন খদ্দের আরও বেশি লোকজন সঙ্গে করে এসে কালা পাহাড়কে নিয়ে যাবে বলে চলে যায়। কিন্তু ভোরবেলা নাইমুদ্দিন দেখে, কালা পাহাড় মরে পড়ে আছে। হাউমাউ করে সে চিৎকার করে আর বলে, ‘ওরে আমার কালা পাহাড়, অভিমান করে তুই চলে গেলি।’ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কোন পদক লাভ করেন?খ. লেখক দেওঘর থেকে বিদায় নিতে নানা অজুহাতে দুই দিন দেরি করল কেন?গ. কালা পাহাড়ের আচরণে ‘অতিথির স্মৃতি’ গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে, তার বর্ণনা দাও।ঘ. উদ্দীপকের নাইমুদ্দিনের অনুভূতি আর ‘অতিথির স্মৃতি’ গল্পের লেখকের অনুভূতি একই ধারায় উৎসারিত বলে তুমি মনে করো কি? তোমার মতের পক্ষে যুক্তি দাও।উত্তর: ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ‘জগত্তারিণী পদক’ লাভ করেন।উত্তর: খ. লেখক অতিথির সঙ্গে অর্থাৎ কুকুরটির প্রতি ভালোবাসাস্বরূপ তার সময় কাটানোর জন্য নানা অজুহাতে দুই দিন দেরি করল। সুস্থ হওয়ার জন্যই লেখক দেওঘরে গিয়ে ছিলেন। নানা পরিবেশের ফাঁকে লেখকের সঙ্গে একটি কুকুরের সখ্য গড়ে ওঠে; কুকুরটিও বন্ধুসুলভ হয়ে ওঠে লেখকের কাছে। এই মমত্ববোধ ছেড়ে এক দিন লেখককে বিদায় নিতে হচ্ছিল। কিন্তু রোগের দোহাই দিয়ে লেখক কুকুরটির প্রতি গভীর অনুরাগ প্রকাশ করে। এ কারণে তিনি আরও দুই দিন সেখানে দেরি করলেন।উত্তর: গ. কালা পাহাড়ের আচরণের সঙ্গে ‘অতিথির স্মৃতি’ গল্পে মানুষের প্রতি পশুর ভালোবাসার স্বরূপ প্রকাশ পেয়েছে। উদ্দীপকের কালা পাহাড় একটি পশু, যার আচরণ মানুষের সঙ্গে সুগভীর সম্পর্ককে নির্দেশ করে। মালিকের প্রতি ভালোবাসাস্বরূপ এই পশুটি জীবনের শেষ সময় পর্যন্ত লড়াই করে গেছে তার মনিবের কাছে থাকার জন্য। দারিদ্র্যের শিকার মালিক নাইমুদ্দিন চাইলেও তাকে বিক্রির হাত থেকে বাঁচাতে পারেনি। কিন্তু কালা পাহাড় তা না মেনে অন্যের হাতে যাওয়ার আগেই মারা গেছে। এই আচরণ অতিথির স্মৃতি গল্পের কুকুরের সঙ্গে সম্পর্কিত।অতিথির স্মৃতি গল্পে দেখা যায়, লেখক দেওঘরে গিয়ে কুকুরের সঙ্গে যে সম্পর্কে জড়িয়ে পড়ে, তাতে উভয়ের মধ্যে তৈরি হয় এক গভীর ভাবের সম্মিলন। কুকুরটি লেখকের কাছাকাছি থাকতে ভালোবাসে, কিন্তু অন্য কাউকে দেখলে সে ভয়ে পালিয়ে যায়। দেওঘরে লেখকের সঙ্গে আত্মিকভাবে সম্পর্ক গড়ে ওঠে কুকুরটির। কিন্তু একদিন লেখকের চলে যাওয়ার ডাক আসে। তাই সব ফেলে লেখক গাড়িতে উঠলে কুকুরটি করুণ দৃষ্টিতে থাকে তাঁর দিকে। উদ্দীপকের কালা পাহাড়ও কুকুরটির মতো অসহায় ভালোবাসার নমুনা প্রকাশ করে। উভয় প্রাণীর মধ্যেই মানুষের প্রতি ভালোবাসার বিনম্র মমত্ববোধ প্রকাশ পেয়েছে।উত্তর: ঘ. উদ্দীপকের নাইমুদ্দিনের অনুভূতি আর অতিথির স্মৃতি গল্পের লেখকের অনুভূতি একই ধারায় উৎসারিত বলে আমি মনে করি। উদ্দীপকে নাইমুদ্দিনের মধ্যে আমরা পশুপ্রেম নিবিড়ভাবে লক্ষ করি। অতিদারিদ্র্যের জন্য সে তার পোষা কালা পাহাড় নামের হাতিকে বিক্রি করে দিলেও পোষা হাতি তার কাছ থেকে দূরে যায়নি। বরং শেষ পর্যন্ত হাতিটি মনিবের প্রতি ভালোবাসায় অভিমান করে মৃত্যুকে অনায়াসেই গ্রহণ করেছে। হাতির মৃত্যুর সঙ্গে সঙ্গে নাইমুদ্দিনের যে আত্মবিলাপ, তা যেন অতিথির স্মৃতি গল্পে লেখকের অতিথির হারানোর বেদনার প্রতিরূপ।অতিথির স্মৃতি গল্পের পটেও আমরা উদ্দীপকের নাইমুদ্দিনের মতো একধরনের গভীর বেদনাবোধ লক্ষ করি। কেননা, লেখক যখন দেওঘরে বায়ু পরিবর্তনের জন্য গিয়েছিলেন, তখন তার সঙ্গে একটি কুকুরের সখ্য গড়ে ওঠে। কুকুরটি যেন লেখকের কাছে আত্মীয় হয়ে ওঠে; তার প্রতি লেখকের ভালোবাসা যেন তীব্র হয়ে ওঠে। কিন্তু শেষ দিকে কুকুরটিকে একা ফেলে আসায় লেখকের মনেও উদ্দীপকের নাইমুদ্দিনের মতো বেদনাবোধ আমরা দেখতে পাই।পশুর প্রতি ভালোবাসা বা মমত্ববোধ মানুষের চিরকালের। উদ্দীপকের নাইমুদ্দিনের পোষা হাতি কালা পাহাড়কে হারিয়ে যে অনুশোচনা, তা লেখকেরই অনুশোচনার প্রতিরূপ। কেননা, নাইমুদ্দিন অভাবের তাড়নায় পালিত হাতি বিক্রি করলে শেষে সে তার মমতা বুঝতে পেরেছে এবং সে ব্যথিত হয়েছে। লেখকও অতিথির প্রতি যে ভালোবাসা বা মমত্ব দেখিয়েছেন, কিন্তু শেষে যখন তিনি চলে আসবেন বলে ভাবলেন, তখনই আমরা দেখি, অতিথির প্রতি তাঁর মনের মধ্যে এক অজানা মমতা। শেষে লেখকের চলে আসার মুহূর্তটি আমাদের নাইমুদ্দিনের মনের অবস্থার সঙ্গে মিলিয়ে দেয় লেখক ও সমগ্র গাল্পিক পরিবেশকে। তাই বলা যায়, উদ্দীপকের নাইমুদ্দিনের অনুভূতি আর অতিথির স্মৃতি গল্পের লেখকের অনুভূতি একই ধারাই উৎসারিত।