বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা নববর্ষ  প্রিয় শিক্ষার্থী আজ বাংলা ১ম পত্রের বাংলা নববর্ষ প্রবন্ধের ওপর একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।পয়লা বৈশাখের সকালে বাবার সঙ্গে বাইরে এসে ইমন দেখল, কিছু কিছু দোকান বর্ণিল সাজে সাজানো হয়েছে। সেখানে ধূপধুনা জানিয়ে গ্রাহকদের মিষ্টিমুখ করানো হচ্ছে। ইমন এসবের কারণ জানতে চাইলে বাবা তাকে অনুষ্ঠানটির মর্মার্থ এবং বর্তমানে অনুষ্ঠানটির জৌলুশ কমে যাওয়ার কারণ ব্যাখ্যা করল। ক) ‘বৈসাবি’ নামটির সূত্র লেখো। ১ খ) গ্রামবাংলার বার্ষিক মেলার গুরুত্বকে লেখক অসাধারণ মনে করেছেন কেন?২গ) উদ্দীপকে নববর্ষের আচরিত যে অনুষ্ঠানটির কথা বলা হয়েছে, তোমার পঠিত প্রবন্ধের আলোকে তা ব্যাখ্যা করো। ৩ ঘ) ‘উল্লিখিত অনুষ্ঠানটিই নববর্ষের মূল অনুষ্ঠান নয়’—কথাটি ‘বাংলা নববর্ষ’ প্রবন্ধের নিরিখে বিশ্লেষণ করো। ৪ উত্তর: ক. ‘বৈসাবি’ নামটির সূত্র হলো বৈসুব, সাংগ্রাই ও বিজু-এর প্রথম তিনটি বর্ণের সমাহার। উত্তর: খ. বাংলা নববর্ষের সবচেয়ে উৎসবমুখর আয়োজন হলো বৈশাখী মেলা। এটি মূলত সর্বজনীন লোকজ মেলা। দেশের বিভিন্ন স্থানে পয়লা বৈশাখে এ মেলার আয়োজন করা হয়। আগে সারা দেশের সঙ্গে যোগাযোগব্যবস্থা ততটা উন্নত ছিল না বিধায় মানুষের জীবনযাত্রা অনেকটা স্থবির হয়ে থাকত। তখন এসব আঞ্চলিক মেলা থেকেই মানুষ সারা বছরের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে রাখত। তা ছাড়া নানা সংবাদ আদান-প্রদান, নানা বিষয়ে মতবিনিময়ের আদর্শ স্থানও ছিল এই মেলা। বাৎসরিক বিনোদনের ক্ষেত্র হিসেবে সবাই এ মেলায় এসে অংশ নিতো। মেলায় থাকত কবিগান, কীর্তন, যাত্রা, গম্ভীরাগান, পুতুল নাচ, নাগরদোলাসহ নানা আনন্দ আয়োজন। মোট কথা এ মেলাকে কেন্দ্র করেই মানুষের স্থবির জীবনযাত্রা গতিশীল হয়ে উঠত। আর এ জন্যই গ্রামবাংলার বার্ষিক মেলার গুরুত্ব লেখকের কাছে অসাধারণরূপে প্রতিভাত হয়েছে। উত্তর: গ. উদ্দীপকে ইমনের দেখা অনুষ্ঠানটি হলো বাংলা নববর্ষের একটি উল্লেখযোগ্য আচরিত অনুষ্ঠান হালখাতা। এ অনুষ্ঠানটি বাঙালির জীবন ও সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এটি সর্বজনীন একটি অনুষ্ঠান। হালখাতা মূলত ব্যবসায়ীদের জন্য একটি বিশেষ আনন্দঘন দিন। কারণ, এর মধ্য দিয়ে তারা পুরাতন বছরের সমস্ত দেনা-পাওনার হিসাব মিলিয়ে নতুন বছরের জন্য নতুন খাতা তৈরি করে। তা ছাড়া বকেয়া উশুলের মাধ্যমে এ দিন তারা আর্থিকভাবেও বেশ লাভবান হয়। ব্যবসায়ীরা তাদের নিজ নিজ বিপণিবিতানগুলো ধুয়ে-মুছে পরিষ্কার করে, রঙিন