বাংলা ১ম পত্র
হাজার বছর ধরেপ্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের ‘হাজার বছর ধরে’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।# বাড়িতে কাজের লোকের অভাব দূর করতে আরিফ মোল্লা দুই বিয়ে করে। নিজে কোনো কাজ করে না। কিন্তু বউদের কাজের হিসাব সম্পর্কে একেবারে ঠিকঠাক। তাদের কাছ থেকে কাজ বুঝে নেওয়া চাই। মাঝেমধ্যে তাদের দিয়ে ধান ভানার পাশাপাশি রাতে জমিতে হাল চাষ করার কথাও সে ভাবে।ক. ‘হাজার বছর ধরে’ ঔপন্যাসিকের নাম কী?খ. মন্তুর জীবিকা নির্বাহ হতো কীভাবে?গ. ‘হাজার বছর ধরে’ উপন্যাসের আলোকে আরিফ মোল্লা ও মকবুল বুড়োর চরিত্রের তুলনামূলক আলোচনা করো।ঘ. রাতে স্ত্রীদের দিয়ে হাল চাষ করানোর চিন্তার মধ্যে তৎকালীন সমাজে নারীদের শোচনীয় অবস্থা বিশ্লেষণ করো।উত্তর: ক. হাজার বছর ধরে উপন্যাসের ঔপন্যাসিকের নাম জহির রায়হান।উত্তর: খ. মন্তু কৃষিকাজসহ নানা রকম কাজ করে জীবিকা নির্বাহ করত। জীবিকার তাগিদে মন্তু পরের জমিতে লাঙল চষে, ধান বুনে, পাকা ধান কেটে মালিকের গোলা ভর্তি করে। ধানের মৌসুম শেষ হলেই কলাই, মুগ, তিল, সরিষা খেতে কাজ করে এবং মাঝেমধ্যে বাড়ি বাড়ি লাকড়ি কেটে জীবিকা নির্বাহ করত। শেষ দিকে করিম শেখের সঙ্গে মন্তুকে নৌকা চালাতেও দেখা যায়।উত্তর: গ. বহুবিবাহ করার প্রবণতা ও স্ত্রীদের দিয়ে কাজ করানোর দিক থেকে আরিফ মোল্লা ও মকবুল বুড়োর মিল রয়েছে।উদ্দীপকের আরিফ মোল্লা একাধিক বিয়ে করেছেন। নারীদের ব্যবহার করেছেন, তাদের দিয়ে একের পর এক পুরুষের কাজ করিয়েছেন। এ চরিত্রের সঙ্গে উপন্যাসের মকবুল বুড়োর বিভিন্ন কর্মকাণ্ডের মিল রয়েছে। স্ত্রীকে দিয়ে কাজ করানোর প্রবণতা উভয় চরিত্রের মধ্যে বিদ্যমান।হাজার বছর ধরে উপন্যাসে মকবুল বুড়োর তিন বউ। সে তাদেরকে দিয়ে রাত জেগে ধান ভানায়, সংসারের সব ধরনের কাজ করায়। এমনকি মাঠে হাল চাষ করানোর চিন্তাভাবনাও সে করে। এভাবে উদ্দীপকেও আমরা দেখি, আরিফ মোল্লা তাঁর স্ত্রীদের ব্যবহার করছে। উভয় চরিত্রের মধ্যে প্রকাশ পেয়েছে নারী নির্যাতনের তথা লোভের আনুষ্ঠানিক প্রমাণ। জীবিকার স্বার্থে নারীর প্রতি অমানবিক আচরণ উভয় চরিত্রেই বিদ্যমান। উপেক্ষিত নারী সমাজ আজও মকবুল বুড়ো বা আরিফ মোল্লার দ্বারা পরিচালিত হচ্ছে, উপন্যাস ও উদ্দীপকে এ সত্যই উঠে এসেছে।উত্তর: ঘ. হাজার বছর ধরে উপন্যাসে জহির রায়হান তৎকালীন নারী সমাজের শোচনীয় অবস্থার কথা তুলে ধরেছেন। উদ্দীপকসহ মূল পাঠে আমরা একাধিক চরিত্র পাব, যেখানে নারী হয়ে যাঁরা নিগৃহীত, বঞ্চিত, শোষিত বা শাসিত হয়েছেন বিভিন্নভাবে।হাজার বছর ধরে উপন্যাসের মূল আবহই হলো পুরুষ পরিচালিত সমাজে নারীর নিগৃহীত হওয়ার দৃশ্য আমাদের চোখে আঙুল দিয়ে দেখানো। তৎকালীন সমাজে নারী ছিল ব্যবহারের বস্তু। পুরুষশাসিত সমাজব্যবস্থায় প্রায় প্রতিটি কাজেই নারীকে জবাবদিহি করতে হতো পুরুষের কাছে। উদ্দীপকেও এ চিত্র বিদ্যমান।উপন্যাসে দেখতে পাই, মকবুল বুড়োর তিন বউ। তারা সারা দিন সংসারের কাজ করেন, মাঠে খাটে। প্রায় সারা রাত তারা ধান ভানে। সকাল হলে নতুন কাজে হাত দেন তারা। তবুও মকবুল বুড়োর মন পাওয়া যায় না। সে ভাবে, খেতের কাজ যদি তাদের দিয়ে গরুর বদলে করানো যায়, তাহলে আরও লাভ হতো। উদ্দীপকেও দেখা যাচ্ছে, আরিফ মোল্লার উদ্দেশ্যও এক। সেও স্ত্রীলোক দিয়ে কাজ করিয়ে আলাদাভাবে লাভবান হতে চায়।স্ত্রীর প্রতি এই মনোভাব সমাজে নারীর প্রতি পুরুষের নিষ্ঠুর পরিহাস ছাড়া আর কিছুই নয়। অবমূল্যায়িত নারীরা তাই সারা জীবন পুরুষের কাছে নতজানু হতে বাধ্য হয়েছে। পুরুষেরা কখনো ভাবেনি, নারীও তাদের মতো একই রক্তধারার মানুষ, মেধা, মনন আর বুদ্ধিমত্তা সবই নারীর আছে। তাই তো আরিফ মোল্লা বাড়িতে কাজের লোকের অভাব দূর করতে দুই বিয়ে করে। অনেক কাজ করানোর পরও তাদের দিয়ে সে রাতে হালের কাজ করানোর কথা ভাবে। সমাজজীবনে এখনো অনেক পুরুষ রয়েছে, যারা নারীদের প্রাপ্য সম্মান দিতে পারে না। সমাজের এই স্তর আজও আমাদের সমাজে বিদ্যমান, যেখানে হাল চাষের মাধ্যমে তৎকালীন সমাজের সার্বিক দিক বিশ্লেষণ করলে পুরুষের কাছে নারীর এ দাসত্বের চিত্রই প্রতিফলিত হয়।