কাগজ দিয়ে সাজায়, আগরবাতি জ্বালায়। আগেই তারা তাদের নিয়মিত গ্রাহক, পৃষ্ঠপোষক ও শুভার্থীদের দাওয়াত দেয় এবং ওই দিন সাধ্যানুসারে আপ্যায়ন করা হয়। একে অপরের সঙ্গে হাসি-ঠাট্টা ও গল্পকথার মাধ্যমে বকেয়া আদায় এবং উৎসবের আনন্দ দুটিই এ অনুষ্ঠানকে ঘিরে উপভোগ্য হয়ে ওঠে। তবে বর্তমানে মানুষের হাতে নগদ টাকা থাকায় বাকিতে কিনিবিকি কম হয় বলে এখন আর আগের মতো হালখাতা অনুষ্ঠানটি উদ্যাপিত হয় না। তবুও বাঙালির সংস্কৃতির সঙ্গে জড়িত এ অনুষ্ঠানটির ঐতিহ্য এখনো বিভিন্ন জায়গায় বেশ ঘটা করেই পালিত হয়। উদ্দীপকে ইমন তার বাবার সঙ্গে বাংলা নববর্ষের এ অনুষ্ঠানটিই উপভোগ করেছিল, যা ‘বাংলা নববর্ষ’ প্রবন্ধটির মধ্যে উল্লেখ করা হয়েছে। উত্তর: ঘ. প্রখ্যাত সাহিত্যিক শামসুজ্জামান খান রচিত ‘বাংলা নববর্ষ’ প্রবন্ধটিতে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম প্রতীক এবং সর্বজনীন লোক উৎসব বাংলা নববর্ষ উদ্যাপনের তাৎপর্য এবং অতীত ইতিহাসকে তুলে ধরা হয়েছে। বাংলা নববর্ষকে ঘিরে শুধু ‘হালখাতা’ অনুষ্ঠানই নয়, আরও কিছু অনুষ্ঠান আছে, যা নববর্ষের উপস্থিতিকে আরও বর্ণাঢ্য করে তোলে। একসময় নবাব এবং জমিদাররা চালু করেন পুণ্যাহ অনুষ্ঠান। পয়লা বৈশাখে নবাব বা জমিদারদের বাড়িতে প্রজারা আমন্ত্রিত হতেন। তাদের মিষ্টিমুখ করানো হতো, পান-সুপারির আয়োজন থাকত। এর মূল উদ্দেশ্য ছিল খাজনা আদায়। জমিদারি উঠে যাওয়ায় এ অনুষ্ঠান এখন লুপ্ত হয়ে গেছে। নববর্ষের সবচেয়ে উৎসবমুখর আয়োজন হলো বৈশাখী মেলা। স্থানীয় কৃষিজাত দ্রব্য, কারুপণ্য, লোকশিল্পজাত, কুটির শিল্পজাত, হস্ত এবং মৃৎশিল্পজাত সামগ্রীর সমাহার ঘটে এ মেলায়। শিশু-কিশোরদের খেলনা, সাজসজ্জার সামগ্রী, খাদ্যসামগ্রীসহ মেলায় নানা রকম গান-বাজনা, পুতুল নাচ, নাগরদোলা, সার্কাস ইত্যাদি চিত্তবিনোদনের ব্যবস্থাও রাখা হয়। অঞ্চল বিশেষে এসব মেলা মানুষের মিলনমেলায় পরিণত হতো। হালখাতাও নববর্ষের একটি উল্লেখযোগ্য অনুষ্ঠান, যার বর্ণনা উদ্দীপকে ফুটে উঠেছে। এসব অনুষ্ঠান ছাড়াও বহু আঞ্চলিক অনুষ্ঠান আছে, যা নববর্ষকে কেন্দ্র করে উদ্যাপিত হয়। যেমন—বলীখেলা, মোরগের লড়াই, হাডুডু, ষাঁড়ের লড়াই ইত্যাদি খেলা। এ ছাড়া চট্টগ্রামের উপজাতীয়দের ঐতিহ্যবাহী অনুষ্ঠান হলো বৈসাবি। নববর্ষের আর একটি আঞ্চলিক মাঙ্গলিক অনুষ্ঠান হলো আমানি। এভাবে বিভিন্ন গানবাজনা, লোক উৎসব আর উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত বাঙালির প্রধান জাতীয় উৎসব নববর্ষ এখন ছোট-বড়, ধনী-গরিব সবার কাছেই অত্যন্ত আকর্ষণীয় এক মিলনমেলা।